দুধ নিয়ে বিপাকে খামারিরা

বিরোধী দলের টানা অবরোধের কারণে ঢাকায় তরল দুধ আনা সম্ভব হচ্ছে না। এর ফলে একদিকে রাজধানীতে খুচরা পর্যায়ে প্যাকেটজাত তরল দুধ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে পানির দামে দুধ বিক্রি করতে বাধ্য হচ্ছেন স্থানীয় দুগ্ধখামারিরা। পাস্তুরিত তরল দুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বলছে, দেশের উত্তরবঙ্গে সাধারণত দুগ্ধ উত্পাদন বেশি হয়ে থাকে। সেখান থেকে তরল দুধ এনে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় প্যাকেটজাত দুধ সরবরাহ করা হয়। টানা অবরোধের কারণে প্রধান দুগ্ধ উত্পাদন এলাকা হিসেবে পরিচিত সিরাজগঞ্জ, বগুড়া ও পাবনা থেকে তরল দুধ ঢাকায় আনতে পারছেন না তাঁরা। স্থানীয় সংরক্ষণকেন্দ্রগুলোও পূর্ণ থাকায় নতুন করেও দুধ কিনতে পারছেন না তাঁরা। দু-একটি প্রতিষ্ঠান ও মিষ্টির দোকানিরা কিনলেও পরিমাণ কম হওয়ায় দুধের দাম একেবারেই পড়ে গেছে।
স্থানীয় দুগ্ধ খামারিরা বলছেন, বাজারে দুধের দাম নেই। কোনো রকম দামে দুধ বিক্রি করতে বাধ্য হচ্ছেন তাঁরা। আবার টানা হরতাল-অবরোধের কারণে গো-খাদ্যের দামও বেশি। বেশি দামে খাবার কিনে দুধের দাম না পাওয়ায় গরু নিয়ে বিপাকে পড়েছেন অধিকাংশ খামারি।
অর্ধেক দামে বিক্রি হচ্ছে দুধ
সিরাজগঞ্জের রেশমবাড়ী দুগ্ধ খামারি মো. আবুদল মান্নান বলেন, অবরোধের কারণে উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলো দুধ কিনছে না। তাই অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে। আজ ওই এলাকায় প্রতি কেজি দুধ ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হয়। অন্য সময়ে প্রতি কেজি দুধ ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হতো বলে জানান তিনি।
একই এলাকার প্রাথমিক দুগ্ধ উত্পাদনকারী সমবায় সমিতির সভাপতি ও দুগ্ধচাষি মো. আবদুস সামাদ জানান, এই সমিতির সদস্যরা প্রতিদিন ১৫ হাজার লিটার দুধ উত্পাদন করেন। হরতাল-অবরোধের কারণে দাম না পাওয়ায় খামারিদের খরচও উঠছে না। অন্যদিকে গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে খামারিদের। একদিকে গো-খাদ্যের মূল্য বৃদ্ধি, অন্যদিকে দুধের মূল্য কম হওয়ায় খামারিদের লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে বলে জানান তিনি।
ঢাকায় পাওয়া যাচ্ছে না প্যাকেটজাত তরল দুধ

তরল দুধের সরবরাহ স্বাভাবিক না থাকায় রাজধানীতে প্যাকেটজাত দুধ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বেশ কয়েকজন দোকানি ও ক্রেতা। রাজধানীর দক্ষিণ বনশ্রীর বিসমিল্লাহ জেনারেল স্টোরের মালিক মো. আল মামুন প্রথম আলো ডটকমকে বলেন, বাজারে মিল্কভিটার সরবরাহ একেবারেই বন্ধ। প্রাণ ও আড়ংয়ের দুধও চাহিদামতো পাওয়া যাচ্ছে না। তাই অনেক ক্রেতা ফিরে যাচ্ছেন। খিলগাঁও বাজার ও মতিঝিলের এজিবি কলোনি বাজারের একাধিক দোকানিও একই তথ্য দেন।
মতিঝিলের এজিবি কলোনি বাজারে কথা হয় গৃহিণী শাহানাজ বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘বাসার জন্য তরল প্যাকেট দুধ কিনতে এসেছিলাম। কিন্তু না পাওয়ায় গুঁড়ো দুধ কিনেছি। প্যাকেটজাত তরল দুধের গাড়ি আসছে না বলে দোকানদাররা জানিয়েছে বলে জানান তিনি।
ঢাকায় আসছে না তরল দুধ
টানা অবরোধের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ঢাকার বাইরে থেকে, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে তরল দুধ ঢাকা আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে তরল দুধ উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে মিল্কভিটা দুধের প্রক্রিয়াজাতকরণ একেবারেই বন্ধ রেখেছে। তবে আড়ং ডেইরি অ্যান্ড মিল্ক ও প্রাণ ডেইরি সামান্য পরিমাণে উত্পাদন অব্যাহত রেখেছে বলে জানা যায়। আড়ং ডেইরি অ্যান্ড মিল্কের সিনিয়র এক্সিকিউটিভ মো. মেজবাহ উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, অবরোধের কারণে আড়ং ডেইরিতে ৩০ থেকে ৪০ শতাংশ উত্পাদন কমে গেছে। যেসব দোকান পুরোনো গ্রাহক, কেবল তাদের দুধ সরবরাহ করা হচ্ছে। তাও পরিমাণে কম। নতুন গ্রাহকদের দুধ দেওয়া হচ্ছে না বলে জানান তিনি। তিনি আরও জানান, অবরোধের কারণে ১০টির স্থলে মাত্র চার থেকে পাঁচ ট্যাংকার দুধ আসছে। তাই স্থানীয়ভাবে দাম কিছুটা কম বলেও জানান তিনি।
প্রাণ ডেইরির সহকারী প্রোডাকশন ব্যবস্থাপক মির্জা মো. মারুফ জানান, বাজারে চাহিদার মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ তাঁরা সরবরাহ করতে পারছেন।
অন্যদিকে মিল্কভিটার (বাংলাদেশ দুগ্ধ উত্পাদনকারী সমবায় সমিতি ইউনিয়ন লিমিটেড) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মুনির চৌধুরী বলেন, অবরোধ শুরু হওয়ার পর থেকে মিল্কভিটার দুধ উত্পাদন বন্ধ রয়েছে। আজ সন্ধ্যায় পুলিশি প্রহরায় কয়েকটি গাড়ি পাঠানো হবে। এগুলো ঢাকায় এলে বাজারে সরবরাহ শুরু হবে বলে জানান তিনি।
মুনির চৌধুরী আরও বলেন, মানবিক বিবেচনায় দুধের সরবরাহ অবরোধ বা হরতালের আওতামুক্ত রাখা উচিত। জাতিসংঘ কনভেনশন অনুযায়ী যুদ্ধের সময়ও খাদ্যদ্রব্য ও ওষুধপত্রের সরবরাহ নির্বিঘ্ন রাখা হয়। এটি মৌলিক মানবাধিকারও। তাই শিশুখাদ্য ও মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে দুগ্ধ সরবরাহ অবরোধের আওতামুক্ত রাখার আহ্বান জানান তিনি।
এ দিকে অবরোধের কারণে প্রতিদিন বিভিন্ন পর্যায়ে কেবল মিল্কভিটার এক কোটি পাঁচ লাখ টাকা আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলেও জানান তিনি।