উত্থানে শুরু, পতনে শেষ শেয়ারবাজারের লেনদেন
দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চললেও নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে আজ মঙ্গলবার দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই বাজারেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। ডিএসইতে লেনদেন সামান্য কমলেও সিএসইতে সামান্য বেড়েছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঈদুল ফিতর সামনে রেখে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে গেছে। ফলে বাজারে লেনদেনও কমে গেছে। কেননা, এখন শেয়ার বিক্রি করলে সেই টাকা ঈদের আগে তোলা সম্ভব হবে না। তাই বিনিয়োগকারীরা খুব বেশি লেনদেনে সক্রিয় হচ্ছেন না।
ডিএসই সূত্রে জানা যায়, আজ লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩,৯৫৭ পয়েন্টে। এর আগে বেলা ১১টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ২০ মিনিটের মাথায় সূচক ৪৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমতে শুরু করে। শেষ পর্যন্ত নিম্নমুখী থাকে সূচক।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৬টির দাম কমেছে, বেড়েছে ৭৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৩৪৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৩৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল টেলিযোগাযোগ খাতের কোম্পানি বিএসসিসিএল। প্রতিষ্ঠানটির ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, গ্রামীণফোন, যমুনা অয়েল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউসিবিএল, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, বিএসসি প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। তবে লেনদেন কিছুটা বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ২৯৯ পয়েন্টে।
সিএসইতে লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩২টির দাম কমেছে, বেড়েছে ৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই বাজারে ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা বেশি। গতকাল সিএসইতে ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।