দুর্নীতি, অদক্ষতা ও মালিকদের মুনাফার লোভে ব্যাংকে চড়া সুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি, অদক্ষতা এবং মালিকদের অধিক মুনাফার লোভই বাংলাদেশের ব্যাংক খাতে ঋণের উচ্চ সুদের প্রধান কারণ। ব্যাংক মালিকেরা অনেকাংশেই দ্বৈত ভূমিকা পালন করেন। যখন তাঁরা ব্যবসায়ী নেতা তখন তাঁরা সুদের হার কমানোর দাবি জানান। আবার যখন ব্যাংকের পর্ষদ সভায় বসেন তখন উচ্চ সুদ ধার্য করেন। মালিকদের মুনাফা বা লাভ এখন লোভে পরিণত হয়েছে।
বাংলাদেশের ব্যাংক ও আর্থিক খাতে ভোক্তা অধিকার সংরক্ষণ শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ। তিনি আরও বলেন, দেশে ব্যক্তি খাতের ব্যাংক সম্প্রসারণের পর থেকে গ্রাহক বা ভোক্তাবৈষম্য বেড়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গতকাল মঙ্গলবার সকালে যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। রাজধানীর মিরপুরে বিআইবিএমের সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। তাতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইব্রাহিম খালেদ। আর প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
মূল প্রবন্ধে ইব্রাহিম খালেদ বলেন, স্বাধীনতার পর দেশে ব্যাংক-সেবায় ঘাটতি থাকলেও গ্রাহক বা ভোক্তাবৈষম্য ছিল না। কিন্তু ব্যক্তি খাতে ব্যাংক সম্প্রসারণের পর থেকে সেবার মান উন্নত হলেও ভোক্তাবৈষম্য বেড়েছে। স্বল্প আয়ের মানুষ কম খরচে সরকারি ব্যাংকে হিসাব খুলতে পারলেও অধিকাংশ বেসরকারি ব্যাংকে এ খরচ বেশি। আর ধনী না হলে তো বিদেশি ব্যাংকে হিসাব খোলাই যায় না। এ বিষয়ে সরাসরি বাংলাদেশ ব্যাংকের কিছু করার না থাকলেও বৈষম্য কমাতে নৈতিক চাপ সৃষ্টি করতে হবে।
বেসরকারি ব্যাংকের বিভিন্ন ধরনের সেবার অতিরিক্ত মাশুলের সমালোচনা করে ইব্রাহিম খালেদ বলেন, বেসরকারি ব্যাংকগুলোর সেবামাশুল সরকারি ব্যাংকের চেয়ে অনেক বেশি। আর বিদেশি ব্যাংকগুলোর মাশুল তো রীতিমতো আকাশছোঁয়া। অনেক ক্ষেত্রে প্রকৃত খরচের চেয়ে চার-পাঁচ গুণ বেশি অর্থ আদায় করা হয়। বাংলাদেশ ব্যাংক সেবামাশুল যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার নির্দেশ দিলেও এখনো অতিরিক্ত মাশুল আদায় অব্যাহত রয়েছে।
ব্যাংকের অতিরিক্ত মাশুল বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, ব্যাংকের প্রতিটি শাখায় সেবামাশুলের তালিকা টাঙানো বিষয়টি নিশ্চিত করা ও সেবামাশুল অ্যাপস তৈরিতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এ সময় তিনি আরও বলেন, গ্রাহকের অভিযোগ সমাধানে বাংলাদেশ ব্যাংক এখন অনেক বেশি তৎপর। গ্রাহকদের দুর্ভোগ কমাতে কেন্দ্রীয় ব্যাংকে ‘এফআইসিএসডি’ নামে আলাদা একটি বিভাগ খোলা হয়েছে। যেখানে ‘১৬২৩৬’ নম্বরে কল করে নিজের সমস্যার কথা জানানো যায়।
মূল প্রবন্ধে ইব্রাহিম খালেদ আরও বলেন, হল-মার্ক, বেসিক ব্যাংক, বিসমিল্লাহ গ্রুপসহ ব্যাংক খাতের বড় বড় দুর্নীতির পর যে মূলধন ঘাটতি তৈরি হয়েছে, তা মেটাতে সরকার রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে অনৈতিকভাবে জনগণের করের টাকায় মূলধন জোগান দিচ্ছে। এ বিষয়ে জাতীয় সচেতনতা গড়ে তোলার জন্য ভোক্তাদের সোচ্চার হতে হবে।
ব্যাংক খাতে গ্রাহক অধিকার প্রতিষ্ঠায় একটি সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ইব্রাহিম খালেদ।
এদিকে সেমিনারে গভর্নর আতিউর রহমান দাবি করেন, এ মুহূর্তে ব্যাংক খাতে আস্থার কোনো সংকট নেই। গত পাঁচ বছরে ব্যাংকে চেক জমা দিয়ে টাকা পাননি এমন কেউ বলতে পারবেন না।
সেমিনারে আরও বক্তব্য দেন ক্যাবের চেয়ারম্যান গোলাম রহমান, বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন প্রমুখ।
গভর্নর আরও বলেন, ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংকে জমা পড়া মোট অভিযোগের ৬৮ দশমিক ৫ শতাংশ নিষ্পন্ন হয়েছে। ২০১৪ সালে এর পরিমাণ বেড়ে দাঁড়ায় ৯৫ দশমিক ৯ শতাংশ। আর ২০১৫ সালে নিষ্পন্ন হয়েছে শতভাগ। এখন ব্যাংকের প্রতি মানুষের আস্থা বাড়ছে। এর প্রভাবে দেশের রেমিট্যান্স বা প্রবাসী-আয় ও রিজার্ভ বাড়ছে। এ ছাড়া ব্যবসাসংক্রান্ত সমস্যা বা অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে আলাদা একটি ড্যাশবোর্ড গঠন করা হয়েছে। যেখানে ব্যাংক লোন, এলসি খোলাসহ অন্যান্য সমস্যার দ্রুত সমাধান হচ্ছে।