দেড় হাজার কোটি টাকা ছাড়াল কর আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী​র বেইলি রোডের অফিসার্স ক্লাবে সপ্তাহব্যাপী আয়কর মেলার ষষ্ঠ দিনে গতকাল সোমবারও করদাতাদের ভিড় ছিল লক্ষণীয় l ছবি: প্রথম আলো
রাজধানী​র বেইলি রোডের অফিসার্স ক্লাবে সপ্তাহব্যাপী আয়কর মেলার ষষ্ঠ দিনে গতকাল সোমবারও করদাতাদের ভিড় ছিল লক্ষণীয় l ছবি: প্রথম আলো

সারা দেশে অনুষ্ঠিত আয়কর মেলা থেকে রাজস্ব আদায় দেড় হাজার কোটি টাকা ছাড়াল। গতকাল সোমবার পর্যন্ত প্রথম ছয় দিনে মোট আয়কর আদায় হয়েছে ১ হাজার ৬৪০ কোটি টাকা। গতবার মেলা থেকে ১ হাজার ৬৭৫ কোটি টাকা কর আদায় হয়েছিল। মেলার এক দিন বাকি থাকতেই গতবারের প্রায় কাছাকাছি রাজস্ব আদায় হলো। আজ মেলার শেষ দিন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত কর মেলায় ১ লাখ ২২ হাজার ৮৫৫টি বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা পড়েছে। গত বছর প্রথম ছয় দিনে ১ লাখ ১৪ হাজার ৭৭০ জন রিটার্ন জমা দিয়েছিলেন।
অন্যদিকে এ বছর এ পর্যন্ত সাড়ে ছয় লাখ ব্যক্তি মেলায় এসেছেন। গত বছর একই সময়ে এ সংখ্যা ছিল সাড়ে পাঁচ লাখ।
গতকাল সোমবার এক দিনে ২৪ হাজার ৭৪৯ জন করদাতা রিটার্ন জমা দিয়ে ৩০২ কোটি টাকা কর দিয়েছেন। বৃষ্টি উপেক্ষা করেই গতকাল ১ লাখ ১৫ হাজার ৪৩০ জন মেলায় এসেছেন।
উল্লেখ্য, ১৬ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে সাতটি বিভাগীয় শহর সাত দিন, সব জেলায় চার দিন ও ৮৬টি উপজেলায় এক থেকে দুই দিন কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। কর মেলায় ইটিআইএন নিবন্ধন, আয়কর বিবরণী জমা ও পূরণে সহায়তাসহ সব ধরনের আয়কর সেবা দেওয়া হচ্ছে। আর কর পরিশোধের জন্য ব্যাংক বুথও রয়েছে।
দেশের সবচেয়ে বড় কর মেলা হচ্ছে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে। এদিকে গতকাল বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মেলা পরিদর্শনে আসেন। বিভিন্ন বুথ তিনি ঘুরে দেখেন। এ সময় অর্থমন্ত্রীর সঙ্গে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া গতকাল বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে এনবিআর।
উল্লেখ্য, ২০১০ সালে ঢাকা ও চট্টগ্রামে প্রথম কর মেলা অনুষ্ঠিত হয়। এরপর থেকে প্রতিবছরই মেলা আয়োজন করছে এনবিআর। প্রতিবছরই মেলার পরিধি বাড়ছে। এ বছরই প্রথম উপজেলা পর্যায়ে মেলা অনুষ্ঠিত হচ্ছে।