দুর্নীতি দমন ও সুশাসনের জন্য শুদ্ধাচার কৌশলপত্র
দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য দেশে একটি ‘জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র (ন্যাশনাল ইনটেগ্রিটি স্ট্র্যাটেজি পেপার)’ প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।সচিবালয়ে গতকাল রোববার এ কৌশলপত্র প্রণয়ন-সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টা মসিউর রহমান, তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও গওহর রিজভী, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা, অর্থসচিব মোহাম্মদ তারেক, জনপ্রশাসনসচিব আবদুস সোবহান শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জানতে চাইলে প্রথমে কিছু বলতে চাননি অর্থমন্ত্রী। তারপর অবশ্য তিনি বলেন, ‘জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র প্রণয়নের উদ্যোগটি আমাদের নির্বাচনী অঙ্গীকারেরই অংশ। অবশ্য আমরা ক্ষমতায় আসার আগে থেকেই তা নিয়ে আলোচনা চলছিল।’আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচটি অগ্রাধিকার খাতের মধ্যে দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠা অন্যতম বলে জানান মুহিত। তিনি বলেন, ‘জাতির জন্য একটি কৌশলপত্র করতে হবে। সে জন্যই আজকে (রোববার) বসলাম। কিছু দূর অগ্রসর হয়েছি। আরও কিছু বৈঠক করতে হবে।’বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রযন্ত্রের সবক্ষেত্রে অর্থাৎ বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগেই দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কৌশলপত্রটি করা হবে।উদাহরণ দিয়ে একটি সূত্র জানায়, সরকারি কর্মকমিশনের (পিএসসি) আওতায় কেউ পরীক্ষা দিল; কিন্তু যে মানের পরীক্ষা দিল, সে মানের নম্বর পেল না বা সরকারের কোনো একটি কমিশন নিয়োগ-প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করল না। এ বিষয়গুলোকে যথেষ্ট জবাবদিহির মধ্যে আনার জন্যই মূলত এ কৌশলপত্র প্রণয়নের উদ্যোগ।জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র প্রণয়নে মন্ত্রিপরিষদ বিভাগ এবং আইন মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে বর্ধিত ঋণ সহায়তা (ইসিএফ) বাবদ যে ১০০ কোটি ডলার পাওয়ার কথা বাংলাদেশের, তার মধ্যেএকটি কিস্তি পাওয়া গেছে। বাকি অর্থ পেতে গেলে আইএমএফের শর্তের মধ্যে দুর্নীতি দমন ও সুশাসনকে গুরুত্ব দেওয়ার বিষয়টি রয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, অনেক দেশেই জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র রয়েছে, যা থেকে সুফল পাচ্ছেন সেসব দেশের নাগরিকেরা। সেগুলোর আদলেই আমাদের কৌশলপত্রটি করা হবে।