অনেক ভালো কথা থাকলেও প্রস্তাবিত ২০১০-১১ অর্থবছরের বাজেটে সুশাসন প্রতিষ্ঠা করে দুর্নীতি প্রতিরোধের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। সুশাসন কীভাবে প্রতিষ্ঠিত হবে বা দুর্নীতি কীভাবে কমানো হবে—গতবারের তুলনায় এবারের প্রস্তাবিত বাজেটে তার কিছুই উল্লেখ নেই।মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘বাজেট ২০১০-১১: ব্যবসায়ীদের দৃষ্টিতে’ শীর্ষক আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এ কথা বলেন।আরেক বিশেষ অতিথি ও সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বিদ্যুৎ ঘাটতিকে এক নম্বর সমস্যা মেনে নিলেও বাজেটে কয়লানীতি সম্পর্কে সুস্পষ্ট কোনো নির্দেশনা না থাকাটা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন।গতকাল রোববার মতিঝিলে মেট্রো চেম্বারের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমসিসিআইয়ের সভাপতি এম আনিসউদ্দৌলা। প্রস্তাবিত বাজেটের সার্বিক দিক বিশ্লেষণ করেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, পাঁচ বছরে নয় হাজারেরও বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হচ্ছে। কিন্তু এ বিষয়ে কোনো পথ-নকশা নেই। এরই মধ্যে সরকারের দেড় বছর চলে গেছে। কেউ জানে না, উৎপাদনটা শুরু হবে কবে?মধ্য আয়ের দেশে পরিণত হওয়া কিংবা কিছুটা হলেও অগ্রসর হতে হলে নগরায়ণের পথে যেতেই হবে বলে মনে করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ জন্য গ্রামে ছোট শহর গড়ে উঠতে পারে। সুতরাং শুধু রাজধানী নয়, ভূমি ব্যবস্থাপনার দিক থেকে সারা দেশের জন্যই সঠিক পরিকল্পনা নিতে হবে বলে মনে করেন তিনি।সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) প্রসঙ্গে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘এক ধরনের পিপিপি তো চালুই রয়েছে। অপেক্ষা করতে হবে কেন? দেড় বছরে পিপিপি বলে সময় নষ্ট না করে বরং কিছু প্রকল্প করে ফেলা যেত।’ ওয়াহিদউদ্দিন আরও বলেন, করের আওতা ও হার পরিবর্তন স্বাভাবিক। কিন্তু বিশেষজ্ঞ, গবেষক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ছাড়া এবং শিল্পনীতির সঙ্গে সম্পর্ক না রেখে প্রতিবছর তা বাড়ানো-কমানো উচিত নয়।সভায় এমসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়, দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য মোট দেশজ উৎপাদনে (জিডিপি) শিল্প খাতের অবদান বাড়তে হবে। উন্নয়ন ঘটাতে হবে উৎপাদনশীল খাতের উৎপাদনশীলতা পরিস্থিতির। এ জন্য চারটি বিষয়ের প্রতি বিশেষভাবে নজর দেওয়ার দরকার। এগুলো হচ্ছে—রপ্তানি খাতে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, দক্ষ জনশক্তি গড়ে তোলা, বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্র উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।এমসিসিআইয়ের মতে, সম্পদ আহরণ ও বাজেটের বাস্তবায়ন দক্ষতার দিক থেকে আপাতদৃষ্টিতে বাজেটকে চ্যালেঞ্জিং ও উচ্চাভিলাষী মনে হতে পারে। কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বরাদ্দের পরিমাণের দিক থেকে মোটেও তা নয়।ব্যাংক খাত থেকে সরকারের ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা চলতি অর্থবছরের সংশোধিত বাজেট থেকে ৮১ শতাংশ বেশি। এতে ঋণের সুদ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করে এমসিসিআই।সংগঠনটি বলেছে, বাজেটে শেয়ার ব্যবসায়ের মাধ্যমে অর্জিত কোম্পানির আয়ের ওপর কর আরোপের প্রস্তাব অপরিণত ও উৎপাদনবিমুখ এক সিদ্ধান্ত। উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের ক্ষেত্রে মূলধনি লাভের ওপর প্রস্তাবিত করও বৈষম্যমূলক। অন্যদিকে প্রত্যাহার করা উচিত শেয়ারের প্রিমিয়াম মূল্যের ওপর কর আরোপের প্রস্তাব। কারণ প্রিমিয়াম কোনো মুনাফা নয়, বরং পুঁজি। মেট্রো চেম্বার মনে করে, দেশের মূল্যবান সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনে জাতীয় কয়লানীতি জরুরিভাবে ঘোষণা করা প্রয়োজন। বাণিজ্য ও শিল্পে নিয়োজিত শ্রমশক্তিকে দক্ষ ও কার্যকর করার জন্য মানবসম্পদ উন্নয়ন সর্বাধিক গুরুত্ব বহন করে। বিশেষ করে ভোকেশনাল ও কারিগরি দক্ষতা উন্নয়নের প্রয়োজন।এমসিসিআইয়ের মতে, বাজেটে জিডিপি, আমদানি, রপ্তানি, রেমিট্যান্স এবং বিনিয়োগে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হলেও আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে মূল্যস্ফীতি কীভাবে নিয়ন্ত্রণে রাখা যাবে সে বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল।মূসক নিবন্ধন ও আয়কর বিবরণী অনলাইনে দাখিলের পদ্ধতি চালু করার উদ্যোগ এবং মূসক আইন, বিধি ও মূল্য ঘোষণা পদ্ধতির সরলীকরণকে স্বাগত জানিয়েছে এমসিসিআই। তবে ব্যাংকব্যবস্থা থেকে সরকার উচ্চহারে ঋণ নিলেও ঋণের সুদ বাড়বে না বলে মনে করেন মির্জ্জা আজিজুল ইসলাম। ১৯৯০-৯১ থেকে ২০০৬-০৭ পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে তিনি এই মতামত দেন।মির্জ্জা আজিজ আরও বলেন, দেশে বেকার সমস্যা রয়েছে। আবার দক্ষ লোকেরও রয়েছে অভাব। ভোকেশনাল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কী দক্ষতা তৈরি করা হচ্ছে, সেটাও দেখতে হবে।বাজেটে কয়লানীতি সম্পর্কে স্পষ্ট নির্দেশনা থাকা উচিত ছিল বলেও মনে করেন মির্জ্জা আজিজ।প্রিমিয়াম আয়ের ওপর কর আরোপ প্রত্যাহারের জন্য এমসিসিআইয়ের সুপারিশে একমত পোষণ করলেও মির্জ্জা আজিজ উদ্যোক্তা শেয়ারধারীদের মূলধনি আয়ের ওপর কর আরোপে কোনো অসুবিধা নেই বলে মন্তব্য করেন। অন্যান্যের মধ্যে আলোচনায় আরও অংশ নেন পিআরআইয়ের চেয়ারম্যান জায়েদী সাত্তার, এমসিসিআইয়ের সহসভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, সাবেক সচিব সোহেল আহমেদ চৌধুরী, প্রাণ গ্রুপের প্রধান নির্বাহী আমজাদ খান চৌধুরী, সিটিব্যাংক এনএর কান্ট্রি অফিসার মামুন রশীদ, সামিট পাওয়ারের ফিন্যান্স ডিরেক্টর আয়েশা আজিজ খান প্রমুখ।অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান, সিঙ্গার বাংলাদেশের এমডি মাহবুব জামিল, লায়লা রহমান কবির প্রমুখ উপস্থিত ছিলেন।