দুদক থেকে দিনে গড়ে তিনটি চিঠি আসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিহ্যাবের রজতজয়ন্তী উপলক্ষে গতকাল মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন (বাঁ থেকে চতুর্থ) l প্রথম আলো
রিহ্যাবের রজতজয়ন্তী উপলক্ষে গতকাল মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন (বাঁ থেকে চতুর্থ) l প্রথম আলো

আতঙ্ক তৈরি না করে দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টির জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ‘অন্যভাবে’ কাজ করতে আহ্বান জানিয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
দুদক থেকে প্রতিদিন গড়ে তিনটি করে চিঠি রিহ্যাব কার্যালয়ে আসে এমন তথ্য দিয়ে সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, ‘চিঠিতে অমুক ভদ্রলোকের নামে ফ্ল্যাট বা প্লট আছে কি না, জানতে চায় দুদক। তখন কিন্তু স্বাভাবিক কারণেই বাজারে একটা আতঙ্ক সৃষ্টি হয়। যাঁরা সৎ তাঁরাও আতঙ্কের কারণে ফ্ল্যাট কেনার সাহস করেন না।’
অবশ্য বক্তব্যের একপর্যায়ে সমাজের কেউই শতভাগ সৎ নন এমন মন্তব্যও করেন রিহ্যাব সভাপতি। তিনি বলেন, ‘এক শ পারসেন্ট সৎ বলে এই বাজারে কেউ আছে কি না, আমার জানা নেই। সম্ভব না। নাই। আমরা কিন্তু দুদককে সহযোগিতা করতে প্রস্তুত। সহযোগিতা করতে চাই।’ তিনি আরও বলেন, ‘যারা অবৈধভাবে উপার্জন করছে, যারা দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে দুদক তাদের ধরুক। আমাদের কোনো আপত্তি নাই। তবে ঢালাওভাবে চিঠিগুলো আসে এবং পরে দেখা যায় তাদের নামে কোনো সম্পত্তি নাই। অবশ্য আতঙ্ক ছড়ানোর কাজটি কিন্তু আগেই হয়ে যায়। সে জন্য আমরা চাই সবকিছু মাথায় রেখে দুদক কাজ করুক।’
রিহ্যাবের রজতজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন। রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাংসদ নূরুন্নবী চৌধুরী, সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, আবুল ফাত্তাহ মো. আহকাম উল্লাহ ইমাম খান, সরদার মো. আমিন, সোহেল রানা প্রমুখ।
লিখিত বক্তব্যে রিহ্যাব সভাপতি বলেন, ‘দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টির জন্য দুদককে অন্যভাবে কাজ করতে হবে। কেবল চিঠি দিয়ে সমাজে আতঙ্ক সৃষ্টি করলে দেশের টাকা বিদেশে যাবে এবং মানুষ টাকা লুকানোর কৌশল রপ্ত করবে। মূলত ডিজিটাল পদ্ধতি যত বেশি কার্যকর হবে, তত দুর্নীতি এমনিতেই কমে যাবে।’ তিনি বলেন, ‘দেশের টাকা দেশে বিনিয়োগ করার সুযোগ সৃষ্টির জন্য দুদকের কথিত চমক না দেখিয়ে দুদককে দুর্নীতিতে অর্থ অর্জনের পথগুলো বন্ধ করার কাজ করতে হবে। সরকারি অফিসের দুর্নীতি সম্পূর্ণ বন্ধ করতে হবে পদ্ধতি প্রয়োগ করে।’
পরে সাংবাদিকেরা প্রশ্ন করলে আলমগীর শামসুল আলামিন বলেন, ‘বৈধ উপায়ে অর্জিত অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগ করার সুযোগ আছে। তবে দুদকের কিছু প্রশ্নের জন্য এটি ব্যবহৃত হচ্ছে না। এ জন্য দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে।’
অপর প্রশ্নের জবাবে আলমগীর শামসুল আলামিন বলেন, ‘দুর্নীতি কমাতে হলে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে। আজকের যুগে এসব কিন্তু বিলাসিতা নয়।’ তিনি বলেন, সরকারের পদক্ষেপ নেওয়া দরকার, যাতে করে মানুষ তার মাথা গোঁজার ঠাঁই পায়। মানুষ যখন নিজেকে অনিরাপদ মনে করে, তখনই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৯১ সালে নয়জন সদস্য নিয়ে রিহ্যাব প্রতিষ্ঠিত হয়। পরের বছর ১১ জনকে নিয়ে হয় পূর্ণাঙ্গ কমিটি। বর্তমানে সংগঠনের সদস্যসংখ্যা ১ হাজার ১৩৮। গত ২৫ বছরে সারা দেশে ১ লাখ ৪৩ হাজার ফ্ল্যাট ও ৭০ হাজার প্লট সরবরাহ করেছে রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলো।
সংবাদ সম্মেলনে নিজেদের আগামী ২৫ বছরের স্বপ্নের কথা তুলে ধরে রিহ্যাব। এ বিষয়ে সহসভাপতি নূরুন্নবী চৌধুরী বলেন, ২৫ বছরের মধ্যে দেশের বড় শহরের ৯০ শতাংশ লোকই ফ্ল্যাট বাড়িতে থাকবে। তত দিনে অন্তত ১০ লাখ ফ্ল্যাট তৈরি করে সরবরাহ করবে রিহ্যাব। এর একটি বড় অংশ হবে ঢাকার পূর্বাচলে।
সংগঠনের ২৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে রিহ্যাব কিছু কর্মসূচি নিয়েছে বলে জানান আলমগীর শামসুল আলামিন। তিনি বলেন, কর্মসূচির মধ্যে থাকবে শোভাযাত্রা, বাউলগান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মতবিনিময় সভা, সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ, গুণীজন সংবর্ধনা ও স্মৃতিচারণা অনুষ্ঠান। তবে এসব কবে ও কোথায় অনুষ্ঠিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি।