দুর্নীতির বড় আখড়ায় পরিণত হয়েছে এনবিআর: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের মন্ত্রণালয়ের অধীন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুর্নীতির বড় আখড়ায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন খোদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাঁর মতে, এই দুর্নীতিটি সবচেয়ে বেশি হয় কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) খোলার ক্ষেত্রে। অর্থমন্ত্রী বলেন, ‘এখন বিভিন্ন খাতেরই দুর্নীতির চিত্র উঠে আসছে। এটি আমাদের জাতীয় লজ্জার বিষয়।’ তিনি মনে করেন, সরকারের দুর্নীতিবিরোধী অভিযানে দুর্নীতির মাত্রা কমানো যাবে, একেবারে নিরসন করা যাবে না। সে জন্য দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে জনগণের প্রতিরোধের দরকার। রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) আয়োজিত ‘দুর্নীতি দমন প্রচেষ্টায় নারী উদ্যোক্তা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি সেমিনারে বিশেষ অতিথি ছিলেন। বিডব্লিউসিসিআইয়ের সভাপতি সেলিমা আহমাদের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি সঙ্গীতা আহমেদ।সেমিনারে ৩০০ নারী উদ্যোক্তার অংশগ্রহণভিত্তিক একটি সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে বলা হয়, দুর্নীতি ও আর্থিক অনিয়মের ফাঁদে আটকে নারী উদ্যোক্তারা যে শুধু এগিয়ে যেতেই পারছেন না, তা নয়, ক্ষেত্রবিশেষে তাঁরা পিছিয়েও পড়ছেন। সমীক্ষা মতে, দেশের ৪৭ শতাংশ নারী উদ্যোক্তাকে টিআইএন পেতে ঘুষ দিতে হয়েছে। ১০ শতাংশ দিয়েছেন বিভিন্ন উপহার-সামগ্রী। আর ২৪ শতাংশ উদ্যোক্তা বিভিন্ন বিলসংক্রান্ত দুর্নীতির কবলে পড়েছেন। এ ছাড়া ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রেও ৩৭ শতাংশ উদ্যোক্তার কাছে ঘুষ চাওয়া হয়েছে বলে সমীক্ষায় উঠে এসেছে। অর্থমন্ত্রী বলেন, ‘নারী উদ্যোক্তাদের এসব দুর্ভোগের কথা শুনে আমি আশ্চর্যান্বিত হয়েছি।’ আর সমীক্ষার চিত্র দেখে মনে হচ্ছে, ‘দুর্নীতির বড় আখড়ায় পরিণত হয়েছে আয়কর কার্যালয়।’তবে অর্থমন্ত্রী এও বলেন, আয়কর কার্যালয়ের লক্ষ্য হলো জনগণকে করজালের আওতায় আনা। টিআইএন পাওয়া এখন খুবই সহজ বলে উল্লেখ করেন তিনি। জেমস এফ মরিয়ার্টি বলেন, যেকোনো সরকারের দায়িত্বের মূল উপাদান হলো দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। তিনি বলেন, দুর্নীতি দূর করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায়ের সংগ্রামে থাকা যেকোনো দেশের জন্যই যুক্তরাষ্ট্র সহায়ক শক্তি। সেলিমা আহমাদ নারী উদ্যোক্তাদের পরিচালিত ব্যবসায় প্রতিষ্ঠানে পাঁচ বছরের জন্য বিশেষ হারে মূল্য সংযোজন কর (মূসক) সুবিধা এবং বিশেষ ব্যাংক ঋণ প্রদানের দাবি জানান।