দুরবস্থায় বিডি অটোকার
দুরবস্থায় রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি আটোকার।প্রতিষ্ঠানটির থ্রি-হুইলার বেবিট্যাক্সি তৈরির কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।
প্রতিষ্ঠানটির সিএনজি কনভারসন কার্যক্রমও চোখে পড়ছে না।কেবল সিএনজি রিফুয়েলিংয়ের কার্যক্রম চালু রয়েছে।সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে।
আজ বুধবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, সম্প্রতি ডিএসইর একটি প্রতিনিধিদল বিডি আটোকারের কারখানা ও প্রধান কার্যালয় পরিদর্শনে যায়।এ সময় তাঁরা প্রতিষ্ঠানটির থ্রি-হুইলার বেবিট্যাক্সি তৈরির কার্যক্রম বন্ধ দেখতে পান।বিডি অটোকার তাদের জানায়, ২০০১-০২ সাল থেকে থ্রি হুইলার বেবিট্যাক্সি উত্পাদন বন্ধ রয়েছে।এ ছাড়া তাদের সিএনজি কনভারসন ইউনিটের যথেষ্ট কার্যক্রম নেই।প্রতিষ্ঠানটি কেবল সিএনজি রিফুয়েলিং ইউনিটের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়।
ডিএসই জানায়, বিডি অটোকারের চেয়ারম্যানের কাছ থেকে ভাড়া ভিত্তিতে কারখানা প্রাঙ্গণ ও প্রধান কার্যালয় ব্যবহার করা হচ্ছে।
ডিএসই সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় বিডি আটোকার।গতকাল সর্বশেষ প্রতিষ্ঠানের শেয়ারের দাম ছিল ৩১ দশমিক ৫০ টাকা।