দুটি মিউচুয়াল ফান্ড অবলুপ্তির নির্দেশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত এইমস ফার্স্ট গ্যারান্টেড ও গ্রামীণ ওয়ান স্কিম ওয়ান মিউচুয়াল ফান্ড দুটি অবলুপ্ত হতে যাচ্ছে। ১৪ দিনের মধ্যে এ দুটি ফান্ড বা তহবিলকে অবলুপ্তির নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত বৃহস্পতিবার তহবিল দুটির সার্বিক তদারকির দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টিকে এ নির্দেশনা দিয়েছে বিএসইসি।
এইমস ফার্স্ট গ্যারান্টেড মিউচুয়াল ফান্ডের ট্রাস্টির দায়িত্বে রয়েছে বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) ও গ্রামীণ ওয়ান স্কিম ওয়ানের ট্রাস্টি গ্রামীণ ফান্ড কর্তৃপক্ষ।
বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি থেকে অবলুপ্তি আদেশের ১৪ দিনের ক্ষণগণনা শুরু হয়েছে। বিএসইসির অবলুপ্তিসংক্রান্ত নির্দেশনার কথা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে ইউনিটধারীদেরও জানিয়ে দেওয়া হয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত ওই খবরে অবলুপ্তির সময়সীমার হিসাবকে বিবেচনায় নিলে এরই মধ্যে চার দিন অতিবাহিত হয়ে গেছে। অবলুপ্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য এখন হাতে রয়েছে ১০ দিন। এর আগে ফান্ড দুটি স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত করা হবে।
গত ডিসেম্বরে শেষ হওয়া তহবিল দুটির অনিরীক্ষিত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনের হিসাব অনুযায়ী, ফান্ড দুটির আওতায় বিক্রয়যোগ্য ১৬০ কোটি টাকারও বেশি শেয়ার রয়েছে। অবলুপ্তির আগে এসব শেয়ার বাজারে বিক্রি করে টাকা নগদায়ন করতে হবে। শেষ লেনদেনের পর যেসব ইউনিটধারীর হাতে ফান্ড দুটির ইউনিট থাকবে অবলুপ্তি কার্যক্রম শেষে তাঁরা আনুপাতিক হারে তার বিপরীতে অর্থ ফেরত পাবেন।
ফান্ড দুটির আওতায় থাকা শেয়ার বিক্রির কারণে যাতে সামগ্রিকভাবে বাজারের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে সে জন্য ফান্ড দুটির ট্রাস্টির সঙ্গে বৈঠক করে কিছু নির্দেশনা দিয়েছে বিএসইসি। গত বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। তহবিল দুটির ব্যবস্থাপনায় রয়েছে অ্যাসেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস বা সংক্ষেপে এইমস বাংলাদেশ।
অবলুপ্তির বিষয়ে জানতে চাইলে তহবিল দুটির ব্যবস্থাপক প্রতিষ্ঠান এইমসের ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সাঈদ প্রথম আলোকে বলেন, অবলুপ্তির বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনাসংক্রান্ত চিঠিটি গত বৃহস্পতিবার আমাদের হাতে এসেছে। এরপর গত কয়েক দিন সাপ্তাহিক ও একুশে ফেব্রুয়ারির ছুটি থাকায় আমরা অবলুপ্তির বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। আজ থেকে নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ দুটি ফান্ডের বাইরে আইসিবি প্রথম মিউচুয়াল ফান্ডটিও বাজার থেকে তালিকাচ্যুত এবং পরে সেটি বেমেয়াদি ফান্ডে রূপান্তর হবে।