দেখা-সাক্ষাৎ বন্ধ, কাজ হবে স্বয়ংক্রিয়ভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্ক কর্মকর্তাদের সঙ্গে আর আমদানিকারক ও তার প্রতিনিধিদের সরাসরি দেখা হবে না। বিল অব এন্ট্রিসহ অন্য দলিলাদি সবই স্বয়ংক্রিয় বা ইলেকট্রনিক পদ্ধতিতে দাখিল করতে হবে। শুল্ক কর্মকর্তারাও তা পরীক্ষা করবেন ইলেকট্রনিক পদ্ধতিতে। পণ্যবাহী জাহাজ বন্দরে নোঙর করার পর থেকে খালাস পর্যন্ত কোনো পর্যায়ে আর আমদানিকারক বা তার প্রতিনিধিদের সঙ্গে শুল্ক কর্মকর্তাদের দেখা হওয়ার সুযোগ থাকবে না।
এখানেই শেষ নয়; ঘরে বসেই আমদানিকারকেরা শুল্ক বাবদ সব অর্থ পরিশোধ করতে পারবেন। বিল অব এন্ট্রি জমার পর শুল্ক কর্মকর্তারা শুল্কায়ন করে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দেওয়ার জন্য চাহিদাপত্র দেবেন। এরপর ওই আমদানিকারক তার নিজস্ব ব্যাংক হিসাব থেকে নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে সেই অর্থ পরিশোধ করবেন। আর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে শুল্ক বিভাগের নির্দিষ্ট সফটওয়্যারে। অর্থ পরিশোধের পর বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে পণ্য খালাস হয়ে যাবে।
সম্প্রতি বিদ্যমান শুল্ক আইন, ১৯৬৯-এর সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিশ্বব্যাংকের সহায়তায় একটি খসড়াও তৈরি করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় এক হোটেলে খসড়াটির ওপর ব্যবসায়ীসহ সব অংশীদারদের প্রাথমিক মতামত নিতে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। খসড়ায় ২৮টি অধ্যায়ে ৩২৪টি ধারা রয়েছে। গত মঙ্গলবার মত প্রকাশের জন্য এনবিআরের ওয়েবসাইটে খসড়াটি প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, খসড়া সংশোধনীতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আমদানি-রপ্তানি কাগজপত্র দাখিল ও শুল্ক পরিশোধের বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে। খসড়ার ৫ নম্বর অধ্যায়ের ২৫ থেকে ৩২ ধারা পর্যন্ত স্বয়ংক্রিয় পদ্ধতির ধরনের কথা বলা হয়েছে।
বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘ব্যবসা সহায়ক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শুল্কায়ন প্রক্রিয়া ত্বরান্বিত ও সহজ করার বিকল্প নেই। এ জন্য স্বয়ংক্রিয় শুল্কায়ন প্রক্রিয়ায় যেতেই হবে। এতে সময় ও খরচ সাশ্রয় হবে।’
শুল্ক আইন সংশোধন হলে বন্দরে আসার আগেই শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন আমদানিকারকেরা। যেমন, পণ্যবাহী জাহাজ সিঙ্গাপুর বন্দর ছাড়ার পরই শুল্ক বিভাগের নির্দিষ্ট পোর্টালে বিল অব এন্ট্রি জমা দিয়ে অগ্রিম শুল্ক পরিশোধ করতে পারবেন। ফলে সিঙ্গাপুর থেকে জাহাজ চট্টগ্রাম কিংবা মংলা বন্দর আসার আগেই শুল্কায়ন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। পণ্য বন্দরে ভিড়লে সরাসরি খালাস হবে।
সংশোধিত আইনের খসড়ায় শুল্ক বিভাগের সব ধরনের আইন, নতুন নিয়মবিধি, শুল্ক হারসহ সবকিছুই প্রকাশনা আকারে প্রকাশ করা বাধ্যতামূলক। এ ছাড়া নির্দিষ্ট ওয়েব পোর্টালেও প্রকাশ করতে হবে যেন তা বহির্বিশ্বের আমদানি-রপ্তানিকারকেরা দেখতে পারেন।
শুল্ক বিভাগ তার নির্দিষ্ট পোর্টালে প্রতি চালানের শুল্ক ও পণ্যের পরিমাণ, আমদানিকারকের নাম-ঠিকানাসহ সব ধরনের তথ্য ছয় বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখবে। এমনকি আমদানিকারকদের অতীত কার্যক্রমও সংরক্ষিত থাকবে। কোনো আমদানিকারক অতীতে মিথ্যা তথ্য কিংবা শুল্ক ফাঁকি দিয়ে থাকলে তার বিপরীতে বিশেষ টীকা থাকবে বলে শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে।
জানা গেছে, পণ্যবাহী জাহাজ বন্দরে নোঙর করার পর থেকে শুল্কায়নসহ খালাস পর্যন্ত একটি নির্দিষ্ট সময় বেঁধে দিতে চায় শুল্ক কর্তৃপক্ষ। খসড়া আইনে নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ না থাকলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, জাহাজ থেকে পণ্য নামিয়ে শুল্কায়ন পর্যন্ত ১০ দিন সময় দেওয়ার সুপারিশ করেছে শুল্ক বিভাগ। আর শুল্কায়ন প্রক্রিয়ার পর বন্দর ইয়ার্ড থেকে পণ্য খালাস পর্যন্ত আরও ১০ দিন সময় দিতে চায় শুল্ক বিভাগ।
এনবিআর সূত্রে জানা গেছে, আগামী মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত অংশীদারদের মতামত নিয়ে চূড়ান্ত খসড়া তৈরি করা হবে। এরপর তা অনুমোদনের জন্য জাতীয় সংসদের আগামী বাজেট অধিবেশনে উপস্থাপন করা হবে। পাস হলে পর্যায়ক্রমে সংশোধিত আইনটি বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, ২০১২ সালের সেপ্টেম্বর মাসে ওয়ার্ল্ড কাস্টমস ইউনিয়নের (ডব্লিউসিও) সংশোধিত কিয়োটো কনভেনশনে স্বাক্ষর করে বাংলাদেশ। সে সময় স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুল্কায়ন প্রক্রিয়া চালুসহ শুল্ক আইন যুগোপযোগী করার জন্য বাংলাদেশসহ স্বাক্ষরকারী দেশগুলোকে ২০১৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এর অংশ হিসেবে শুল্ক আইন সংশোধন করা হচ্ছে।