দুবাইয়ে 'বিকাশ' সেবার ২৫ দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাত থেকে গত বছরের জুলাইয়ে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছিল ১৮ কোটি ডলার। আগস্টে আসে ২০ কোটি ডলার। তবে নভেম্বর ও ডিসেম্বর দুই মাসেই দেশটি থেকে আয় ১৫ কোটি ডলারের নিচে নেমে আসে। এভাবেই দেশটি থেকে ধারাবাহিকভাবে কমছে প্রবাসী আয়। এর কারণ হিসেবে মূলত দায়ী করা হচ্ছে প্রবাসী আয় আসার অবৈধ পথকে। মোবাইল ব্যাংকিং সেবা ‘বিকাশ’-এর মাধ্যমে রেমিট্যান্স আসছে ও বিতরণ হচ্ছে বলেও কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন প্রতিবেদনে বেরিয়ে আসে। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনসীমাও কমিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

এরই মধ্যে গত শনিবার সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ে অবৈধ পথে বাংলাদেশে অর্থ পাঠানোয় ২৫ দোকানকে জরিমানা করেছে দেশটির অর্থনৈতিক উন্নয়ন বিভাগ। এসব দোকান ‘বিকাশ’ নামে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে কম খরচে বাংলাদেশে টাকা পাঠানোর সুযোগ দিয়েছিল। ব্যবস্থাটি ছিল অবৈধ পথ। দুবাইয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব দোকানমালিককে জরিমানার পাশাপাশি অর্থ পাঠানোর কাজে ব্যবহার করা মোবাইল ফোনও জব্দ করা হয় বলে গালফ নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে। বাংলাদেশের ভেতরে মোবাইল ব্যাংকিং সেবা দিয়ে থাকে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ।

গালফ নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিকাশ’ ব্যবহার করে প্রবাসীদের অর্থ দেশে পাঠানোর অবৈধ ব্যবস্থা ঠেকাতেই দেশটির অর্থনৈতিক উন্নয়ন বিভাগ দুবাইয়ের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা দোকানগুলোতে অভিযান চালায়। এসব দোকানের কোনোটিরই সেখান থেকে অন্য দেশে অর্থ পাঠানোর অনুমোদন ছিল না। টাকা পাঠানো প্রবাসীদের কোনো রসিদও দেওয়া হতো না। কাগজের স্লিপে অর্থের পরিমাণ ও গ্রাহকের নাম-ঠিকানা বিস্তারিত লিখে ওই মোবাইল অ্যাপের মাধ্যমে ইলেকট্রনিকভাবে টাকা পাঠানো হতো। যেসব মোবাইল সেট থেকে টাকা পাঠানো হয়, সেগুলোতে বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করে ‘বিকাশ’ নামের ওই অ্যাপটি ইনস্টল করার পর আমিরাতে নেওয়া হয় বলে জানিয়েছে গালফ নিউজ।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিকাশের মুখপাত্র জাহিদুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের পরামর্শে বিকাশ আট দেশের রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছে। যারা বিকাশের নাম ও লোগো ব্যবহার করে অবৈধ ও অননুমোদিত ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এরপরই দুবাই সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। কুয়েত সরকারও এ বিষয়ে শ্রমিকদের সতর্ক করেছে। আমরা এসব উদ্যোগকে স্বাগত জানাই।’

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত থেকে ধারাবাহিকভাবেই কমছিল প্রবাসী আয়। ২০১৪-১৫ অর্থবছরে দেশটি থেকে আয় এসেছিল ২৮২ কোটি ডলার। তবে ২০১৫-১৬ অর্থবছরে তা কমে আসে ২৭১ কোটি ডলার। সব মিলিয়ে ২০১৬ সালে দেশে প্রবাসী আয় কমেছে ১১ শতাংশ।

অবৈধ পথে অর্থ পাঠানো ও বিতরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণের পর ১১ জানুয়ারি মোবাইল ব্যাংকিং সেবার সীমা কমিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি হিসেবে দিনে সর্বোচ্চ ১৫ হাজার টাকা ও মাসে সর্বোচ্চ ১ লাখ টাকা জমা দেওয়া যাবে। আগে একজন গ্রাহক তাঁর হিসাবে দৈনিক ৫ বার ও মাসে ২০ বার টাকা জমা দিতে পারতেন। এ ক্ষেত্রে প্রতিবার ২৫ হাজার টাকা ও মাসে দেড় লাখ টাকা জমা দেওয়ার সুযোগ ছিল। পাশাপাশি নগদ অর্থ উত্তোলনের সীমা কমিয়ে দেওয়া হয়েছে। নতুন নির্দেশনায় দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ও মাসে ৫০ হাজার টাকা উত্তোলনের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে দিনে সর্বোচ্চ ২ বারে ও মাসে ১০ বার অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি একটি হিসাবে অর্থ জমার ২৪ ঘণ্টার মধ্যে ৫ হাজার টাকার বেশি অর্থ উত্তোলন করা যাবে না বলে জানানো হয়েছে। আগে দিনে ২৫ হাজার টাকা ও মাসে দেড় লাখ টাকা অর্থ উত্তোলনের সুযোগ ছিল।