আইডিআরএর চেয়ারম্যান
দুর্নীতির অভিযোগের মুখে মোশাররফের পদত্যাগ
বিএফআইইউ এম মোশাররফ ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৩০টি ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের প্রমাণ পায়।
দুর্নীতির অভিযোগ মাথায় নিয়েই শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম মোশাররফ হোসেন। গত মঙ্গলবার তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে পদত্যাগপত্র জমা দেন। গতকাল বুধবার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে আইডিআরএর নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক পরিকল্পনাসচিব মোহাম্মদ জয়নুল বারীকে নিয়োগ দেওয়া হয়েছে।
এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) পাঁচটি ব্যাংকের ৩০টি ব্যাংক হিসেবে মোশাররফ হোসেন ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের প্রায় ৪২ কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে। বিএফআইইউর এ–সংক্রান্ত প্রতিবেদন নিয়ে এখন কাজ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিএফআইইউর প্রতিবেদনের ভিত্তিতে বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়। এতে এম মোশাররফ হোসেনের পদত্যাগের দাবি আরও জোরালো হয়। এ অবস্থায় গত মঙ্গলবার ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন মোশাররফ হোসেন। তবে খাতসংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণ’–এর কথা বললেও তিনি আসলে পদত্যাগে বাধ্য হয়েছেন।
সংস্থাটির নতুন চেয়ারম্যান করা হয়েছে সাবেক পরিকল্পনাসচিব মোহাম্মদ জয়নুল বারীকে।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করেছে। এর একটিতে আইডিআরএর নতুন চেয়ারম্যান হিসেবে সরকারের সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে তাঁর অবসরোত্তর ছুটির অবশিষ্টাংশ বাতিল ও অন্যসব প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা বলা হয়। যোগদানের তারিখ থেকে তাঁর মেয়াদ গণনা শুরু হবে। অপর প্রজ্ঞাপনে গত ১৪ জুন এম মোশাররফ হোসেনের পদত্যাগপত্র দাখিল ও তা গৃহীত হওয়ার কথা জানানো হয়।
মোশাররফের বিরুদ্ধে যত অভিযোগ
২০১৮ সালের ৪ এপ্রিল থেকে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আইডিআরএর সদস্য ছিলেন মোশাররফ হোসেন। একই বছরের ২৭ সেপ্টেম্বর তাঁকে সংস্থাটির চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। তাঁর চেয়ারম্যান পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে আবু সালেহ মোহাম্মদ আমিন মেহেদী নামের এক বিনিয়োগকারী ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন। এরপর তাঁর নিয়োগ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করেন।
২০২১ সালে প্রথম এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে ঘুষ দাবি করার অভিযোগ তোলে ডেলটা লাইফ ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ। মোশাররফ হোসেন ওই অভিযোগ অস্বীকার করেন। ডেলটা লাইফে প্রশাসক নিয়োগকে কেন্দ্র করেই মোশাররফের বিরুদ্ধে ঘুষ দাবির বিষয়টি সামনে আসে। মোশাররফ হোসেন একসময় ডেলটা লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন।
বিএফআইইউ এম মোশাররফ ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৩০টি ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের প্রমাণ পায়। এ–সংক্রান্ত প্রতিবেদন দুদকে জমা দেয় সংস্থাটি। এরপর দুদক গত ১ জুন মোশাররফ হোসেনকে ২১ কার্যদিবসের মধ্যে তাঁর সম্পদের হিসাব দেওয়ার জন্য চিঠি দেয়।
বিএফআইইউর প্রতিবেদন অনুযায়ী, মোশাররফ হোসেনের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—লাভস অ্যান্ড লাইভস অর্গানিক লিমিটেড, গুলশান ভ্যালি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, এলএলওএল এমপ্লয়িজ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, এলএলওএল এমপ্লয়িজ গ্র্যাচুইটি ফান্ড, জিভিএআইএল এমপ্লয়িজ কন্ট্রিবিউটরি ফান্ড, জিভিএআইএল এমপ্লয়িজ গ্র্যাচুইটি ফান্ড, কাশফুল ডেভেলপমেন্ট লি., এমপ্লয়িজ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, কেডিএল এমপ্লয়িজ গ্র্যাচুইটি ফান্ড, মুহম্মদ শহীদুল্লাহ অ্যান্ড কোম্পানি ও কোয়ান্টাম প্লাস ফাউন্ডেশন। এসব প্রতিষ্ঠানের নামে ব্যাংকগুলোয় প্রায় ৩৩ কোটি টাকা লেনদেন হয়েছে। এ ছাড়া মোশাররফ হোসেনের নামে তিনটি এবং তাঁর স্ত্রী জান্নাতুল মাওয়ার নামে চারটি ব্যাংক হিসাবে তিন কোটি টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে জমা হয়।
এম মোশাররফ হোসেনের ঘোষিত পেশা, অর্থের উৎস ও হিসাব খোলার উদ্দেশ্যের সঙ্গে আলোচ্য হিসাবগুলোয় হওয়া লেনদেনে ব্যাপক অসামঞ্জস্য রয়েছে বলে বিএফআইইউর প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বিভিন্ন উৎস থেকে প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ডের হিসাবে অর্থ জমা হওয়া, নগদ উত্তোলন, মোশাররফ হোসেনের একক স্বাক্ষরে হিসাব পরিচালনা ও হিসাব থেকে তাঁর নিজের নামে এফডিআর করার নজির দেখা গেছে, যা স্বাভাবিক বলে মনে হয় না। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ডের অর্থ কর অব্যাহতি সুবিধা পায়। ফলে কর ফাঁকি দেওয়ার ব্যাপারে সন্দেহ রয়েছে বিএফআইইউর।