পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনার বিরুদ্ধে আদালতে করা রিট ঘিরে দেশের শেয়ারবাজারে এক ধরনের স্থিতাবস্থা বিরাজ করছে।তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণের বিষয়ে এসইসির নির্দেশনার বিরুদ্ধে একাধিক পরিচালক আদালতে এই রিট করেন।বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিটের শুনানি শুরু হয়েছে। গত বুধবার রিটের প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। এর আগ থেকেই রিটের বিষয়টি শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে, যার প্রভাব বাজারের ওপর পড়েছে।আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, আজ রোববার পরিচালকদের করা রিটের অসমাপ্ত শুনানি অনুষ্ঠিত হতে পারে। এর আগে আদালত অসমাপ্ত শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন। কিন্তু ওই দিন হরতালের কারণে শেষ পর্যন্ত আর নির্ধারিত শুনানি অনুষ্ঠিত হয়নি।দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গত সপ্তাহ শেষে প্রায় ৮৫ পয়েন্ট কমে পাঁচ হাজারের নিচে নেমে এসেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সপ্তাহ শেষে ১ দশমিক ৩৮ শতাংশ বা ২০৭ পয়েন্ট কমে নেমে এসেছে ১৫ হাজার পয়েন্টের নিচে।দুই বাজারেই গত সপ্তাহে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম কমেছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে গত সপ্তাহে ডিএসইতে ৭৩ শতাংশ এবং সিএসইতে ৭১ শতাংশেরই দাম কমেছে।সাপ্তাহিক বাজারের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বেসরকারি খাতের ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল বিভাগের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘বাজারে কিছুটা অস্থিরতা রয়েছে। রিটকে ঘিরেই এখন বাজার পরিচালিত হচ্ছে। বিনিয়োগকারীদের মনোভাব পুরোপুরি রিটকেন্দ্রিক। সুতরাং, ভবিষ্যতে বাজার কোন দিকে ধাবিত হবে, তা নির্ভর করছে রিটের ফলাফলের ওপর।’গত সপ্তাহ শেষে ডিএসইতে মোট এক হাজার ৭৮৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের সপ্তাহের চেয়ে ১৬ শতাংশ বা ২৪৭ কোটি টাকা বেশি। গত সপ্তাহ শেষে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ প্রায় ৭ শতাংশ বা ২৮ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৩৫৭ কোটি টাকায়।