দুটি রাইট ও একটি আইপিওর অনুমোদন
শেয়ারবাজারে আসছে সামিট গ্রুপের আরেকটি কোম্পানি সামিট পূর্বাঞ্চল পাওয়ার। এটিও বিদ্যুৎ খাতের একটি কোম্পানি। গতকাল মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় সামিট পূর্বাঞ্চলকে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে শেয়ার ছাড়ার অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে গতকালের সভায় তালিকাভুক্ত কোম্পানি তাল্লু স্পিনিং মিলস ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের রাইট শেয়ার ইস্যুরও অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এসইসি জানিয়েছে, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানিটি আইপিওর মাধ্যমে তিন কোটি শেয়ার বাজারে ছাড়বে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৩৫ টাকা প্রিমিয়াম যোগ করে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারিত হয়েছে ৪৫ টাকা। এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে প্রায় ১৩৫ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত টাকায় কোম্পানিটির প্রায় ১৩০ কোটি টাকার সমমূল্যের প্রেফারেন্স শেয়ার বিমোচন (রিডেমশন) করা হবে। কোম্পানি-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ২০১১ সাল শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে পাঁচ টাকা ১৮ পয়সায়। একই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দেখানো হয়েছে ২০ টাকা ৩৮ পয়সা।আইপিওর টাকা সংগ্রহ ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে কোম্পানিটি বাজারে তালিকাভুক্ত হলে এটি হবে সামিট গ্রুপের পঞ্চম কোম্পানি। বর্তমানে সামিট গ্রুপের আরও চারটি কোম্পানি বাজারে তালিকাভুক্ত রয়েছে। সেগুলো হলো: সামিট পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট, খুলনা পাওয়ার ও ওশান কনটেইনরস। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানি তাল্লু স্পিনিংয়ের বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে এসইসি। প্রতিটি রাইট শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। কোম্পানিটি নতুন করে চার কোটি ২৮ লাখেরও বেশি রাইট শেয়ার ইস্যু করে বাজার থেকে প্রায় ৪২ কোটি ৮০ লাখ টাকা সংগ্রহ করবে, যে টাকা ব্যাংক ঋণ পরিশোধ ও চলতি মূলধন হিসেবে কাজে লাগানো হবে বলে এসইসি জানিয়েছে। কোম্পানিটির রাইট শেয়ারের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে বেনকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।অপর তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ককে (আইএসএন) বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে এসইসি। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে নতুন করে ৯৯ লাখেরও বেশি রাইট শেয়ার বাজারে ছাড়বে। এর মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করা হবে প্রায় নয় কোটি ৯০ লাখ টাকারও বেশি। সংগৃহীত টাকা কোম্পানির নেটওয়ার্ক সম্প্রসারণ, নতুন প্রযুক্তির সংযোজনসহ ব্যবসায়িক কাজে ব্যয় করা হবে। কোম্পানিটির রাইট শেয়ারের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।