দুটি মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত করেছে এসইসি
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বিধিমালা লঙ্ঘন করে লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার ঘোষণা করায় দুটি মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত করা হয়েছে।এসইসির নির্দেশে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান এবং গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান স্কিম টু নামের ফান্ড দুটির লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়। গতকাল লেনদেন শুরুর আগেই এসব ফান্ডের লেনদেন স্থগিত করা হয়।এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান জানান, ‘দুটি ফান্ডই মেয়াদি স্কিম। ফান্ড দুটির লভ্যাংশ ঘোষণার বিষয়টি আইনসংগত না হওয়ায় সেগুলোর লেনদেন স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।’জানা গেছে, গত বুধবার ফান্ড দুটির ট্রাস্টি বোর্ড এসইসিকে না জানিয়ে লভ্যাংশ হিসেবে বোনাস ও নগদ ঘোষণা করে। এ ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড ওয়ান লভ্যাংশ হিসেবে ২৫ শতাংশ নগদ ও ৫০ শতাংশ বোনাস এবং গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান স্কিম টু ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে।