দুর্বল কোম্পানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি অব্যাহত
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল দুর্বল মৌলভিত্তির কোম্পানি। এদিন শীর্ষ দশ কোম্পানির প্রথম পাঁচটি ছিল যথাক্রমে রহিমা ফুড, আনোয়ার গ্যালভানাইজিং, বিচ হ্যাচারি, ফাইন ফুডস ও কাশেম ড্রাইসেল। এসব কোম্পানির প্রতিটি শেয়ারের দাম গতকাল এক দিনেই প্রায় ১০ শতাংশ করে বেড়েছে।
মূল্যবৃদ্ধির শীর্ষ তালিকার এমন অবস্থা সম্পর্কে জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘স্বল্প মূলধনী কোম্পানি তাই কৃত্রিমভাবে এসব কোম্পানির অস্বাভাবিক দাম বাড়িয়ে একটি গোষ্ঠী মুনাফা তুলে নিতে চাইছে। এ ক্ষেত্রে যেকোনো সাধারণ বিনিয়োগকারীর উচিত এ ধরনের প্রবণতা থেকে নিজের বিনিয়োগকে সুরক্ষিত বা নিরাপদ রাখা।’
উল্লিখিত শীর্ষ পাঁচ কোম্পানির গত এক মাসের চিত্র পর্যালোচনায় মূল্যবৃদ্ধির অস্বাভাবিক প্রবণতার প্রমাণ পাওয়া গেছে। গত ২৪ নভেম্বর রহিমা ফুডের প্রতিটি শেয়ারের দাম ছিল প্রায় ৩৯ টাকা। ১৫ কার্যদিবসের ব্যবধানে সেটি গতকাল বেড়ে হয়েছে প্রায় ৮৪ টাকা। অর্থাৎ মাত্র ১৫ দিনে শেয়ারটির দাম বেড়েছে ৪৫ টাকা। অথচ কোম্পানিটির আর্থিক ভিত্তি খুবই দুর্বল।
একইভাবে ১৫ কার্যদিবসের ব্যবধানে আনোয়ার গ্যালভানাইজিং, বিচ হ্যাচারির প্রতিটি শেয়ারের দাম নয় টাকা, ফাইন ফুডসের সাত টাকা দাম বেড়েছে। আর মাত্র নয় কার্যদিবসে কাশেম ড্রাইসেলের প্রতিটি শেয়ারের দাম বেড়েছে আট টাকা। গত ১ ডিসেম্বর কাশেম ড্রাইসেলের প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৪ টাকা, গতকাল সেটি বেড়ে হয়েছে ৪২ টাকা।
দুর্বল মৌলভিত্তির এসব কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির লাগাম টানতে এখন কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, এই প্রবণতা রোধ না হলে তা পুরো বাজারের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
এদিকে প্রায় আড়াই মাসের স্থগিতাদেশের পর রোববার আবারও লেনদেন শুরু হয়েছে সিভিও পেট্রোকেমিক্যালসের। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর ডিএসই কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত করেছিল। এরই মধ্যে কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজির দায়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তিন প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করেছে।
স্থগিতাদেশের পর পুনরায় লেনদেন শুরুর দিনেই সিভিও পেট্রোকেমিক্যালসের প্রতিটি শেয়ারের দাম এক শতাংশ বা ৯ টাকা ৪০ পয়সা বেড়ে হয়েছে ৮৮৬ টাকা।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার দেশের সকল ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেনে বন্ধ থাকবে।