দুটি সঞ্চয়পত্রের মুনাফায় কর কর্তনে গ্রাহক হয়রানি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবার ও পেনশন সঞ্চয়পত্রের মুনাফা থেকে জোর করে উৎ সে পাঁচ শতাংশ হারে কর কর্তন করা হচ্ছে। এ নিয়ে গ্রাহকেরা বড় ধরনের হয়রানির শিকার হচ্ছেন। অথচ এ বছরের ৩০ জুন বা তার আগে কেনা এই দুই ধরনের সঞ্চয়পত্র পুরোপুরি করমুক্ত।জানা গেছে, সরকারি সংস্থাগুলোর গাফিলতি ও তাদের মধ্যে সমন্বয়হীনতার কারণে এই কর কর্তন চলছে। এ নিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গ্রাহকদের সঙ্গে জাতীয় সঞ্চয় পরিদপ্তরের ব্যুরো অফিসের, সংশ্লিষ্ট ব্যাংকের বা ডাকঘরের কর্মকর্তাদের প্রতিনিয়তই বিবাদ দেখা দিচ্ছে। গতকাল সোমবার সরেজমিনে পুরান ঢাকার গেন্ডারিয়া ও ঢাকা সদর প্রধান ডাকঘরে গিয়ে গ্রাহক হয়রানির এই চিত্র দেখা গেছে।উল্লেখ্য, চলতি ২০১১-১২ অর্থবছরে সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফা থেকে পাঁচ শতাংশ হারে উৎ সে কর কর্তনের বিধান করা হয়। নতুন এই করহার ২০১১ সালের ১ জুলাই থেকে প্রযোজ্য করা হয়। এর আগ পর্যন্ত পরিবার ও পেনশন সঞ্চয়পত্রের মুনাফা থেকে কোনো ধরনের কর কর্তনের বিধান নেই। বিষয়টি স্পষ্ট করতে গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক বৈঠকে ১ জুলাইয়ের আগে ক্রয় করা পেনশনার ও পরিবার সঞ্চয়পত্রের মুনাফার বিপরীতে কোনো ধরনের কর কর্তন না করার নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু জাতীয় সঞ্চয় পরিদপ্তর এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি করেনি। সরেজমিন: গেন্ডারিয়া ডাকঘরের সাব-পোস্টমাস্টার প্রথম আলোকে বলেন, ১০ জুলাই ঢাকা সদর প্রধান ডাকঘর থেকে তিন মাস অন্তর মুনাফা প্রদেয়, পরিবার ও পেনশন—এই তিন ধরনের সঞ্চয়পত্রের মুনাফার বিপরীতে পাঁচ শতাংশ হারে উৎ সে কর কর্তনের নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুসারেই তাঁরা কাজ করছেন। আর কর কর্তন না করার বিষয়ে সঞ্চয় পরিদপ্তরের কোনো নির্দেশনাও আসেনি বলে তিনি জানান। এই প্রতিবেদক থাকাকালীনই শিলা হোসেন নামের এক বিনিয়োগকারী ডাকঘরটিতে আসেন। তিনি গত নভেম্বরে এবং এ বছরের এপ্রিল মাসে পৃথক দুটি পরিবার সঞ্চয়পত্রে দুই লাখ টাকা বিনিয়োগ করেছেন। মুনাফা তুলতে এসে তিনি জানতে পারেন, তাঁর দুটি সঞ্চয়পত্রে মুনাফার ওপর পাঁচ শতাংশ করে মোট ১০ শতাংশ কেটে নেওয়া হবে। পরে তিনি মাসিক মুনাফা না তুলেই চলে যান। সদরঘাটের ঢাকা সদর প্রধান ডাকঘরে গিয়েও একই চিত্র পাওয়া যায়। মুনাফা তুলতে আসা শিউলী বেগম বলেন, ‘আমার পরিবার সঞ্চয়পত্রটি ১ জুলাইয়ের আগে কেনা হলেও কর কাটা হচ্ছে। প্রশ্ন করলে ডাকঘরের লোকজন কোনো সদুত্তর দিতে পারছেন না।’ ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল সঞ্জিত চন্দ্র পণ্ডিত প্রথম আলোকে বলেন, ‘১ জুলাইয়ের আগে কেনা পরিবার ও পেনশন সঞ্চয়পত্রের কর না কাটার সরকারি সিদ্ধান্তের বিষয়টি পত্রিকার মাধ্যমে জেনেছি। তবে কোনো সরকারি নির্দেশনা আমাদের কাছে এসে এখনো পৌঁছায়নি।’ অবশ্য সঞ্জিত চন্দ্র পণ্ডিত জানান, নতুন সিদ্ধান্তের দাপ্তরিক কাগজপত্র না এলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে আজ মঙ্গলবার থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। যোগাযোগ করা হলে জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক আবু তালহা গ্রাহক হয়রানির কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, আগের এসআরওতে (বিশেষ নির্দেশ) কোন বছরের সঞ্চয়পত্রের মুনাফা থেকে পাঁচ শতাংশ কর্তন করা হবে, সে বিষয়ে নির্দেশনা ছিল না বলেই এ সমস্যা দেখা দিয়েছে। দু-এক দিনের মধ্যে নতুন এসআরও জারি করা হলে এ সমস্যার সমাধান হবে বলে আশা করেন তিনি। যেসব গ্রাহকের মুনাফা কর্তন করা হয়েছে তা পরের মাসে সমন্বয় করা হবে বলেও তিনি জানান।গ্রাহকেরা আরও অভিযোগ করেন, যদি চলতি অর্থবছরে আরোপিত পাঁচ শতাংশ হারে উৎ সে কর গত বছর কেনা সঞ্চয়পত্রের জন্য প্রযোজ্য হয়, তাহলে তো নতুন হারে বর্ধিত মুনাফাও দেওয়া উচিত। কিন্তু সেটা তো দেওয়া হচ্ছে না।