দুর্বল কোম্পানিগুলোর অস্বাভাবিক দরবৃদ্ধি অব্যাহত রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুর্বল মৌলভিত্তির কোম্পানিগুলোর অস্বাভাবিক দরবৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে লেনদেন ও দরবৃদ্ধির শীর্ষ তালিকায়ও উঠে এসেছে এসব কোম্পানি। লাগামহীনভাবে কিছু কোম্পানির অস্বাভাবিক দরবৃদ্ধি ঘটলেও দেখার যেন কেউ নেই।
এ অবস্থায় গতকাল সোমবার ডিএসইর পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘যেকোনো তদন্তের জন্য ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ আসতে হবে। আর সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএসই। কান কথায় কোনো ব্যবস্থা নেওয়া যায় না।’
অথচ শেয়ারবাজারের বর্তমান আচরণকে বেশ অস্বাভাবিক বলেই মনে করছেন বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানতে চাইলে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, বর্তমানে বাজারে যেসব কোম্পানি লেনদেন ও দরবৃদ্ধির শীর্ষ তালিকায় আধিপত্য বিস্তার করছে, সেটি স্বাভাবিক কোনো আচরণ নয়। বেশ কিছুদিন ধরে যেসব কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি ঘটছে, তাতে বোঝা যাচ্ছে বাজারে বিনিয়োগকারীর চেয়ে দৈনন্দিন লেনদেনকারীদের আধিপত্য বা দাপট বেশি। শেয়ার কেনার পর বিক্রয়যোগ্য হওয়ার দিনেই মুনাফা করবেন—এমন মানসিকতা থেকে কিছু কোম্পানির শেয়ারে ঝুঁকছেন বেশির ভাগ লেনদেনকারী।
এদিকে ডিএসইতে গতকাল লেনদেনের দিক থেকে শীর্ষ দশ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে তাল্লু স্পিনিং, সিএমসি কামাল, জেনারেশন নেক্সট, বাংলাদেশ সাবমেরিন কেব্ল, সায়হাম টেক্সটাইল, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ার, গ্রামীণফোন, জেএমআই সিরিঞ্জ ও বঙ্গজ। এদের মধ্যে তাল্লু স্পিনিং ও বঙ্গজের অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর জেএমআই সিরিঞ্জের প্রতিটি শেয়ারের দাম গত তিন মাসে নয় গুণেরও বেশি বেড়েছে।
এ ছাড়া দরবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে অগ্রণী ইন্স্যুরেন্স, বিডি অটোকারস, দেশ গার্মেন্টস, ইনটেক, শমরিতা হসপিটাল, রহিমা ফুড, লিগেসি ফুড, ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড, হাক্কানি পাল্প ও আলহাজ টেক্সটাইল।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুদিন ধরে যেসব কোম্পানির শেয়ারের দরবৃদ্ধি ঘটছে, সূচকে সেগুলোর প্রভাব কম। আবার সূচকে যেসব কোম্পানির প্রভাব বেশি, সেগুলোর দরপতন হচ্ছে।
ডিএসইর সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি আহসানুল ইসলাম বলেন, কিছুদিন ধরে বাজার সুস্থ-স্বাভাবিক আচরণ করছে। সূচক ১০০ থেকে ২০০ পয়েন্টের মধ্যে ওঠানামা করছে। অস্বাভাবিক দরবৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকাভুক্তি আইন অনুযায়ী কোনো কোম্পানির লেনদেন স্থগিত, বাতিল ও তালিকাচ্যুত করার অধিকার ডিএসইর আছে। অতীতে সেটি ব্যবহার করা হলেও তাতে খুব একটা সুফল পাওয়া যায়নি।
নিকুঞ্জ ভবনের জায়গা বরাদ্দের বিষয়ে আহসানুল ইসলাম বলেন, এই ভবন কাউকে বরাদ্দ বা লিজ দেওয়া হচ্ছে না। শুধু শেয়ারবাজার-সংশ্লিষ্ট কাজের জন্য সদস্যরা এটি ব্যবহার করতে পারবেন। এটির মালিকানা ডিএসইর থাকছে।
ডিএসইর সভাপতি আরও বলেন, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পুনঃ অর্থায়ন তহবিল থেকে ঋণসুবিধা নেওয়ার খুব বেশি আবেদন জমা পড়েনি।