বাংলাদেশের মানুষ দেখতে চায়, তাদের টাকা সঠিকভাবে ব্যয় হচ্ছে, যা প্রবৃদ্ধির কাজে লাগছে। বিশ্বব্যাংকের বিদায়ী আবাসিক পরিচালক অ্যালেন গোল্ডস্টেইন এ মন্তব্য করেছেন। গোল্ডস্টেইন আরও বলেছেন, ‘পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে আমার নাম জড়িত থাকবে। কেননা এই প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ায় পথেঘাটে, দোকানপাটে মানুষ আমার প্রশংসা করে।’ পদ্মা সেতু প্রকল্প সম্পর্কে গতকাল এসব কথা বলেন অ্যালেন গোল্ডস্টেইন। বিশ্বব্যাংকের দেশ সহযোগিতা কৌশলপত্রের (কান্ট্রি অ্যাসিস্ট্যান্স স্ট্র্যাটেজি পেপারে বা সিএএসপি) মধ্যমেয়াদি মূল্যায়ন পর্যালোচনা অনুষ্ঠানের পর অ্যালেন গোল্ডস্টেইন এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে বিশ্বব্যাংকের ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া প্রসঙ্গে গোল্ডস্টেইন আরও বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে বেশ কিছু প্রশ্নের উত্তর চেয়েছে বিশ্বব্যাংকের স্বতন্ত্র বিশেষজ্ঞ দল। এসব উত্তর পাওয়ার পর বিশেষজ্ঞ দল প্রতিবেদন জমা দেবে। এরপর সহ-অর্থায়নকারীদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবে বিশ্বব্যাংক।’ এই মাসের মধ্যেই সিদ্ধান্ত না জানালে বিকল্প উপায়ে পদ্মা সেতু হবে—অর্থমন্ত্রীর এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক বলেন, ‘সরকার চাইলে তাদের প্রকল্পের জন্য যেকোনো সিদ্ধান্ত পারে। বিদেশি সহায়তায় নাকি অন্য কোনো উপায়ে এই সেতু করবে—সেই সিদ্ধান্ত সরকার নিতেই পারে।’অনুষ্ঠানে গোল্ডস্টেইন আরও বলেন, রাজনীতিবিদ ও আমলাদের চারিত্রিক সততা বাংলাদেশের উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তবে এটা রাতারাতি হবে না। এতে সময় লাগবে। একই অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব আবুল কালাম আজাদ বলেন, ‘উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা থাকতেই হবে। তাই বলে কি উন্নয়ন বন্ধ থাকবে?’দাতাদের সমালোচনা করে আবুল কালাম আজাদ বলেন, ‘একটি প্রকল্পে পরামর্শক নিয়োগ থেকে কার্যাদেশ দেওয়া পর্যন্ত ১৪১ দিন সময় লেগেছে। আরেক প্রকল্পে অর্ধেক কার্যাদেশ দিতে ২০০ দিন সময় লেগেছে। সরকারের নিজস্ব অর্থায়নের শতভাগ খরচ হলেও অনুমোদন-প্রক্রিয়ায় জটিলতায় দাতাদের অর্থ খরচ হয় না। কেন?’অনুষ্ঠানে সিএএসপির ওপর মূল্যায়ন করে অবস্থানপত্র উপস্থাপন করেন ইআরডির অতিরিক্ত সচিব আরাস্তু খান, বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা লিসান্দ্রো মার্টিন। আরও বক্তব্য দেন স্বতন্ত্র পর্যবেক্ষক হিসেবে মূল্যায়ন করা বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, প্রকল্প পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের বিশ্বব্যাংকের কার্যক্রমের মূল্যায়ন করতে গিয়ে দেশের ক্রমশ উন্নতির প্রশংসা করেন অ্যালেন গোল্ডস্টেইন। তিনি উদাহরণ দিয়ে বলেন, বাংলাদেশের সরকারি কেনাকাটায় ‘ইলেট্রনিক ক্রয় প্রক্রিয়া’ এখন অন্য দেশেও চালুর উদ্যোগ নিচ্ছে বিশ্বব্যাংক। তাঁর মতে, নাগরিকদের সচেতন করতে পারলে উন্নয়ন প্রকল্পে সুশাসনের দুর্বলতা কাটানো সম্ভব। অন্যদিকে ইআরডির সচিব বলেন, দাতাদের অর্থায়নের পোর্টফোলিও অনেক বড়, কিন্তু ছাড় কম। দাতাদের অর্থ ছাড়ের প্রক্রিয়া আরও সহজ করার তাগিদ দেন তিনি। আরাস্তু খান প্রশ্ন তোলেন, সরকারের অগ্রাধিকারগুলোর সঙ্গে বিশ্বব্যাংকের সহায়তা কৌশলের কতটা সমন্বয় রয়েছে? তাঁর মতে, সহায়তা কৌশলের আওতায় বিশ্বব্যাংক ৯০ শতাংশ অর্থ দেয়। সরকারের পরিকল্পনার সঙ্গে বিশ্বব্যাংকের কৌশলের সামঞ্জস্য থাকা উচিত। শাহীন আনাম বলেন, রাস্তা নির্মাণের ফলে স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ পানি ও অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ বেড়েছে। আর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আশ্রয়কেন্দ্রের সংখ্যাও বেড়েছে।