দুটি সীমান্ত হাট চালুর প্রস্তুতি চূড়ান্ত
বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রস্তাবিত সীমান্ত হাটে কেনাবেচা এখন সময়ের ব্যাপার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশের যে যৌথ ঘোষণা গৃহীত হয়েছে, তার ৩২ থেকে ৩৮ অনুচ্ছেদে সীমান্ত হাট চালুর কথা বলা হয়েছে। কয়েক বছর ধরে কথা চললেও প্রধানমন্ত্রীর ভারত সফরের পরই তা চূড়ান্ত রূপ পায়।প্রাথমিক অবস্থায় এই হাটে বাংলাদেশি ও ভারতীয় পাঁচ ধরনের পণ্য কেনাবেচা হবে। এগুলো হচ্ছে স্থানীয় পর্যায়ে উৎপাদিত ফলমূল, শাকসবজি, মসলা; বনজ সম্পদ, কুটির শিল্প, কৃষিজাত যন্ত্রপাতি এবং তৈরি পোশাক। এসব পণ্য বেচাকেনা হবে শুল্কমুক্ত সুবিধার আওতায়।অপেক্ষায় তিনটি পরিপত্র: সীমান্ত হাটের পণ্যগুলোকে শুল্কমুক্ত সুবিধা দিতে শিগগির একটি পরিপত্র জারি করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।তবে এখনো একজন বাংলাদেশি বিক্রেতা সর্বোচ্চ কী পরিমাণ অর্থের পণ্য সীমান্ত হাটে নিয়ে যেতে পারবেন, তা নির্ধারণ করা হয়নি। হাটে একজন ক্রেতা সর্বোচ্চ ৫০ ডলারের পণ্য কিনতে পারবেন বলে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এটি বাস্তবায়ন করতে হলে ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিধিমালার কোনো কোনো শর্ত স্থগিত করতে হবে। জারি করতে হবে আরও একটি পরিপত্র।অন্যদিকে একজন বাংলাদেশি বিক্রেতা ও ক্রেতাকে পণ্য বেচাকেনায় সীমান্ত হাটের সুবিধাগুলো বা দায়মুক্তি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন আমদানি-রপ্তানি নিয়ন্ত্রণ বিধিমালার কিছু শর্তও স্থগিত রাখতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিভাগ ২ জানুয়ারি এক চিঠিতে অর্থ মন্ত্রণালয়কে এ পরিপত্র জারির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের ৫(১) ও ৫(৩) ধারা এবং একই আইনের ২৫ ধারাবলে নির্দেশনা জারি করতে পারে অর্থ মন্ত্রণালয়। এনবিআরসহ অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় বিষয়গুলো এখন বিশ্লেষণ করে দেখছে।হাটের বৈশিষ্ট্য: আপাতত সীমান্ত হাট চালু হচ্ছে দুটি। একটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউয়ারঘর ও ভারতের কালিয়া চরে। অন্যটি কুড়িগ্রাম জেলার বালিয়া বাড়ি ও ভারতের নলিকাতা সীমান্তে। সপ্তাহে এক দিন বসবে এই হাট। হাটের আয়তন ৭৫ বর্গমিটার। সীমান্তের দুই পাশের পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসকারী দুই দেশের নাগরিকেরা সীমান্ত হাটে পণ্য বেচাকেনা করতে পারবে। বাংলাদেশ ও ভারতের স্থানীয় মুদ্রায় বেচাকেনা হবে পণ্য। কারও কোনো ভিসা ও পাসপোর্ট লাগবে না।সীমান্ত হাটের ক্রেতা-বিক্রেতাদের অবশ্যই সীমান্ত থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাস করতে হবে। তাদের পণ্যও এই সীমার মধ্যে উৎপাদিত হতে হবে। বৈদেশিক মুদ্রা লেনদেনের জন্য ব্যাংক বা ব্যাংক বুথ কিংবা মানি চেঞ্জার স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংককে দায়িত্ব দেওয়া হয়েছে।সমঝোতা স্মারক সই: সীমান্ত দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারটেকিং-এমওইউ) স্বাক্ষরিত হয়েছে গত ২৩ অক্টোবর। তিন বছরের জন্য এই এমওইউ স্বাক্ষরিত হয় ভারতের রাজধানী নয়াদিল্লিতে। এতে সই করেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রুহুল আমিন সরকার এবং ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অরবিন্দ মেহতা।এদিকে গত ২ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এম এ এন ছিদ্দিকের সভাপতিত্বে সীমান্ত হাট ব্যবস্থাপনা ও পরিচালনা-সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, মোড অব অপারেশন অব বর্ডার হাটস এর অনুচ্ছেদ-১১ অনুযায়ী সীমান্ত হাটে বেচাকেনার জন্য পণ্যের ওপর শুল্কমুক্ত সুবিধার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এনবিআর। এর পর থেকেই মূলত সীমান্ত হাটের পণ্যের ওপর শুল্কমুক্ত সুবিধা দেওয়ার জন্য প্রস্তুতি চলতে থাকে কাস্টমস বিভাগে। এরই মধ্যে দুটি বৈঠকও করেছেন কাস্টমস বিভাগের কর্মকর্তারা। এসব বৈঠকে ট্যারিফ লাইনের পণ্যের তালিকা বিশ্লেষণ করে পাঁচ ধরনের পণ্য চূড়ান্ত করা হয়।কী কী পণ্য: সীমান্ত হাটে পাঁচ ধরনের ১৫ থেকে ২০টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা থাকবে। স্থানীয় পর্যায়ে শাকসবজি, ফলমূল ও মসলার পাশাপাশি কৃষিজ যন্ত্রপাতি যেমন-কোদাল, লাঙল, দা, বঁটি ইত্যাদি পণ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া কুটির শিল্পজাত পণ্য হিসেবে এই সুবিধা পাবে তৈজসপত্র, কাঠের টেবিল ও চেয়ার। আর তৈরি পোশাকের বেলায় লুঙ্গি, গামছা, তোয়ালেসহ অন্যান্য জামাকাপড় অন্তর্ভুক্ত করা হয়েছে। বনজ সম্পদের বেলায় বাঁশ ও বাঁশজাতীয় পণ্য এই সুবিধা পাবে।জানা গেছে, বাংলাদেশ থেকে যাবে মূলত চানাচুর, চিপস, আলু, তৈরি পোশাক, মাছ, শুঁটকি, মুরগি, ডিম, সাবান, শিম, সবজি, গামছা ও তোয়ালে, কাঠের টেবিল ও চেয়ার, গৃহস্থালি কাজে ব্যবহূত লোহার তৈরি পণ্য। আর ভারতীয়রা ওই হাটে নিয়ে আসবে ফল, সবজি, মসলা, মরিচ, হলুদ, পান, সুপারি, আলু, মধু, বাঁশ ইত্যাদি পণ্য।ব্যবস্থাপনা কমিটি: প্রতিটি সীমান্ত হাটের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। সুনামগঞ্জ ও কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে নিজ নিজ জেলায় এ কমিটি গঠনের কাজ চলছে। কমিটিতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কাস্টমস বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছেন। মোড অব অপারেশন অব বর্ডার হাটস-এর অনুচ্ছেদ-৮ অনুযায়ী, কেনাবেচা করতে গেলে উভয় দেশেরই ক্রেতা-বিক্রেতার পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। সীমান্ত হাটের নিকটবর্তী বাংলাদেশি ক্রেতা-বিক্রেতাদের জন্য পরিচয়পত্র দেওয়ার কাজ চলছে। ছবি সন্নিবেশিত পরিচয়পত্রের নমুনা অনুমোদন দিয়েছে সীমান্ত হাট ব্যবস্থাপনা ও পরিচালনা-সংক্রান্ত কমিটি। বাংলাদেশি ক্রেতা-বিক্রেতারা স্থানীয় জেলা প্রশাসন থেকে এই পরিচয়পত্র নেবেন।শুরুর কথা: ২০০৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ কার্য দলের ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে ভারত বাংলাদেশকে প্রথম সীমান্ত হাটের প্রস্তাব দেয়। বাংলাদেশ তখন এ বিষয়ে ভারতকে একটি ধারণাপত্র দিতে অনুরোধ জানায়। ভারত ধারণাপত্রটি পাঠায় গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৩ এপ্রিল। পরে এ ধারণাপত্রের ওপর পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এনবিআর এবং বাংলাদেশ ট্যারিফ কমিশনের মতামত চায় বাণিজ্য মন্ত্রণালয়।তবে তখন হাট স্থাপনে ‘নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আরও পরীক্ষার দরকার রয়েছে’ মন্তব্য করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়, এনবিআর এবং ট্যারিফ কমিশন ওই ধারণাপত্রের কিছু সংশোধন সাপেক্ষে সীমান্ত হাট স্থাপনের পক্ষেই মতামত দেয়।তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে (২০০৮ সালের ২৩ আগস্ট) এসব মতামত নিয়ে অনুষ্ঠিত হয় একটি আন্তমন্ত্রণালয় বৈঠক। সেই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পাল্টা ধারণাপত্র তৈরির দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে (বিএফটিআই)। আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের শুরুর দিক থেকেই বিষয়টি আবার আলোচনায় আসে।২০০৯ সালের জুলাইয়ে বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, বিএফটিআই এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধির সমন্বয়ে গঠিত একটি দল ভারতের মেঘালয় রাজ্যের বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন বালাট নামের এলাকা পরিদর্শন করে। এরপর বাংলাদেশ দল সীমান্ত হাটের সম্ভাব্যতা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে। এতে অবশ্য নিরাপত্তার বিষয়টিকে বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছিল।বক্তব্য: এনবিআরের সংশ্লিষ্ট এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত পাওয়ার পরই এসআরও জারি করা হবে। এনবিআর পুরো প্রস্তুতি নিয়ে রেখেছে। তিনি আরও জানান, সীমান্ত হাট মূলত গ্রাম্য হাটের মতো। এখানে উভয় দেশের বিক্রেতারা পাঁচ ধরনের পণ্য নিয়ে আসবেন। যেহেতু শুল্ক আরোপের কোনো বিষয় থাকবে না, তাই কাস্টমস কর্মকর্তারা মূলত শুল্কমুক্ত সুবিধার বাইরের কোনো পণ্য বেচাকেনা হচ্ছে কি না, তা নজরে রাখবেন।এর আগে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান প্রথম আলোকে বলেছিলেন, ‘ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার অংশ হিসেবে সীমান্ত হাট একটি পদক্ষেপ। দুই হাটের সাফল্য বিবেচনা করে পরে আরও হাট স্থাপন করা হবে।’