২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে দুর্নীতিবান্ধব হিসেবে অভিহিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের সুনির্দিষ্ট দিকনির্দেশনাহীন এ বাজেট দেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে।
টিআইবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, দুর্নীতি ও জালিয়াতিতে জর্জরিত রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক খাতের ঘাটতি পূরণে সাধারণ মানুষের করের টাকা জোগান দেওয়া অনৈতিক। প্রস্তাবিত বাজেটের কর আদায় প্রক্রিয়া সীমিত আয়ের মানুষের জন্য বৈষম্যমূলক। কালোটাকা বৈধ করার সুযোগ অব্যাহত রাখা, মেগা প্রকল্পের খরচে স্বচ্ছতা না থাকার মতো বিষয়গুলোতেও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ব্যাংক খাতে চলমান দুর্নীতি ও অর্থ পাচার বন্ধে প্রস্তাবিত বাজেটে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের জন্য ২ হাজার কোটি টাকার জোগান দেওয়ার প্রস্তাব করে দুর্নীতিকেই প্রতিপালন ও উৎসাহিত করা হয়েছে। এটি ব্যাংকিং খাতে লুটপাট ও খেলাপি ঋণের সংস্কৃতি স্থায়ী এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এক অশুভ উদ্যোগ।
ইফতেখারুজ্জামান আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ড করদাতার সংখ্যা বাড়িয়ে আয়কর বৃদ্ধিতে ব্যর্থ হয়ে ক্রমাগতভাবে মূল্য সংযোজন কর (মূসক) নির্ভর হয়ে পড়ছে। মূসকের চূড়ান্ত বোঝা সাধারণ জনগণের ওপর আরোপিত হতে বাধ্য। এর সঙ্গে মূল্যস্ফীতি ও অসাধু ব্যবসায়ীদের কারসাজি যুক্ত হয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে অস্থিতিশীলতা ও ক্ষোভ বাড়বে।
টিআইবির বিবৃতিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য গঠিত বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডে (বিসিসিটিএফ) ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এটি কমপক্ষে ৪০০ কোটি টাকা হওয়া উচিত। বিদেশি উৎস থেকে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত না করে বিসিসিটিএফের বরাদ্দ না বাড়ানো হলে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী আরও ঝুঁকির মধ্যে পড়বে। জলবায়ু পরিবর্তন রোধে সহায়ক সৌরবিদ্যুতের ওপর ১০ শতাংশ কর বসানোর প্রস্তাবও গ্রহণযোগ্য নয়। বাজেটে কালোটাকাকে বৈধতা দেওয়ার অসাংবিধানিক, অনৈতিক ও বৈষম্যমূলক প্রক্রিয়ার জোর প্রতিবাদ জানিয়েছে টিআইবি।