দুবাই-চট্টগ্রাম পথে পণ্য পরিবহন চালু করবে এমিরেটস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালামাল পরিবহনে বাংলাদেশে স্কাইকার্গো কার্যক্রম জোরদার করছে এমিরেটস এয়ারলাইনস। এরই অংশ হিসেবে বিমান সংস্থাটি শিগগিরই দুবাই-চট্টগ্রাম-দুবাই পথে স্বতন্ত্র কার্গো-সেবা চালু করবে। রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমিরেটসের ভাইস প্রেসিডেন্ট (কমার্শিয়াল কার্গো) রবি শংকর মিরলে এসব তথ্য জানান। তিনি বলেন, এমিরেটস বর্তমানে দুবাই-চট্টগ্রাম-হংকং পথে কার্গো ফ্লাইট পরিচালনা করছে। অদূর ভবিষ্যতে মালবাহী বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সাহায্যে দুবাই-চট্টগ্রাম-দুবাই পথে সরাসরি নতুন কার্গো ফ্লাইট পরিচালনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে এমিরেটস স্কাইকার্গোর ব্যবস্থাপক নিহাল হেট্টিআরাচ্চি, বাংলাদেশ কার্যক্রমের কার্গো ব্যবস্থাপক শেখ ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।চট্টগ্রাম ছাড়াও এমিরেটস স্কাইকার্গো ঢাকা থেকে বর্তমানে সপ্তাহে চারটি কার্গো ফ্লাইট পরিচালনা করছে। এসব ফ্লাইট দুবাই হয়ে ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন গন্তব্যে মালামাল পরিবহনে সুবিধাজনক সংযোগ প্রদান করছে। বিশ্বের ১২টি গন্তব্যে এমিরেটসের স্বতন্ত্র কার্গো ফ্লাইট পরিচালিত হচ্ছে।