দুটি বিমাপ্রতিষ্ঠানের কর্মকর্তাকে জরিমানা
বাকিতে ব্যবসা করায় দুটি বিমাপ্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপককে জরিমানা করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত রোববার এ-সংক্রান্ত শুনানি শেষে আইডিআরএ বিমা কোম্পানি দুটির শাখা ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করে।যাঁদের জরিমানা করা হয়েছে তাঁরা হলেন, নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চট্টগ্রামের কদমতলী শাখার ব্যবস্থাপক এস এম আহসানুল হক ও ক্রিস্টাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন।আইডিআরএ সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল আইডিআরএর একটি পরিদর্শক দল নর্দার্ন ইনস্যুরেন্সের কদমতলী শাখা পরিদর্শন করে। এ সময় প্রতিষ্ঠানটির ক্যাশমেমো (মানি রিসিট) ও ব্যাংকের স্টেটমেন্ট পরীক্ষা করে পূর্ণ বাকি ব্যবসার প্রমাণ পায় তারা।এ পরিপ্রেক্ষিতে গত রোববার আইডিআরএ কার্যালয়ে এ-সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় নর্দার্ন ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী জি এফ এম শওকত আলী ও শাখা ব্যবস্থাপক এস এম আহসানুল হক উপস্থিত ছিলেন। শুনানি শেষে কোম্পানির কদমতলী শাখার ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।আইডিআরএর আরেকটি পরিদর্শক দল ২৪ মার্চ ক্রিস্টাল ইনস্যুরেন্সের খাতুনগঞ্জ শাখা পরিদর্শন করে। এ সময় সংশ্লিষ্ট শাখার ক্যাশমেমো ও ব্যাংক স্টেটমেন্ট পরীক্ষা করে পূর্ণ বাকি ব্যবসার প্রমাণ পাওয়া যায়।এরই পরিপ্রেক্ষিতে রোববার আইডিআরএ কার্যালয়ে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে ওই প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী মো. আ. লতিফ মিঞা ও মোহাম্মদ মহিউদ্দিন উপস্থিত ছিলেন। শুনানি শেষে ক্রিস্টাল ইনস্যুরেন্সের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।শুনানির সময় আইডিআরএর সদস্য মো. ফজলুল করিম ও ছাঈদ আহমেদ খান উপস্থিত ছিলেন।