দুটি বিমান সংস্থার টিকিট বিক্রি না করার ঘোষণা আটাবের
আগামী ১ মার্চ থেকে মধ্যপ্রাচ্যভিত্তিক বিমান সংস্থা এমিরেটস ও ইত্তিহাদ এয়ারওয়েজকে বর্জন বা বয়কট করবে দেশের ট্রাভেল এজেন্টদের সমিতি অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। ওই দিন থেকে এজেন্সিগুলো এ দুটি বিমান সংস্থার টিকিট বিক্রি করবে না।শুধু তা-ই নয়, এ দুটি এয়ারলাইনসের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করতেও আটাবের সব সদস্য এজেন্সিকে বলা হয়েছে।বিমান সংস্থা দুটি ট্রাভেল এজেন্সির কমিশন বাতিলের ঘোষণা দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি দিয়েছে আটাব।রাজধানীর নয়াপল্টনে সমিতির কার্যালয়ে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলন করে আটাবের নেতারা এসব তথ্য জানান। নেতারা বলেন, এসব কর্মসূচির মাধ্যমে যদি কমিশন বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হয়, তাহলে এই এয়ারলাইনস দুটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, ১ মার্চ থেকে এমিরেটস ও ইত্তিহাদ এয়ারওয়েজ নন-কমিশন ভিত্তিতে বিমানের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। তবে ১৯৭৭ সালের দ্য বাংলাদেশ ট্রাভেল এজেন্সিস (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অর্ডিন্যান্সে ট্রাভেল এজেন্সিগুলো নির্দিষ্ট কমিশনের ভিত্তিতে কাজ করবে বলে উল্লেখ করা হয়েছে। এজেন্সিগুলো এত দিন ৭ শতাংশ হারে কমিশন পেত।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আটাবের সভাপতি এম এ মোহাইমিন সালেহ বলেন, সরকারি অধ্যাদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ দুটি এয়ারলাইনস ট্রাভেল এজেন্টদের কমিশন বাতিল করেছে। তাদের দেখাদেখি অন্য এয়ারলাইনগুলোও এমন সিদ্ধান্ত নিতে পারে। এটি করা হলে কমিশন হিসেবে প্রতিবছর এজেন্সিগুলো যে ৩৫০ কোটি টাকা আয় করত, এখন থেকে তা দেশের বাইরে চলে যাবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে মোট ট্রাভেল এজেন্সির (অনুমোদিত ও অনুমোদনহীন) সংখ্যা ছয় হাজার ৬৫০টি। বর্তমানে বছরে টিকিট বিক্রি থেকে মোট আয় হয় পাঁচ হাজার ৩৫০ টাকা। এই অর্থের ৭৮ শতাংশই যায় বিদেশি এয়ারলাইনগুলোর পকেটে।মোহাইমিন সালেহ বলেন, এ এয়ারলাইনগুলো একদিকে এজেন্সিগুলোকে কমিশন দেবে না, আবার বলছে যাত্রীদের কাছ থেকে সার্ভিস মাশুল আদায় করে তাদের দিতে। এর ফলেও একধরনের অস্থিরতা তৈরি হবে।বর্তমানে ট্রাভেল এজেন্সির লাইসেন্স নবায়ন হিসেবে বছরে ছয় হাজার ২৫০ টাকা এবং ট্রেড লাইসেন্স নবায়নের জন্য দুই হাজার টাকা করে রাজস্ব দেয় এজেন্সিগুলো।সমিতির নেতারা বলেন, শিপিং কোম্পানি কিংবা কার্গো এজেন্সির মাধ্যমে আমদানি-রপ্তানি পণ্যের ফ্রেইট ফরোয়ার্ডারদের কমিশন দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতিমালা রয়েছে। কিন্তু এয়ারলাইনস থেকে ট্রাভেল এজেন্টদের কমিশন দেওয়ার বিষয়ে কোনো নীতিমালা নেই।নেতারা আরও বলেন, বিদেশি এয়ারলাইনগুলোকে তদারকির আওতায় আনতে একটি নীতিমালা প্রণয়নের জন্য বিমান মন্ত্রণালয়ের কাছে দাবি জানানো হয়েছে। মন্ত্রণালয় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে।সংবাদ সম্মেলনে আটাবের মহাসচিব শেখ আবদুল্লাহ, কোষাধ্যক্ষ কুমার দেবাশীষ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।