দুলামিয়া কটনের বিরুদ্ধে মামলা করবে বিডিবিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)। ঋণের টাকা ফেরত না পাওয়ায় অর্থঋণ আদালতে মামলা করবে বিডিবিএল। এর পাশাপাশি দুলামিয়া কটনের বন্ধকি সম্পত্তি নিলামের বিজ্ঞাপন দেওয়ারও উদ্যোগ নিয়েছে বিডিবিএল কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, বিডিবিএল ১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সময়ে দুলামিয়া কটনকে মোট ২১ কোটি ৬৯ লাখ ৭৬ হাজার টাকা ঋণ দেয়। সর্বশেষ ৩০ জুন ২০১৩ তারিখ পর্যন্ত এ কোম্পানির কাছে বিডিবিএলের পাওনা দাঁড়িয়েছে আট কোটি ৭৪ লাখ ৭৩ হাজার টাকা। ঋণ পরিশোধের বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষের একাধিকবার দৃষ্টি আকর্ষণ করেও কোনো সাড়া পায়নি বিডিবিএল। এ অবস্থায় ঋণের অর্থ উদ্ধার করতে অর্থঋণ আদালতে দুলামিয়া কটনের বিরুদ্ধের মামলা করার প্রস্তুতি নিয়েছে বিডিবিএল।

একই সঙ্গে ২০০৩ সালের অর্থঋণ আদালত আইনের ১২ ধারা অনুযায়ী ফেনীর দাগনভূঞায় অবস্থিত দুলামিয়া কটনের বন্ধকি সম্পত্তি নিলামের জন্য শিগগিরই পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে বিডিবিএলের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।