দেউলিয়া ও ব্যাংক একীভূত আইন যুগোপযোগী হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘দেশের ব্যাংক খাত নিয়ে আমি আশাবাদী। বেশি ব্যাংক হয়েছে হোক। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাবে। চাপ প্রয়োগ করার প্রয়োজন নেই। তবে কিছু আইন যুগোপযোগী করা প্রয়োজন। ব্যাংক একীভূত ও দেউলিয়া আইন দুর্বল। এগুলো নতুন করে তৈরি করা হবে। দুই বছরে আমাদের সরকার এসব আইন যুগোপযোগী করতে প্রস্তুত থাকবে।’

রাজধানীর হোটেল ওয়েস্টিনে বসে গতকাল বৃহস্পতিবার ডিজিটাল পদ্ধতিতে মার্কেন্টাইল ব্যাংকের ১০টি শাখার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘একযোগে সুইচ টিপে ১০টি শাখা খোলা হচ্ছে, এটা ব্যাংক খাতের জন্য উল্লেখযোগ্য ঘটনা। অনেকে বলেন, খুব বেশি ব্যাংক সৃষ্টি হয়ে গেছে। আমি এসব নিয়ে মন্তব্য করতে চাই না। তবে ব্যাংকের সেবা অনেক বিস্তৃত হয়েছে। বিরাট জনগোষ্ঠী সেবার আওতায় এসেছে। ছাপার পর টাকার হাতবদল না হলে উন্নয়ন হয় না। বেশি ব্যাংক থাকায় টাকার হাতবদল বাড়ছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, একযোগে ডিজিটাল পদ্ধতিতে ১০ শাখা খোলার ঘোষণা এটাই প্রথম নয়। এর আগে প্রধানমন্ত্রী পল্লী সঞ্চয় ব্যাংকের ১০০ শাখা খুলেছিলেন। ব্যাংকগুলোতে যেন সুশাসন বজায় থাকে ও দক্ষ ঝুঁকি-ব্যবস্থাপনা থাকে, এ জন্য তৎপর থাকতে হবে। ব্যাংকগুলোকে তথ্যপ্রযুক্তিতে সব সময় আধুনিক থাকতে হবে।

ফজলে কবির বলেন, ‘ব্যাংকগুলো গ্রাহকের সঙ্গে কী আচরণ করল, এটা গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তি কখনো কর্মকর্তার সেবার আগে হতে পারে না। ঠিক তেমনি দেশে অনেক টেলিভিশন এসেছে, তবে সকালে চায়ের সঙ্গে সংবাদপত্র না হলে চলে না।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী মসিহুর রহমান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, তার একটি পদক্ষেপ হিসেবে একযোগে ১০ শাখার উদ্বোধন করা হলো। আমরা দেশের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে পরিচালন করতে চাই। ১১৯ শাখা, ১৪২ এটিএম ও ২টি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সারা দেশে ছড়িয়ে পড়ছি। ১৭ হাজার কোটি টাকা আমানত ও ১৪ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আহ্সান। একযোগে উদ্বোধন হওয়া শাখাগুলো হলো আসাদ গেট শাখা, লালমনিরহাট শাখা, নাটোর শাখা, চট্টগ্রামের সদরঘাট শাখা, নারায়ণগঞ্জের শিমরাইল শাখা, শরীয়তপুরের গোসাইরহাট শাখা, নোয়াখালীর কানকিরহাট শাখা, লক্ষ্মীপুরের মান্দারী বাজার শাখা, টাঙ্গাইলের গোড়াই শাখা ও আশুলিয়ার গৌরীপুর শাখা।

অনুষ্ঠানে সুইচ টিপে ১০টি শাখা উদ্বোধনের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শাখাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার চেষ্টা করেন। তবে ইন্টারনেট-ব্যবস্থার দুর্বলতার কারণে বেশির ভাগ শাখার সঙ্গেই কথা বলা সম্ভব হয়নি। উদ্বোধনী অনুষ্ঠানে বিমাব্যক্তিত্ব নাসির এ চৌধুরী, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্টের নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলামসহ বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।