বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদের জন্য ব্যাংকে দুটি অফিস রয়েছে। মতিঝিলে মেট্রোপলিটন চেম্বারে (এমসিসিআই) অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে রয়েছে চেয়ারম্যানের একটি বড়সড় অফিস। আর গুলশান-২-এ অবস্থিত শেজাদ প্যালেসে রয়েছে চেয়ারম্যানের দ্বিতীয় অফিসটি। শেজাদ প্যালেসের দ্বিতীয় তলাতে রয়েছে ব্যাংকের একটি শাখা। আর তৃতীয় তলাতে চেয়ারম্যানের চেম্বার।
গুলশানে পাঁচ হাজার ৩০০ বর্গফুটের প্রতি তলার বার্ষিক ভাড়া ৪২ লাখ ৯৬ হাজার টাকা। ২০১০ সাল থেকে ব্যাংক এই দুই তলা ভাড়া নিয়ে আছে। সরেজমিনে জানা গেল, চেয়ারম্যান হরতাল-অবরোধ হলে সাধারণভাবে গুলশানের অফিসে বসেন। সেখানে প্রধান কার্যালয় থেকে কর্মকর্তারা গিয়ে বিভিন্ন ফাইলপত্র দেখিয়ে আসেন। আবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কখনো গুলশান শাখাতে হঠাৎ পরিদর্শনে গেলে তিনিও সেখানে বসেন।
ব্যাংকের চেয়ারম্যানের দুটি অফিস রাখার সুযোগ বাংলাদেশ ব্যাংকের বিধিমালাতে নেই। অন্যদিকে এর খরচ ব্যাংকের প্রশাসনিক ব্যয় বাড়াচ্ছে। আর এই বাড়তি ব্যয় ঋণের সুদের মধ্যেই সমন্বয় হয়ে যাচ্ছে।
অবশ্য কাজী আকরাম উদ্দিন আহ্মদ প্রথম আলোকে গত মঙ্গলবার বলেন, ‘এটা চেয়ারম্যানের অফিস না। একটা রুম
আছে। হরতাল হলে বসি।’ তিনি জানান, চেয়ারম্যানের এই রুমের জন্য কোনো অতিরিক্ত খরচও যুক্ত হয় না। শাখা অফিস এই খরচ মেটায়। তিনি বলেন, ‘আমরা তো ১০০ টাকা বর্গফুটের বেশি দরে কোনো শাখার জন্য ভাড়া নিইনি। কিন্তু এখন শুনছি কোনো কোনো ব্যাংক ৩০০ টাকা পর্যন্ত বর্গফুটে ভাড়া নিয়েছে।’
আবার বিভিন্ন ব্যাংকে অনেক অপ্রকাশ্য খরচ আছে। যেমন: দ্বিতীয় প্রজন্মের একটা ব্যাংকের পর্ষদ সভার জন্য সব পরিচালকই ৫০ হাজার টাকা করে সম্মানী নেন। বাংলাদেশ ব্যাংকের বিধান হচ্ছে পর্ষদ সভার জন্য প্রতিজন পাঁচ হাজার টাকা করে সম্মানী পাবেন।
বাকি ৪৫ হাজার টাকা কীভাবে ব্যাংক আর্থিক হিসাবে সমন্বয় করে—জানতে চাইলে একজন শীর্ষ নির্বাহী বলেন, বিমা ও সাধারণ খরচের মধ্যে অনেকগুলো ভাউচারের মাধ্যমে এসব খরচ সমন্বয় করা হয়। খরচ যেভাবেই হোক, তা ব্যয় বৃদ্ধি করে। তাতে বাড়ে সুদের হার।
মুনাফা ও এমডিদের চাকরি: বড় মুনাফা হয় ব্যাংক খাতে। এমডিদের লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়। যেকোনো মূল্যে তাঁরা সেটা অর্জন করতে চান। এ জন্যও অনেক সময় ঋণ ভালোভাবে যাচাইবাছাইও হয় না। হল-মার্ক, বিসমিল্লাহ কেলেঙ্কারি, চট্টগ্রামে বাচবিচারহীনভাবে ১২-১৫ গ্রুপকে প্রায় ৪০-৫০ হাজার কোটি টাকার আমদানি অর্থায়ন কিংবা গ্রাহকদের ওপর বেশি মাশুল ধার্য করে প্রাইম ব্যাংকের অতিমুনাফা দেখানো, এর বড় উদাহরণ।
অতিমুনাফার জন্য কারসাজির আরেক বড় উদাহরণ হচ্ছে প্রিমিয়ার ব্যাংক। ব্যাংকটি তাদের খেলাপি ঋণকে গোঁজামিল দিয়ে ভালো মানের দেখিয়ে কয়েক বছর আগে একবার লভ্যাংশ বিতরণ করে। ২০১২ সালে একই কারণে তাদের বার্ষিক হিসাব আটকে ছিল। শেষ পর্যন্ত কিছু সংশোধনী করিয়ে তাদের বার্ষিক হিসাব অনুমোদন হয়। এমন ঘটনা শাহজালাল ব্যাংকসহ আরও একাধিক ব্যাংক ঘটিয়েছিল বছর কয়েক আগে। আবার পরিচালকেরা ক্ষেত্রবিশেষে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত দেন। পরে সেই ঋণ খেলাপি হয়। তাতে বাড়ে ব্যাংকের ঋণের সুদ।
রাষ্ট্র খাতের ব্যাংকগুলোর এমডিরা বেতনসহ নগদ পান তিন লাখ টাকা। আর বেসরকারি খাতের ব্যাংকের এমডিদের গড় মাসিক বেতন নগদে সাত-আট লাখ টাকা। এই বেতন ১২ লাখ টাকা পর্যন্ত আছে। কিছুদিন আগেও ছিল ১৬ লাখ টাকা। নগদ এই হিসাবের বাইরে কয়েক গুণও পান বোনাস, গাড়ি, টেলিফোন বিল, বিদেশ ভ্রমণসহ আরও সুবিধা। শীর্ষ নির্বাহীদের সঙ্গে সংগতি রেখেই পরের ধাপের বেতন-ভাতা নির্ধারিত হয়।
উচ্চ বেতন-ভাতা পাওয়া এই ব্যাংক খাতের নির্বাহীদের যোগ্যতা-দক্ষতা নিয়ে এখন বড় প্রশ্ন উঠছে। ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ খেলাপি ঋণ—যোগ্যতার বিষয়টিকে নতুনভাবে প্রশ্নবোধক করেছে। আরও আছে তহবিল ব্যবস্থাপনায় অদক্ষতা, পুঁজিবাজারে বিনিয়োগে বড় ধরনের ক্ষতির মুখে পতিত হওয়াও অদক্ষতার বিষয়টিকে সামনে আনছে।
শীর্ষ নির্বাহীদের কেউ কেউ আবার কিছু উদ্যোক্তার নানা অনিয়ম সামাল দেন। বেনামী ঋণ, ব্যাংকের নানা কেনাকাটা, ব্যবসা, উচ্চমূল্যে বেনামে নিজের দালানকোঠা ব্যাংকের কাছে ভাড়া, ভাউচারের মাধ্যমে ব্যাংক থেকে টাকা নেওয়া, ভুয়া এফডিআর তৈরিসহ নানা কারসাজি চলে ব্যাংকে।
অভিযোগ আছে কোনো কোনো ব্যাংকের এমডি নিয়োগ দেওয়ার সময় পদত্যাগপত্র লিখিয়ে নেওয়া হয়। পরবর্তী সময়ে এমডি যদি কথা না শোনেন তাহলে ব্যক্তিগত কারণে পদত্যাগের চিঠিটি গ্রহণ করে নেওয়া হবে পর্ষদ সভাতে। ব্যাংকের কোনো কোনো শীর্ষ নির্বাহী তাই কোনো কোনো প্রভাবশালী উদ্যোক্তার অনিয়ম-অপচয় ‘বিশ্বস্ততার সঙ্গে’ খরচ দেখিয়ে যান। সুদহারে গিয়ে যা সমন্বিত হয়।
প্রশাসনিক ব্যয়: বাংলাদেশে ব্যাংকগুলোর প্রশাসনিক ব্যয় বেশি। বেসরকারি তিনটি ব্যাংকের ২০১২ সালের বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণে যে তথ্য মেলে তাহলো, প্রাইম ব্যাংকের পরিচালন আয়ের ৩৬ দশমিক ৬২ শতাংশ হচ্ছে পরিচালন ব্যয়। ন্যাশনাল ব্যাংকে যা ৬৮ দশমিক ৭৭ শতাংশ এবং এবি ব্যাংকের ৪৭ দশমিক ৬৭ শতাংশ। পরিচালন ব্যয়ের আবার একটা বড় অংশ কর্মকর্তাদের বেতন-ভাতা খাতে যায়। প্রাইম ব্যাংকের পরিচালন ব্যয়ের ৫৪ দশমিক ১০ শতাংশ খরচ হয়েছে কর্মকর্তাদের বেতন-ভাতা খাতে। ন্যাশনাল ব্যাংকে যা ৩২ দশমিক ৫৫ শতাংশ এবং এবি ব্যাংকের ৪৫ দশমিক ৩৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের কিছু প্রকাশনা থেকে হিসাব কষে দেখা যায়, ২০১২ সালে দেশের সামগ্রিক ব্যাংক খাতের মোট সম্পদের বিপরীতে প্রশাসনিক ব্যয় ছিল ২ দশমিক ১৪ শতাংশ। এর মধ্যে রাষ্ট্র খাতের ব্যাংকগুলোর সম্পদের বিপরীতে প্রশাসনিক ব্যয় ছিল ১ দশমিক ৬৬ শতাংশ, বেসরকারি ব্যাংকগুলোর ২ দশমিক ৪৪ শতাংশ, বিদেশি ব্যাংকগুলোর ২ দশমিক ৭২ শতাংশ এবং বিশেষায়িত ব্যাংকগুলোর ১ দশমিক ৭৫ শতাংশ। অবশ্য গত তিন বছরে এই গতি কিছুটা নিম্নমুখী হয়েছে। তবে কয়েকজন ব্যাংক কর্মকর্তা দাবি করেন, দক্ষ মানবসম্পদের জন্য তাঁদের বড় ধরনের ব্যয় করতে হচ্ছে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর ব্যাংকের প্রশাসনিক ব্যয় সম্পর্কে বলেন, ‘এই ব্যয় অনেকটা কমিয়ে আনার সুযোগ রয়েছে। এ জন্য ব্যাংকগুলোকে কিছু বিনিয়োগ করতে হবে প্রযুক্তি আধুনিকীকরণ ও ইন্টারনেট ব্যাংকিং বিস্তারের জন্য। প্রশাসনিক খরচ কমানোর জন্য ব্যাংকগুলোর পক্ষে আরও অনেক কিছুই করা সম্ভব, যা করলে দশমিক ২৫ থেকে দশমিক ৫০ শতাংশ পর্যন্ত ব্যয় কমিয়ে আনা যায়।’
[সমাপ্ত]