দুবাই-জেনেভা পথে উড়তে শুরু করেছে এমিরেটসের বিমান
এমিরেটস এয়ারলাইনসের বিমান দুটি আন্তর্জাতিক কেন্দ্র মধ্যপ্রাচ্যের দুবাই ও সুইজারল্যান্ডের জেনেভার মধ্যে উড়তে শুরু করেছে। ১৯৯২ সালে জুরিখে চলাচল শুরুর পর এটি হচ্ছে সুইজারল্যান্ডে এমিরেটসের দ্বিতীয় গন্তব্য। এর ফলে দুবাই থেকে সুইজারল্যান্ডে এখন এই বিমান সংস্থার দৈনিক ফ্লাইটসংখ্যা দুটিতে উন্নীত হলো।গত বুধবার এমিরেটসের দুবাই-জেনেভা পথের উদ্বোধনী ফ্লাইটে দুবাইয়ের বাইরের যাত্রী ছিলেন বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইথিওপিয়া, তাঞ্জানিয়া, কুয়েত, ইরান, মরিশাস প্রভৃতি দেশের নাগরিকেরা। এমিরেটস এয়ারলাইনসের প্রেসিডেন্ট টিম ক্লার্কসহ একটি ভিআইপি প্রতিনিধিদলও ছিল এই ফ্লাইটে।টিম ক্লার্ক বলেন, বিশ্বের অন্যতম বিমান চলাচল কেন্দ্র দুবাই এবং আন্তর্জাতিক ব্যবসায়-পর্যটন, বহু বৈশ্বিক সংস্থার অবস্থানস্থল ও আর্থিক-ব্যাংকিং কেন্দ্র জেনেভার মধ্যে সংযোগ স্থাপনের কথা বিবেচনা করে এমিরেটসের এই ফ্লাইট শুরু করা হয়েছে। বিজ্ঞপ্তি।