ঢাকা স্কুল অব ইকোনমিকসের পাঠদান-কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রথম অবস্থায় অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স ও পরিবেশ অর্থনীতি এই দুটি বিষয়ে এ স্কুলে পড়ানো হবে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের উদ্বোধন করেন। রাজধানীর ইস্কাটনে (৪/সি, ইস্কাটন গার্ডেন রোড) বাংলাদেশ অর্থনীতি সমিতি ভবনে স্কুল অব ইকোনমিকসের ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আশানুরূপ শিক্ষা হচ্ছে না। এর একটি বড় কারণ হচ্ছে সেসব প্রতিষ্ঠানে গবেষণার পরিমাণ কমে গেছে। তা ছাড়া গবেষণার জন্য বরাদ্দও কম।শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশে দক্ষ অর্থনীতিবিদদের সংকট রয়েছে। যে লক্ষ্যে এই স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে, আশা করি সে লক্ষ্য অর্জিত হবে। সরকার এই স্কুলকে প্রয়োজনীয় সব সহায়তা দেবে। তিনি বলেন, ‘প্রথমসারির অর্থনীতিবিদেরা এই স্কুল চালু করছেন। তাই এ থেকে আশা অনেক।’অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে স্কুল অব ইকোনমিকসে দুটি বিষয় চালু করা হলেও পর্যায়ক্রমে অন্যান্য বিষয়েও স্নাতকোত্তর কোর্স চালু করা হবে। অর্থনীতি ও পরিবেশ অর্থনীতি দুটি কোর্সেই শিক্ষার্থীর আসন সংখ্যা রাখা হয়েছে ২৫টি। স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের জন্য ইতিমধ্যে ১৭ জনকে নির্বাচন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি থেকে এ কোর্সের ক্লাস শুরু হবে। অন্যদিকে আজ বৃহস্পতিবার থেকে পরিবেশ অর্থনীতি বিষয়ে ভর্তি ফরম ছাড়া হবে।আরও জানানো হয়, স্কুল অব ইকোনমিকসে বাংলাদেশের আর্থসামাজিক চাহিদা অনুযায়ী এবং বিশ্বের বিকাশমান অর্থনীতিতে অবদান রাখার মতো তাত্ত্বিক, প্রায়োগিক ও গবেষণাভিত্তিক পাঠদান নিশ্চিত করা হবে।ঢাকা স্কুল অব ইকোনমিকসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থনীতি সমিতির সভাপতি ও স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য আবুল বারকাত, বিচারপতি তাফাজ্জল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, তৌফিক আহমদ চৌধুরী ও সাইদুর রহমান লস্কর এবং একাডেমিক কাউন্সিলের সদস্য ফেলো নারায়ণ চন্দ্র নাথ, এ কে এম শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।