দুর্ঘটনাকবলিত জাহাজ এখনো ভাসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমভি গ্লাডিস জাহাজ ষ ছবি: সংগৃহীত
এমভি গ্লাডিস জাহাজ ষ ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে বিকল হয়ে পড়া জাহাজে থাকা কনটেইনারভর্তি পোশাকশিল্পের কাঁচামাল ও বাণিজ্যিক পণ্য নিয়ে উৎকণ্ঠায় আছেন আমদানিকারকেরা। কারণ, কাঁচামাল না পেয়ে নির্ধারিত সময়ে তৈরি পোশাক প্রস্তুত করতে পারছে না ৮৪টি পোশাক কারখানা। আবার জাহাজটির ইঞ্জিন বিকল থাকায় শীতাতপ নিয়ন্ত্রিত কনটেইনারের পণ্যও পচে-গলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
মালয়েশিয়ার পোর্ট কেলাং বন্দর থেকে চট্টগ্রামে আসার পথে গত ৩০ জুলাই রাতে মিয়ানমার উপকূলের কাছে আন্দামান সাগরে ইঞ্জিন বিকল হয়ে পড়ে এমভি গ্লাডিস জাহাজের।
এই জাহাজের স্থানীয় প্রতিনিধি ট্রাইডেন্ট শিপিং লাইন লিমিটেডের উপমহাব্যবস্থাপক কাজী শহীদ মাহমুদ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, জাহাজটি টেনে আনার জন্য প্যাসিফিক রোভার নামে একটি উদ্ধারকারী জাহাজ দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মিয়ানমার নৌবাহিনীর অনুমতি পাওয়ার পরই এটি চট্টগ্রাম বন্দরে টেনে আনার প্রক্রিয়া শুরু হবে।
চট্টগ্রাম কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, এমভি গ্লাডিস জাহাজে ৮৪৯ কনটেইনারে (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) মোট ৩৩৮টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানি করা প্রায় ৫০০ কোটি টাকা মূল্যের পণ্য রয়েছে। এর মধ্যে ৩৬৮ কনটেইনারে আছে ৮৪টি পোশাকশিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল তুলা, কাপড়, সুতা ইত্যাদি। পোশাকশিল্পের যন্ত্রপাতি আছে ৪৩ কনটেইনারে। বাকি পণ্যের মধ্যে আছে রড তৈরির কারখানা, সিরামিক শিল্প, ওষুধশিল্প, রাসায়নিক শিল্পের কাঁচামাল। এ ছাড়া বাণিজ্যিক পণ্য, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) খাদ্যশস্যও রয়েছে জাহাজটিতে।
নির্ধারিত সময়ে কাঁচামাল না পাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে আছে পোশাকশিল্পের মালিকেরা। তাঁদের সংগঠন বিজিএমইএর বন্দর ও জাহাজীকরণ-সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, এত দিনের বিলম্ব কোনোভাবেই সামাল দিতে পারবে না পোশাক কারখানাগুলো। তাঁর মতে, কয়েক দিনের মধ্যে কাঁচামাল হাতে পেলেও পণ্য প্রস্তুত করে ক্রেতার হাতে পৌঁছাতে বিমানে পাঠানো ছাড়া কোনো বিকল্প নেই।
জাহাজটিতে চট্টগ্রামের বিএসআরএম গ্রুপের স্টিলের স্ক্র্যাপ রয়েছে ৩০ কনটেইনার। এই গ্রুপের নির্বাহী পরিচালক তপন সেনগুপ্ত বলেন, ‘শিল্পের কাঁচামালগুলো নির্ধারিত সময়ে কারখানায় আনা গেলে এত দিনে প্রস্তুত পণ্য উৎপাদন করা যেত। এখন কাঁচামাল পাওয়ার অপেক্ষায় আছি।’
উৎকণ্ঠায় আছেন বাণিজ্যিক পণ্যের আমদানিকারকেরাও। ঢাকার ডিএলএম ট্রেড ইন্টারন্যাশনালের পণ্য খালাসে নিয়োজিত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের প্রতিনিধি অরুণ পালিত বলেন, ‘পণ্য খালাসের জন্য আমদানিকারকের কাগজপত্র নিয়ে ঘুরছি। অথচ জাহাজ কখন ভিড়বে, তার নিশ্চয়তা পাচ্ছি না।’
কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, জাহাজটিতে গ্রামীণফোন, ইউনিলিভার, শেভরন বাংলাদেশ, আবুল খায়ের গ্রুপ, টিকে গ্রুপ, পিএইচপি গ্রুপ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বার্জার পেইন্টস, এলিট পেইন্টস, শাইনপুকুর সিরামিকস প্রভৃতি বড় শিল্পগোষ্ঠীর পণ্যও রয়েছে।