দুর্নীতি বাংলাদেশের উন্নয়নে প্রতিবন্ধক তৈরি করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিয়েরে লেন্ডল মিলস্ বর্তমানে পার্টনারশিপ ফর দ্য ট্রান্সপারেন্সি ফান্ডের প্রেসিডেন্ট। নব্বইয়ের দশকে সাড়ে চার বছর বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রধান হিসেবে অবস্থান করেছিলেন। পরবর্তী সময়ে বাংলাদেশ ও বিশ্বব্যাংক ছেড়ে দিলেও বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতি ও সুশাসন নিয়ে কাজ করে চলেছেন। বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর ২০০০ ও ২০০২ সালে দুই দফা তিনি বাংলাদেশে আসেন। গত জুন মাসে ঢাকা এসেছিলেন উন্নয়ন-সহযোগীদের সংগঠন লোকাল কনসালটেটিভ গ্রুপের (এলসিজি) পরামর্শক হিসেবে। তিনি বাংলাদেশের সুশাসন বিষয়ে কাজ করছেন। ঢাকায় অবস্থানকালে প্রথম আলোর সঙ্গে কথা বলেন বাংলাদেশের উন্নয়ন, সুশাসন ও এর প্রতিবন্ধকতা নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন হানিফ মাহমুদপ্রথম আলো: কত বছর পরে বাংলাদেশে এসেছেন?মিলস্: প্রায় ১০ বছর পরে। সর্বশেষ ২০০২ সালে বাংলাদেশে এসেছিলাম। তবে না এলেও বাংলাদেশের উন্নয়নকে সবসময় কাছ থেকে পর্যবেক্ষণ করেছি। গত ১০ বছরে বাংলাদেশে অনেক কিছুর পরিবর্তন হয়েছে।প্রথম আলো: কী কী পরিবর্তন চোখে পড়েছে আপনার?মিলস্: অনেকগুলো পরিবর্তন চোখে পড়েছে। ছেলেমেয়েরা আগের চেয়ে বেশি স্কুলে যাচ্ছে। শিশুমৃত্যুর হার কমেছে। যোগাযোগ-ব্যবস্থা উন্নত হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে। দারিদ্র্যের হার কমেছে। থানা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত চলে গেছে ইন্টারনেট। বেশির ভাগ পরিবারের হাতেই এখন রয়েছে মুঠোফোন। ফলে বেড়েছে বাজার ও সামাজিক সম্পৃক্ততা (কানেকটিভি)। এগুলো গুরুত্বপূর্ণ সামাজিক পরিবর্তন। ধাপে ধাপে আরও অনেক কিছুর পরিবর্তন হবে বলে আমি আশাবাদী। প্রথম আলো: কোন ক্ষেত্রে পরিবর্তন আসেনি?মিলস্: রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন হয়নি। এটি আগের ধারাতেই চলছে। বাংলাদেশে রাজনীতির মূল ভিত্তি হচ্ছে সুবিধাবাদ। জাতীয় স্তর থেকে স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যেও এটি বিদ্যমান। এই প্রবণতা শুধু বাংলাদেশ নয়—দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে, বিশেষত ভারত ও পাকিস্তানে আছে। তবে ভারতের রাজনীতিবিদেরা কতগুলো মৌলিক জাতীয় বিষয়ে ঐক্যবদ্ধ হতে পারেন। বাংলাদেশে তেমনটি নেই। দুটি প্রধান দলের মধ্যে কেন্দ্রীভূত রাজনীতিও বাংলাদেশের জন্য সমস্যা। অতিরিক্ত কেন্দ্রীভূতের জন্য বহুপক্ষীয় মতামতের এখানে অভাব রয়েছে। আবার প্রধান দুটি দল সবসময় পরস্পরের মুখোমুখি অবস্থান নেয়। সমন্বয়ের কোনো ধারা এখানে তৈরি হয়নি। এটি দীর্ঘদিন ধরে চলছে। এখনো তা বিরাজমান।প্রথম আলো: এই ধারা পরিবর্তনের কোনো সম্ভাবনা আপনি দেখেন?মিলস্: বাংলাদেশে হয়তো ধীরে ধীরে এ পরিবর্তনগুলো আসবে। যত দ্রুত জনগণ প্রত্যাশা করে, তেমনটা হয়তো হবে না। তবে বাংলাদেশে যে তরুণ শিক্ষিত সমাজ তৈরি হচ্ছে, তাদের ওপর আমি আশাবাদী। বাংলাদেশের বড় তরুণসমাজই পরিবর্তনের বড় শক্তি। প্রথম আলো: কিন্তু দুর্নীতি তো বাংলাদেশে পরিবর্তনের জন্য বড় বাধা।মিলস্: এটা ঠিক দুর্নীতি, বাংলাদেশে উন্নয়নে প্রতিবন্ধক তৈরি করছে। বাংলাদেশে দুর্নীতির গল্প সবখানেই আছে। যেখানে যাবেন, অনিয়ম ও দুর্নীতির অনেক গল্প পাওয়া যাবে। দুর্নীতির মাত্রা আগেও যেভাবে দেখেছি, এখনো সেরকমই আছে। দুর্নীতির কারণে সরকারি সম্পদের বড় রকমের অপচয় হয়। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক কমিটির সামনে গত ডিসেম্বরে আমার বক্তব্যে এর একটি আনুমানিক হিসাবে বলেছিলাম, বাংলাদেশের সরকারি উন্নয়ন ব্যয়ের ১৫ থেকে ৩০ শতাংশ যায় দুর্নীতিতে। প্রথম আলো: আপনি বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেন, সে সময় একজন মন্ত্রী আঞ্চলিক প্রকৌশলী পরিচালক পদে নিয়োগ বাবদ প্রায় সাড়ে তিন কোটি টাকা নিয়েছেন বলে আপনি হাউস অব কমন্সে জানিয়েছেন। এবার এসে কি সে ধরনের কোনো গল্প পেয়েছেন? মিলস্: এ ধরনের গল্প ঢাকায় এবার যাঁদের সঙ্গে দেখা হয়েছে, তাঁদের কয়েকজনের কাছ থেকে শুনেছি। গল্পের ধরনগুলো একই রকম। এ ধরনের ঘটনা একটুও কমেনি। সংখ্যাটা বরং আগের চেয়ে বেড়েছে।প্রথম আলো: সুবিধাবাদী রাজনীতি বাংলাদেশে দুর্নীতি কমিয়ে আনার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক বলে আপনি মনে করেন কি?মিলস্: অনেকটা তাই। বাংলাদেশের রাজনীতি যদি দুর্নীতি কমিয়ে এনে সুশাসনের দিকে নজর দেয়, তাহলে বাংলাদেশে অর্থনৈতিক বিকাশ আরও কয়েক শতাংশ বাড়বে। কিন্তু বরাবরই সরকারগুলো সুশাসনের দিকে নজর দিতে ব্যর্থ হচ্ছে।প্রথম আলো: বর্তমান সরকার তো দুর্নীতি দমন কমিশনের (দুদক) ক্ষমতা আরও কমিয়ে দিয়েছে।মিলস্: এটা খুবই অবাক করেছে আমাকে। বর্তমান সরকার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল, দুর্নীতির বিরুদ্ধে আরও জোরালো ভূমিকা নেবে তারা। কিন্তু হয়েছে তার উল্টোটা। দুদকের ক্ষমতা কমেছে। যদি কোনো দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে দুদককে পদক্ষেপ নিতে হয়, তাহলে সরকারের অনুমতি নিতে হবে। এতে দুদকের সক্রিয়তা কমে যাবে। সরকারের জন্য এটা একটা মারাত্মক ভুল পদেক্ষপ। প্রথম আলো: সরকারি কাজে প্রযুক্তির ব্যবহার দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখতে পারে কি? মিলস্: আধুনিক অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রযুক্তি পরিহার করা সম্ভব নয়। এ প্রযুক্তি ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন পথ খুলে দিয়েছে। এ কারণে দুর্নীতিও এখন অনেকটা কঠিন হয়ে পড়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, অনলাইনে বেচাকেনা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যখন বাংলাদেশে ছিলাম, তখন ক্ষমতাশালী কেউ দরপত্র জমা দিতে চাইলে তিনি মাস্তান নিয়ে গিয়ে দরপত্র জমা দেওয়ার অফিস ঘেরাও করে রাখতেন। এতে কেউ বাধা দিলে তাকে মারধর করা হতো। কিন্তু অনলাইনে দরপত্র জমা দিলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে না। কাস্টমসের ক্ষেত্রেও এটি করা যেতে পারে। অনলাইনে কাজ হলে কাস্টমসের লোকজনের পক্ষে দুর্নীতি করা কঠিন হয়ে যাবে।প্রথম আলো: দুর্নীতি কমাতে জনগণ ও নাগরিক সমাজের করণীয় কী?মিলস্: ব্যক্তিগত পর্যায়ে কেউ দুর্নীতি করলে গুটিকয়েক ব্যক্তি লাভবান হয়, কিন্তু বিপুলসংখ্যক লোক ক্ষতিগ্রস্ত হয়। তাই দুর্নীতি রোধে ক্ষতিগ্রস্ত লোকজনকে একত্র করে গুটিকয় দুর্নীতিবাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যেতে পারে। এটা করতে পারলে কেবল তখনই অগ্রগতি অর্জন করা সম্ভব। এ জন্য জনগণ ও নাগরিক সমাজকেই এগিয়ে আসতে হবে। তাদের সোচ্চার হতে হবে দুর্নীতির বিরুদ্ধে। বাংলাদেশে সক্রিয় নাগরিক সমাজের উপস্থিতি আছে। তাদেরকেই আরও জোরালো ভূমিকা নিতে হবে।প্রথম আলো: অর্থনীতির পরিবর্তনগুলোকে কীভাবে দেখেন আপনি? মিলস্: বাংলাদেশের অর্থনীতি সবসময়ই বিস্ময়ের। ঘুরে দাঁড়ানোর শক্তি রয়েছে তার। যেমন, পোশাক খাতে কোটা উঠে যাওয়ার পর ধারণা করা হয়েছিল, বাংলাদেশের জন্য এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশ টিকতে পারবে না। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশ তার বাজার ধরে রেখেছে এবং ভালোও করছে।চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটি সবসময় নতুন কিছু করে আসছে। দীর্ঘদিন ধরে বছরে পাঁচ শতাংশ হারে উৎপাদন বাড়ছে দেশটির। জন্মহার কমার পাশাপাশি মাথাপিছু আয়ও তিন দশমিক পাঁচ শতাংশের ওপর বেড়েছে; যা কিনা দরিদ্র দেশগুলোর যে হারে মাথাপিছু আয় বাড়ার কথা, তার চেয়ে অনেক বেশি। আইডিএভুক্ত দেশগুলোর গড় মাথাপিছু আয় বৃদ্ধির হার এক দশমিক আট শতাংশ। কিন্তু বাংলাদেশে এই হার তিন শতাংশের ওপর। তাই আমি মনে করি, যে কারও এই বিশ্বাস রাখাটা উচিত যে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার সামর্থ্য রয়েছে।প্রথম আলো: জ্বালানি ও বিদ্যুৎসংকটের কারণে বাংলাদেশে বিনিয়োগ বাড়ছে না। এটি সমাধানের উপায় কী?মিলস্: প্রথমত এই খাতে সুষ্ঠু ব্যবস্থাপনা আগে গড়ে তুলতে হবে। আর চাহিদা ও জোগানের ঘাটতি পূরণের জন্য উৎপাদন বাড়াতে হবে। সরকারি ও বেসরকারি উভয় সমন্বয়ে উদ্যোগ প্রয়োজন। ইতিমধ্যে সরকার জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ঘাটতি পূরণের জন্য কুইক রেন্টাল ভিত্তিতে অনেকগুলো কেন্দ্র নির্মাণকাজ বেসরকারি খাতকে দিয়েছে। সরকার তাদের কাছ থেকে বিদ্যুৎ কিনবে। কিন্তু এই বিদ্যুৎ যে দামে কেনা হবে, আর যে দামে বিক্রি হবে তার মধ্যে বেশ ফারাক আছে। ফলে রাজস্বের চাপ বাড়বে। অনেকেই রাজস্ব চাপের এই দিকটি নিয়ে উদ্বিগ্ন। আমি মনে করি, এ ব্যাপারটিও সরকারের ভেবে দেখা উচিত। বেশি দামে বিদ্যুৎ কিনে চাহিদা মোকাবিলার এই কৌশল টেকসই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে। প্রথম আলো: শুধু বিদুৎ নয়, অন্যান্য অবকাঠামোও বাংলাদেশে দুর্বল।মিলস্: বিগত এক দশকে বাংলাদেশে সড়ক খাতে নিয়মিত বিনিয়োগ করেছে। ঢাকার সঙ্গে অন্যান্য বিভাগ ও জেলার ভালো সড়ক যোগাযোগ গড়ে উঠেছে। এই যোগাযোগ গ্রামীণ অর্থনীতিকে বদলে দিচ্ছে। মূল ধারার অর্থনীতিতে যুক্ত হচ্ছে গ্রামীণ সমাজ। গ্রামীণ অকৃষি খাত বড় সম্ভাবনাও তৈরি করেছে। তাই যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সরকারকে বিনিয়োগ অব্যাহত রাখতে হবে। তবে শুধু সড়ক নয়—রেল, বন্দর ও নৌপথেও সরকারকে বিনিয়োগ করতে হবে। যোগাযোগের দুবর্লতা কাটিয়ে উঠতে পারলে বাংলাদেশে জাতীয় প্রবৃদ্ধি বর্তমান ধারা থেকে আরও কিছুটা বাড়বে। একই সঙ্গে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারবে। প্রথম আলো: বাংলাদেশে ভবিষ্যৎ সম্পর্কে আপনার মূল্যায়ন কী?মিলস্: বাংলাদেশের সম্ভাবনা অনেক। এখানে একটি বড় তরুণসমাজ রয়েছে। এদের মধ্যে শিক্ষার হার বেশি। সচেতনতাও বেড়েছে। অর্থনীতির মূল ধারায় নারীর সম্পৃক্ত বেড়েছে। সমাজে তাঁদের কণ্ঠস্বর বড় হচ্ছে। বিগত এক দশকে গণমাধ্যমের বিকাশ হয়েছে। আমি যখন বাংলাদেশে কাজ করেছি, তখন কোনো দৈনিক কাগজের প্রচারসংখ্যা এক লাখের বেশি ছিল না। এখন শুনেছি চার লাখের বেশি ছাপা হচ্ছে দৈনিক প্রথম আলো। এটি একটা বড় অগ্রগতি। সাধারণ মানুষের গণমাধ্যমের ওপর আস্থা বেড়েছে। তৈরি হয়েছে একটি সক্রিয় নাগরিক সমাজ। এরাই বাংলাদেশে রাজনৈতিক ধারায় পরিবর্তন আনবে। যে রাজনীতির ভিত্তি হবে সুবিধাবাদ নয়, সামাজিক ও অর্থনৈতিক বিকাশ।