দেখে-শুনে ফ্ল্যাট কিনুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আরিফুর রহমান  সিইও, অ্যাসুরেন্স
মো. আরিফুর রহমান সিইও, অ্যাসুরেন্স

রিহ্যাবের এবারের মেলায় অ্যাসুরেন্স ডেভেলপমেন্টস রাজধানীর মোহাম্মদপুরে ক্রেতাদের ৭০ লাখ টাকায় ১ হাজার ১০০ বর্গফুট আয়তনের তৈরি ফ্ল্যাট দিচ্ছে। সঙ্গে রয়েছে ব্যায়ামাগার, খেলার মাঠ ও পার্কের সুবিধা।
বিশেষ অফারে ফ্ল্যাট বিক্রির এই তথ্য জানালেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুর রহমান। তিনি গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘আবাসন খাতের মোট ক্রেতার মধ্যে ১০ শতাংশ উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত ২০ শতাংশ। বাকি ৭০ শতাংশই হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত। তাদের কথা চিন্তা করেই আমরা ফ্ল্যাট কেনার এই সুবিধা দিচ্ছি।’
অবশ্য ৭০ লাখ টাকায় ফ্ল্যাট কেনা মধ্যবিত্তের সাধ্যের বাইরে কিনা জানতে চাইলে আরিফুর রহমান বলেন, ‘হয়তো একটু বেশি।’ তিনি বলেন, ‘অধিকাংশ ক্রেতারই অভিযোগ দাম বেশি। তাঁরা মনে করছেন দাম আরও কমবে। তবে এর নিচে নামার কোনো সুযোগ আপাতত নেই। মান ও সেবায় কোনো ছাড় না দিয়ে আমরা প্রতিযোগিতামূলক দামে ফ্ল্যাট বিক্রির চেষ্টা করছি।’
ক্রেতাদের উদ্দেশে আরিফুর রহমান বলেন, দেখে-শুনে ফ্ল্যাট কিনুন। দাম কম হলেই হুট করে কিনবেন না। ফ্ল্যাট কেনার আগে প্রতিষ্ঠানের ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার সুনাম, সেবা ও বিক্রয়-পরবর্তী ব্যবস্থাপনার বিষয়টি ভালো করে বুঝে নিন।
অ্যাসুরেন্সের শীর্ষ নির্বাহী আরও বলেন, জমির দাম অনেক বেশি। তা ছাড়া জমির মালিক ও প্রতিষ্ঠানের ফ্ল্যাটের অংশীদারত্ব ৫০: ৫০ হওয়ায় দাম কমানো যাচ্ছে না। তবে সরকার যে দামে কেনে সেই দামে যদি আবাসন প্রতিষ্ঠানকে জমি দেয়, তবে ফ্ল্যাটের দাম কমানো সম্ভব।