দুর্ঘটনায় ক্লিংকার নিয়ে বন্দরে আটকা পড়েছে জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দরের জলসীমায় আসার এক দিন পরই দুর্ঘটনায় পড়েছে সিমেন্ট ক্লিংকারবাহী প্রায় ১৯০ মিটার লম্বা একটি বড় জাহাজ। জাহাজটি একাংশে ফুটো হয়ে পতেঙ্গার অদূরে বে-টার্মিনালের চরে আটকে আছে।

বন্দর পর্ষদের সদস্য জাফর আলম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত জাহাজটির একাংশে ফুটো হয়ে পানি ঢুকেছে। এই দুর্ঘটনার কারণে বন্দরে জাহাজ চলাচলে সমস্যা হবে না। এরপরও জাহাজটি থেকে দ্রুত পণ্য খালাস করে উদ্ধারকাজ শুরু করার জন্য বন্দর থেকে জাহাজের মালিকপক্ষকে বলা হয়েছে।

বন্দর সূত্র জানায়, সিঙ্গাপুরের নিবন্ধিত ‘এমভি ওশেন ফনিক্স’ জাহাজটি ৪৫ হাজার টন সিমেন্ট ক্লিংকার নিয়ে গত শুক্রবার বন্দর জলসীমায় পৌঁছায়। গতকাল সকালে স্রোতের টানে জাহাজটির নোঙর মাটি আঁকড়ে ধরে রাখতে না পেরে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে এটি পানামার পতাকাবাহী ‘এমভি গ্রিন ফনিক্স’ জাহাজকে ধাক্কা দেয়। এতে উল্টো ওশেন ফনিক্স জাহাজের এক পাশ থেঁতলে ফুটো হয়ে যায়। এমভি গ্রিন ফনিক্স জাহাজটির নোঙর ছিঁড়ে সাগরে পড়ে যায়। এটিও সিমেন্ট ক্লিংকার পরিবহন করছিল।

তলা ফুটো হয়ে জাহাজটি বন্দরের বে-টার্মিনালের চরের কাছে আটকা পড়ে। এটির প্রপেলরের সঙ্গে নোঙর আটকে যাওয়ায় জাহাজটি চালানো যায়নি। জাহাজটির পানির নিচের অংশের গভীরতার দৈর্ঘ্য সাড়ে ১১ মিটার। দুর্ঘটনাস্থলে পানির গভীরতা এই গভীরতার চেয়ে এক থেকে দেড় মিটার বেশি। এ কারণে জাহাজটি ডুবে যায়নি।

জাহাজটির স্থানীয় প্রতিনিধি এটলাস শিপিং লাইনস লিমিটেডের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, জাহাজের ৫ নম্বর হ্যাচে (পণ্য রাখার স্থান) পানি ঢুকেছে। এতে ওই স্থানে থাকা ৯ হাজার ২০০ টন ক্লিংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ফুটোস্থান মেরামত করে পণ্য খালাস শুরু করা হবে। এরপর জাহাজটি পানিতে ভাসানো হবে।

এর আগে ২০১১ সালের এপ্রিলে বন্দরের বহির্নোঙরে ‘এমভি হ্যাং রো বং’ নামের একটি জাহাজ ৫০ কোটি টাকার চালসহ ডুবে যায়। ওই জাহাজটি এখনো পুরোপুরি উদ্ধার করা যায়নি। জাহাজটির বেশির ভাগ অংশই মাটির নিচে চলে গেছে।