দেউলিয়া হয়ে গেল ৯২ বছরের ঐতিহ্যবাহী এইচএমভি
সংগীত-বাণিজ্যে ৯২ বছরের ঐতিহ্যের অধিকারী রেকর্ড বিক্রেতা প্রতিষ্ঠান এইচএমভি (হিজ মাস্টার্স ভয়েস) নতুন ঋণ পেতে ব্যর্থ হয়ে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। এইচএমভির পরিচয় বহন করে থাকে লং প্লে রেকর্ড প্লেয়ারের সামনে মগ্ন হয়ে বসে থাকা একটি কুকুর।বিশ্বের নামীদামি শিল্পীদের গান বা বাজনার রেকর্ড প্রকাশ করে খুচরা পর্যায়ে বিক্রি করাই ছিল এইচএমভির ব্যবসা। কিন্তু ইন্টারনেটের বিকাশের সঙ্গে তাল মিলিয়ে সময়মতো তার ব্যবসার রূপান্তর ঘটাতে ব্যর্থ হওয়ায় বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠানটি বেশ কয়েক বছর ধরেই সংকটের মধ্যে ছিল।গত সোমবার এইচএমভির পরিচালকেরা এক বিবৃতিতে জানান, তাঁরা প্রশাসক নিয়োগ করছেন, যাঁরা প্রতিষ্ঠানটি বিক্রি অথবা গুটিয়ে ফেলার কাজে হাত দেবেন। যুক্তরাজ্যে এইচএমভির ২৫০টির বেশি দোকানে প্রায় সাড়ে চার হাজার কর্মচারী কাজ করেন, যাঁদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।বাজার-বিশ্লেষকেরা বলছেন, সংগীত ও চলচ্চিত্রের প্রায় ৭৬ শতাংশ লেনদেন এখন হয় অনলাইনে এবং ভোক্তারা হয় তা ইন্টারনেট থেকে নামিয়ে নেন, নয়তো সিডি বা ডিভিডির কার্যাদেশ দিয়ে থাকেন। আর এই অনলাইন ব্যবসায় এগিয়ে আছে আমাজন বা আই টিউন।১৯২১ সালে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে একটি দোকানের মাধ্যমে যাত্রা শুরু করে এইচএমভি। গতকাল মঙ্গলবার এইচএমভির শেয়ারের লেনদেনও বন্ধ করে দেয় লন্ডন স্টক এক্সচেঞ্জ।ব্রিটিশ শাসনামলে ভারতীয় উপমহাদেশে কলের গান নিয়ে আসে এইচএমভি। গ্রামোফোন রেকর্ড কোম্পানি থেকে বিভিন্ন শিল্পীর লং প্লে বের হতে থাকে। এর মধ্য দিয়ে বাংলাদেশে এইচএমভির নাম ও পরিচিতি ছড়িয়ে পড়ে।