দুবাইয়ে সম্পত্তি ক্রয়ে ভারতীয়রা শীর্ষস্থানে
সংযুক্ত আরব আমিরাতের ধনাঢ্য রাজ্য দুবাইয়ের আবাসন-সম্পত্তি খাতে চলতি বছরের প্রথমার্ধে প্রবাসীরা মোট দুই হাজার ২০০ কোটি দিরহাম বা প্রায় ৬০০ কোটি ডলার বিনিয়োগ করেছেন।এই বিনিয়োগের ক্ষেত্রে শীর্ষে আছেন ভারতীয়রা। আলোচ্য সময়কালে ভারতীয় বিনিয়োগকারীরা দুবাইয়ের আবাসন খাতে প্রায় ৩৭২ কোটি দিরহাম (প্রায় ১০১ কোটি ডলার) বিনিয়োগ করেছেন। এর বিপরীতে তাঁরা মোট দুই হাজার ১৫৩টি সম্পত্তি কিনেছেন।এসব সম্পত্তির মধ্যে আছে আবাসিক ভবন, জমি, অ্যাপার্টমেন্ট ও ভিলা। আলোচ্য সময়কালে বিদেশি বিনিয়োগকারীরা মোট ১২ হাজার ৮৭৫টি সম্পত্তি কিনেছেন।দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ম্যানেজমেন্ট সেন্টার এসব তথ্য জানিয়েছে।এতে দেখা যায়, দুবাইয়ে সম্পত্তি ক্রয়ের জন্য বিনিয়োগে দ্বিতীয় স্থানে আছেন ব্রিটিশরা। তাঁরা ২৫৩ কোটি দিরহাম (প্রায় ৬৯ কোটি ডলার) বিনিয়োগ করে এক হাজার ৫৬৪টি সম্পত্তি ক্রয় করেছেন।তৃতীয় স্থানে আছে পাকিস্তান। পাকিস্তানিরা ১৭১ কোটি দিরহাম (প্রায় ৪৭ কোটি ডলার) বিনিয়োগে এক হাজার ৮১৪টি সম্পত্তি ক্রয় করেছেন।প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে এই বিনিয়োগে চতুর্থ ও পঞ্চম স্থান আছে যথাক্রমে ইরান ও রাশিয়া। ইরানিরা ১৫২ কোটি দিরহাম (৪১ কোটি ডলার) বিনিয়োগ করেছেন এক হাজার ৫৭টি বিষয়-সম্পত্তি ক্রয়ের জন্য। আর রুশদের বিনিয়োগ ১৪৪ কোটি দিরহাম (৩৯ কোটি ডলার)। এর বিপরীতে ৬৯৪টি সম্পত্তি ক্রয় করেছেন তাঁরা। পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, আলোচ্য সময়কালে সৌদিরা ৪১৬টি সম্পত্তি ক্রয় করেছেন ১০৬ কোটি দিরহাম (প্রায় ২৯ কোটি ডলার) বিনিয়োগের মাধ্যমে। আর কানাডীয়রা ৭৫ কোটি দিরহাম ( ২০ কোটি ডলার) বিনিয়োগ করে ৩২৯টি সম্পত্তি ক্রয় করেছেন। তালিকায় অষ্টম স্থানে আছেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা, যাঁরা ৬৯ কোটি ৪০ লাখ দিরহাম (প্রায় ১৯ কোটি ডলার) ব্যয়ে ৪১৫টি সম্পত্তি ক্রয় করেছেন। আর জর্দানিরা ২৬৮টি সম্পত্তি ক্রয় করেছেন ৪৬ কোটি দিরহাম (সাড়ে ১২ কোটি ডলার) বিনিয়োগে। সূত্র: ইকোনমিক টাইমস ও এমিরেটস টুয়েন্টিফোর বাই সেভেন।