দুর্যোগ প্রতিরোধ-ব্যবস্থা চালু করল সিএসই
যেকোনো ধরনের দুর্যোগের মধ্যেও লেনদেন কার্যক্রম পরিচালনার জন্য দুর্যোগ প্রতিরোধ-ব্যবস্থা (ডিআর সিস্টেম) চালু করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সিএসইর ঢাকা অফিসে নতুন এই ব্যবস্থা চালু করা হয়েছে, যা সংক্ষেপে ডিআর সিস্টেম নামে পরিচিত।আজ সোমবার সিএসইর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএসইর নেক্সট জেনারেশন ট্রেডিং সিস্টেমের (এনজিটিএস) আওতায় নতুন এই ব্যবস্থা পরিচালিত হবে। সিএসইর চট্টগ্রামে অবস্থিত প্রধান কার্যালয়ে প্রাথমিক লেনদেন ব্যবস্থার (প্রাইমারি ট্রেডিং সিস্টেম) পাশাপাশি ঢাকা অফিসেও এই ডিআর সিস্টেম চালু করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেকোনো ধরনের দুর্যোগ বা দুর্ঘটনা মোকাবিলার লক্ষ্যে এই ব্যবস্থা চালু করা হয়েছে। নতুন এই ব্যবস্থা চালু করলে দুর্যোগপূর্ণ মুহূর্তে কোনো কারণে প্রধান কার্যালয়ের লেনদেন-ব্যবস্থা অকেজো হলে স্বয়ংক্রিয়ভাবে ঢাকা অফিসের লেনদেন-ব্যবস্থা চালু হয়ে যাবে। এতে গ্রাহকেরা নিরবচ্ছিন্নভাবে লেনদেন চালিয়ে যেতে পারবেন।