প্রতিরোধের জন্য কাজ করছে উইমেন চেম্বার
দুর্নীতির জন্য নারী উদ্যোক্তারা আনুষ্ঠানিক ব্যবসায় পিছিয়ে
বাংলাদেশে লাখ লাখ নারী উদ্যোক্তা আছেন। কিন্তু তাঁদের অধিকাংশেরই ট্রেড লাইসেন্স নেই। কারণ এটি করতে গেলে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা বাড়তি টাকা দাবি করেন। এ জন্য নারীরা পুরুষদের মতো আনুষ্ঠানিকভাবে ব্যবসায় নামতে পারছেন না। আর এ কারণে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। তবে সম্প্রতি সমন্বিত উদ্যোগের ফলে নারী উদ্যোক্তারা দুর্নীতিকে প্রতিহত করতে শুরু করেছেন। তথ্য-জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দুর্নীতিকে ‘না’ বলছেন তাঁরা। এ অবস্থায় আগামী পাঁচ বছরে নারী উদ্যোক্তারা কীভাবে বেরিয়ে আসবেন এবং তাঁদের অবস্থান কী হবে, সে জন্য একটি নীতিমালা করা প্রয়োজন। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) আয়োজিত এক সেমিনারে তৃণমূল নারী উদ্যোক্তা ও নেত্রীরা এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ইউএসএইড বাংলাদেশের উপপরিচালক প্রেট্রিক বোয়ারস, বিডব্লিউসিসিআইয়ের সভাপতি সঙ্গীতা আহমেদ প্রমুখ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমিতির সাবেক সভাপতি সেলিমা আহমেদ। সেমিনারে মুক্ত আলোচনা পর্বে খুলনা, রাজশাহী, রংপুর, লালমনিহাট, গাজীপুরসহ বেশ কয়েকটি জেলায় দুর্নীতির শিকার হওয়া কয়েকজন তৃণমূল নারী উদ্যোক্তা নিজেদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। একই সঙ্গে কীভাবে তাঁরা এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন, সে বিষয়েও বিস্তারিত বলেন। উইমেন চেম্বারের সাবেক সভাপতি সেলিমা আহমেদ বলেন, দুর্নীতি একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। নারীদের ট্রেড লাইসেন্স নিতে ৯২৫ টাকা ঘুষ ও ব্যাংক ঋণ নিতে গেলে তিন হাজার ৯৫০ টাকা পর্যন্ত বেশি দিতে হয়। কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিতেও হয়রানির শিকার হতে হচ্ছে। তথ্য না জানার কারণে নারীরা এর কোনো প্রতিকার করতে পারেন না বলে মন্তব্য করেন তিনি। এ জন্য দুর্নীতির বিরুদ্ধে নারী উদ্যোক্তাদের সচেতন করতে গত বছর বিডব্লিউসিসিআই, ইউএসএইড ও প্রগতির সহায়তায় একটি প্রকল্পের কাজ শুরু হয় বলে জানান তিনি।সেলিমা আরও বলেন, এই প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের সচেতন করার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে প্রতিটি বিভাগে কমিটি করা হয়, যাঁরা সংঘবদ্ধভাবে দুর্নীতির শিকার উদ্যোক্তাকে সহায়তা করেন। এ ছাড়া আছে একটি হটলাইন।বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, ‘দেশে দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে আছে। এরই মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে। তবে দুর্নীতি বন্ধে আমাদের রাজনৈতিক সদিচ্ছার অভাব নেই।’ বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘দুর্নীতি বন্ধে যে প্রক্রিয়া চালু থাকা প্রয়োজন তা আমরা করতে পারছি না। তবে নারী উদ্যোক্তারা যেভাবে এগিয়ে আসছেন সেটা আশাব্যঞ্জক। এটি অব্যাহত থাকলে দুর্নীতি অনেকটা হ্রাস পাবে।’টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি কোনো দেশের একক সমস্যা নয়, এটি আন্তর্জাতিক সমস্যা। দুর্নীতির একটি আন্তর্জাতিক লেনদেন আছে। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘দুর্নীতির কারণে সরকার পদ্মা সেতুর কাজ শুরু করতে পারছে না। বিশ্বব্যাংক এমন একটি অবস্থান নিয়েছে যে, মাথাব্যথার জন্য মাথা কেটে নেওয়া হবে। পদ্মা সেতুর ক্ষেত্রে আন্তর্জাতিক দুর্নীতি বাংলাদেশে এসেছে। অথচ কানাডীয় প্রতিষ্ঠানটিই মন্ত্রীর প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করতে চেয়েছে।’ ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি সমাজে শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু রাষ্ট্র সেটি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। সমাজে দুর্নীতি করলে পার পাওয়া যাবে—এমন দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে। তিনি বলেন, সংবিধান বলছে কালোটাকা বৈধ করা যাবে না। কিন্তু প্রতি বাজেটে এই সুযোগ দেওয়া হচ্ছে। মানে নৈতিকতার অবক্ষয় রাষ্ট্রক্ষমতা থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে।ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘সংসদ জনগণের কাছে জবাবদিহি করার জায়গা। কিন্তু সংসদের ৮০ শতাংশ কর্মঘণ্টা বর্জন করে বিরোধী দল একে অকার্যকর করে রেখেছে।’ তিনি অভিযোগ করে বলেন, সরকার দুর্নীতি দমন কমিশনের ওপর এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করে রেখেছে। এ জন্য গত সাড়ে তিন বছরে এটি একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়ে আছে। সঙ্গীতা আহমেদ বলেন, দুর্নীতি দেশের মৌলিক সমস্যা। এ জন্য প্রবৃদ্ধি হ্রাস পায়। অনেক নারী উদ্যোক্তা দুর্নীতির কারণে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। ঢাকা কাস্টমস হাউসের মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, অজ্ঞতার কারণেই দুর্নীতির সুযোগ সৃষ্টি হয়। কর শনাক্তকরণ নম্বর পেতে কোনো টাকা দিতে হয় না। শুল্ক ও কর দিতেও কোনো ফি লাগে না। সরকারের আইনকানুন জানা থাকলে এই বিষয়গুলো সহজ হয়।