উদ্বোধনের পর কেটে গেল তিন দিন: বহির্নোঙরে অপেক্ষমাণ দুই জাহাজ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পণ্য খালাস বন্ধ
উদ্বোধনের তিন দিন অতিবাহিত হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পায়রা সমুদ্রবন্দর থেকে কোনো পণ্য খালাস হয়নি। অথচ খালাসের জন্য পণ্যবোঝাই দুটি জাহাজ বহির্নোঙরে অপেক্ষায় রয়েছে। গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরের ‘পণ্য খালাস কার্যক্রমের’ উদ্বোধন করেন।
জানা গেছে, পণ্য খালাসের জন্য গত ৩১ জুলাই থেকে বন্দরের রাবনাবাদ চ্যানেল থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে বহির্নোঙরে অপেক্ষায় রয়েছে পাথরবোঝাই জাহাজ এফবি ফরচুন বার্ড। চীন থেকে পদ্মা সেতুর কাজের জন্য এসব পাথর আনা হয়েছে। রোববার দুপুরে বহির্নোঙরে এসে পৌঁছেছে ক্লিংকারবোঝাই অপর জাহাজ এমভি এফ এস বিচ। মালয়েশিয়া থেকে আনা প্রায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন ক্লিংকার রয়েছে এমভি এফ এস বিচ জাহাজে।
পায়রা বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাবনাবাদ চ্যানেলে সাত মিটারের বেশি গভীরতার জাহাজ প্রবেশ করা সম্ভব নয়। কিন্তু পণ্য খালাসের জন্য বহির্নোঙরে অপেক্ষমাণ দুটি জাহাজেরই গভীরতা সাত মিটারের বেশি। তবে নাব্যতা বাড়াতে বন্দর কর্তৃপক্ষের উদ্যোগ রয়েছে বলে জানা গেছে।
এদিকে সরেজমিনে গতকাল মঙ্গলবার পায়রা বন্দরে গিয়ে দেখা গেছে, জেটিসংলগ্ন আন্ধারমানিক নদে ১০-১২টি ছোট লাইটার জাহাজ নোঙর করা আছে। লাইটার জাহাজের মাস্টার মো. মাসুদ আলম বলেন, প্রচণ্ড ঢেউয়ের কারণে ছোট লাইটার জাহাজগুলো বহির্নোঙরে যেতে পারছে না।
শিপিং ব্যবসার সঙ্গে জড়িত একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস করতে যেতে ছোট জাহাজগুলোর পাড়ি দিতে হয় দেড় ঘণ্টার পথ। সেখানে পায়রা বন্দরের বহির্নোঙর থেকে পণ্য খালাস করতে যেতে প্রায় পাঁচ ঘণ্টার পথ পাড়ি দিতে হবে। ঝড়-দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চট্টগ্রামের বহির্নোঙরে থাকা লাইটার জাহাজগুলো দ্রুত নিরাপদে সরে আসতে পারে। সেখানে পায়রা বন্দরে নিরাপদে ফেরাটাও একটা বড় সমস্যা।
এদিকে ১৬ দিন ধরে বহির্নোঙরে অপেক্ষমাণ এমভি ফরচুন বার্ড জাহাজ থেকে পণ্য খালাস করতে না পেরে এর আমদানিকারক প্রতিষ্ঠান, শিপিং এজেন্টসহ সংশ্লিষ্টরা হতাশ। কারণ, আমদানিকারক প্রতিষ্ঠানটিকে লাইটারেজ জাহাজের ভাড়া, তেল খরচ, লোকজনের খাবার খরচ, হোটেলভাড়া, পরিবহন খরচ, স্টিভেটর হাউসের (শ্রমিক সরবরাহকারী) খরচ গুনতে হচ্ছে।
এমভি ফরচুন বার্ড জাহাজের আমদানিকারক মো. জালাল উদ্দিন বলেন, ‘বহির্নোঙরে অবস্থান করা মাদার ভ্যাসেল থেকে মাল খালাসের জন্য আট-নয়টি লাইটার জাহাজ ভাড়া করেছি। প্রতিটির ভাড়া িদনে ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা। গত ১৬ দিনের জন্য ভাড়া বাবদ প্রায় এক কোটি টাকার মতো ভাড়া গুনতে হবে। এর বাইরে অন্যান্য খরচ মিলিয়ে প্রতিদিন আরও অন্তত তিন লক্ষ টাকা করে খরচ হয়েছে।’
জানতে চাইলে পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) কমান্ডার এম রফিকুল হাসান মুঠোফোনে বলেন, ‘সব ধরনের প্রস্তুতি থাকার পরও শুধু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পণ্য খালাস বন্ধ রয়েছে। এ সমস্যা দ্রুত কেটে যাবে।’