দেউলিয়াপনা থেকে আইনি রক্ষা চেয়েছে ইস্টম্যান কোডাক
দেউলিয়া হওয়া থেকে রক্ষা পেতে আবেদন জানিয়েছে বিখ্যাত ক্যামেরা নির্মাতাপ্রতিষ্ঠান ইস্টম্যান কোডাক। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে ঋণদাতাদের চাপ থেকে মুক্ত থাকবে।যুক্তরাষ্ট্রে দেউলিয়া হওয়া থেকে রক্ষা পেতে আদালতে আবেদন করতে হয়, যাকে বলা হয় অধ্যায়-১১। এর আওতায় প্রতিষ্ঠানটিকে ঋণদাতাদের ঋণ পরিশোধের বাধ্যবাধকতা থেকে রেহাই দেওয়া হয়। পাশাপাশি ঋণ পরিশোধের বিকল্প ব্যবস্থা গ্রহণ বা ঋণের কিছু অংশ বিক্রি করে অর্থ সংগ্রহেরও সময় দেওয়া হয়।কোডাক একই সঙ্গে সিটিগ্রুপের কাছে ৯৫ কোটি ডলারের ঋণসুবিধা পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে।গত বছরই কোডাক কর্তৃপক্ষ জানিয়েছিল, ২০১১ সালের মধ্যে বিক্রেতা জোগাড় করতে না পারলে তারা নগদ অর্থশূন্য হয়ে পড়তে পারে। উল্লেখ্য, ১৮৮৩ সালে কোডাকের প্রতিষ্ঠাতা জর্জ ইস্টম্যান প্রথম ক্যামেরা ফিল্ম তৈরি করেন। আর ১৮৮৮ সালে প্রতিষ্ঠান হিসেবে কোডাক যাত্রা শুরু করে। সে বছরই তাদের প্রথম ক্যামেরা বাজারে আসে। ১৯৬৯ সালে চাঁদে অভিযানে আর্মস্ট্রং ও অলড্রিন কোডাক ক্যামেরা ব্যবহার করে প্রথম চাঁদের ছবি তোলেন। ১৯৭৫ সালে কোডাক বিশ্বের প্রথম ডিজিটাল ক্যামেরা আনে। ওই ক্যামেরাটি আয়তনে একটি টোস্টারের সমান ছিল। সূত্র: বিবিসি।