বাংলাদেশ ব্যাংকের চাহিদার পরিপ্রেক্ষিতে কোনো ধরনের শুল্ক ছাড়াই এক কোটি ডলার নগদ আমদানির সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে আমদানিতে অগ্রিম আয়কর প্রদান করতে হবে। ১৭ জানুয়ারি এনবিআর এ চিঠি দিলেও তা বাংলাদেশ ব্যাংকে পৌঁছায় গতকাল। রাজধানীর সেগুনবাগিচা থেকে মতিঝিলের দূরত্ব দুই কিলোমিটারের মধ্যে হলেও তা পৌঁছতে ৩৯ দিন সময় লেগে গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ডলার ব্যবসা থেকে লাভবান হতেই কোনো পক্ষ এনবিআরের চিঠি আটকে রেখেছিল। এ কারণে চিঠি আসতে এত সময় লেগে গেছে। ডলারের বাজার স্থিতিশীল হয়ে আসায় এখন আমদানির প্রয়োজনীয়তাও শেষ হয়ে এসেছে।
গত ডিসেম্বরে নগদ ডলারের তীব্র সংকট তৈরি হয়। ফলে খোলাবাজারে দাম বেড়ে হয় ৮৫ টাকা। ব্যাংকগুলোতে নগদ ডলারের মজুত কমে হয় ৭০ লাখ ডলার। এর পরিপ্রেক্ষিতে শুল্ক ছাড়া ডলার আমদানির সুযোগ চায় কেন্দ্রীয় ব্যাংক। এনবিআরে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ‘খোলাবাজার ও ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় মূল্যের পার্থক্য অনুকূলে না থাকায় প্রবাসী আয় কমে আসছে। এ ছাড়া বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীলতার স্বার্থে ডলার আমদানি প্রয়োজন।’ তবে বর্তমানে খোলাবাজারের দাম ৮১ টাকায় নেমে এসেছে, ব্যাংকগুলোতে মজুতও বেড়ে হয়েছে দেড় কোটি ডলারের কাছাকাছি।
এনবিআর চিঠিতে বলেছে, প্রবাসী আয় বাড়াতে ও বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করতে ডলার আমদানির অনুমোদন দেওয়া হলো। দুই ধাপে ৫০ লাখ করে এ ডলার আমদানি করতে হবে। জাতীয় স্বার্থে এ অনুমোদন দেওয়া হলো।