দুধ উৎপাদনে ঋণ বাড়ানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করতে পুনঃ অর্থায়ন কর্মসূচির আওতায় ৫ শতাংশ রেয়াতি সুদে ঋণ প্রদান কার্যক্রম জোরদার করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবিতরণকৃত সব অর্থ গ্রাহক পর্যায়ে বিতরণ করতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবিতরণকৃত সব অর্থ গ্রাহক পর্যায়ে বিতরণ করতে হবে। এ ছাড়া ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে গ্রাহক পর্যায়ে ৩০ মাস মেয়াদে ঋণ বিতরণ করা যাবে। বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃ অর্থায়ন সুবিধাও ৩০ মাস মেয়াদে প্রযোজ্য হবে।

বেকার যুবকদের আত্মকর্মসংস্থান, পুষ্টির চাহিদা পূরণ, গুঁড়ো দুধ ও দুগ্ধজাত সামগ্রীর আমদানি নির্ভরতা হ্রাস, বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য ২০১৫ সালের ২ জুন ২০০ কোটি টাকার একটি তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং কয়েকটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এই তহবিলের অর্থ বিতরণ করা হচ্ছে।