দুর্দিনে পড়েছে রংপুরের বেনারসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের তালুক হাবু গ্রামের বেনারসি পল্লিতে এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে তাঁত, বেকার হয়ে পড়ছেন তা​ঁতি l ছবি: প্রথম আলো
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের তালুক হাবু গ্রামের বেনারসি পল্লিতে এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে তাঁত, বেকার হয়ে পড়ছেন তা​ঁতি l ছবি: প্রথম আলো

ব্যবসা হারিয়ে রংপুরের বেনারসি পল্লি বড় দুর্দিনে পড়েছে। তাঁতি ও তাঁতযন্ত্রের সংখ্যা কমেই চলেছে। বছর দুয়েক আগেও যেখানে ১৫০ জন তাঁতি আর সাড়ে ৩০০ তাঁতযন্ত্র ছিল, সেখানে এখন আছে মাত্র ৭০ জন তাঁতি ও ১০০টির মতো তাঁতযন্ত্র। একই সময়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পে জড়িত মানুষের সংখ্যা ৬০০ থেকে কমে ২০০ জনে নেমে এসেছে।
সরেজমিনে সম্প্রতি বেনারসি পল্লিতে তাঁতিদের সঙ্গে আলাপ করে জানা যায়, শাড়ি তৈরির কাজে প্রয়োজন ও চাহিদা অনুযায়ী ঋণ না পাওয়া, কাঁচামালের দাম ও পরিবহনব্যয় বেড়ে যাওয়া এবং শাড়ি বাজারজাতে ভোগান্তিই হলো এই শিল্পে চরম দুর্দিন নেমে আসার অন্যতম কারণ।
জানা যায়, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের তালুক হাবু গ্রামের আবদুর রহমান ১৯৯৭ সালে প্রথম দুটি তাঁতযন্ত্র বসিয়ে বেনারসি শাড়ি বুননের কাজ শুরু করেন। তাঁর দেখাদেখি এক বছরেই ৬৭টি তাঁতযন্ত্র বসে। কয়েক বছরের মধ্যে গ্রামটিতে তাঁতযন্ত্রের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় সাড়ে ৩০০। এভাবে রংপুর অঞ্চলের অভাবপীড়িত ও পিছিয়ে পড়া একটি গ্রামে বেনারসি শাড়ি তৈরির ধুম পড়ে যায়। নারী-পুরুষ সবাই মিলে কর্মমুখী হয়ে ওঠেন। ফলে মানুষের বলাবলিতে তালুক হাবু গ্রামটির নাম পাল্টে হয়ে যায় ‘বেনারসি পল্লি’। কিন্তু সেই সুখ্যাতি আর কাজের সুদিন এখন আর ধরে রাখতে পারছেন না তাঁতিরা।
কয়েকজন তাঁতি প্রথম আলোকে জানান, এখানকার বেনারসি শাড়ি ঢাকার পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। প্রকারভেদে প্রতিটি শাড়ি ১ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হয়। এতে প্রতিটি শাড়িতে তাঁতিদের ৩০০ টাকার মতো লাভ থাকে। তবে বিভিন্ন রঙের সুতা, জরিসহ কাপড়ের উপকরণগুলোর দাম দিন দিন বাড়তে থাকায় শাড়ির উৎপাদন খরচ বেড়ে মুনাফা কমছে।
এদিকে শাড়ি বিপণন তথা সরবরাহের ক্ষেত্রে নতুন সমস্যা দেখা দিয়েছে। তাঁতিদের অভিযোগ, ঢাকাসহ বিভিন্ন জেলায় যানবাহনে করে শাড়ি নিয়ে যাওয়ার সময় তাঁদের ভোগান্তির শিকার হতে হয়। কারণ, ভারতীয় শাড়ি বলে বিভিন্ন প্রশাসনের পরিচয়ে তাঁদের নানাভাবে হয়রানি করা হয়। এ ছাড়া ঢাকা থেকে শাড়ি তৈরির উপকরণ আনার ক্ষেত্রেও পরিবহনব্যয় বাড়ছে। সেই সঙ্গে বেড়েছে তাঁতশ্রমিকের পারিশ্রমিকও। সেই তুলনায় শাড়ির দাম ও বিক্রি তেমন একটা বাড়ছে না। তাই তাঁতিরা শাড়ি তৈরিতে নিরুৎসাহিত হয়ে এই পেশা ছেড়ে দিচ্ছেন।
বেনারসি পল্লি তথা তালুক হাবু গ্রামে প্রথম তাঁতশিল্পের প্রচলনকারী আবদুর রহমান প্রথম আলোকে জানান, একসময় তাঁর একারই ১০টি তাঁত ছিল। এখন তা কমে গিয়ে চারটিতে নেমেছে। তিনি বলেন, একটি শাড়ি বুনতে সময় লাগে তিন দিন। একজন মাসে সাত থেকে আটটি শাড়ি তৈরি করতে পারেন। প্রতিটি শাড়ি তৈরিতে শ্রমিকদের মজুরি দিতে হয় ৯০০ টাকা। এ জন্য নগদ টাকার দরকার। কিন্তু ঋণসুবিধা পাওয়া যায় না। আবার বিপণনেও রয়েছে ভোগান্তি। তাই এ ব্যবসা আস্তে আস্তে গুটিয়ে ফেলতে হচ্ছে।
তাঁতি আবদুল কুদ্দুসের ১৯টি তাঁতযন্ত্রের মধ্যে বর্তমানে ১০টি চালু রয়েছে। তিনি বলেন, শ্রমিকের মজুরি এবং ঢাকা থেকে কাঁচামাল আনার খরচ বেড়ে গেছে। শাড়ি বিক্রিতে দাম নিয়ে প্রতিযোগিতা ও পরিবহনের ক্ষেত্রে হয়রানির মুখে পড়তে হয়। তাই ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না।
সরেজমিনে আলাপকালে গ্রামের আরেক তাঁতি মনিজা বেগম জানান, তাঁর একটি তাঁত ছিল। এখন আর প্রতিযোগিতায় টিকতে পারছেন না। তাই সেটি বন্ধ করে খুলে রেখেছেন।
একইভাবে তাঁতি আবদুল বারির দুটি, আকতারুল ইসলামের একটি, আবদুর রশিদের দুটি, খতিবর রহমানের দুটি, জামালউদ্দিনের দুটিসহ আরও অনেকের বাড়িতে তাঁত বন্ধ থাকতে দেখা গেছে। এঁদের মধ্যে আবদুর রশিদ বলেন, সরকারি পৃষ্ঠপোষকতায় রংপুরে শাড়ি বিক্রির ব্যবস্থা করা হলে আবার নতুন করে তাঁদের সবার তাঁতযন্ত্র চালু হবে।
এদিকে এই বিষয়ে সরকারের বেনারসি প্রকল্প ও রাজশাহী বিভাগীয় বিসিকের (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা) পরিচালক আলতাফ হোসেনের সঙ্গে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি এ প্রসঙ্গে কোনো কিছু বলতে অপারগতা জানান।