দেড় হাজার কোটি টাকায় ছয়টি জাহাজ কিনবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জন্য ছয়টি নতুন জাহাজ কিনবে সরকার। এতে ব্যয় হবে ১৮ কোটি ৪৫ লাখ ডলার বা ১ হাজার ৪৩৯ কোটি টাকা।
সচিবালয়ে গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে আরও ১২টি প্রস্তাব অনুমোদন দেয় ক্রয় কমিটি। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
মোস্তাফিজুর রহমান জানান, বৈঠকে ‘অভ্যন্তরীণ নৌপথের ৫৩টি রুটে ক্যাপিটাল ড্রেজিং (প্রথম পর্যায়: ২৪টি নৌপথ)’ শীর্ষক প্রকল্পের আওতায় দুটি প্রস্তাব অনুমোদন করা হয়। এর একটি রুট হচ্ছে খুলনা-গাজীরহাট-বরদিয়া-মানিকধা, অন্যটি দিলালপুর-ঘোড়াদীঘা-চামড়াঘাট-নিকলী-নেত্রকোনা। এক লাখ টন ধারণ ক্ষমতাসম্পন্ন নতুন খাদ্যগুদাম নির্মাণ প্রকল্পের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাবও অনুমোদিত হয় বৈঠকে।
অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে পল্লি বিদ্যুৎ বিতরণব্যবস্থার আধুনিকায়নে লাইন-হার্ডওয়্যার ও ইনস্যুলেটর ক্রয়; টার্নকি ভিত্তিতে কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের ইউনিট ১ ও ২-এর পুনর্বাসন, স্পিলওয়ে ও ফোর-বে চ্যানেল কাজের ক্রয় প্রস্তাব; জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন ‘ঢাকা-চট্টগ্রাম রেলপথ উন্নয়ন প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের অতিরিক্ত কাজের অনুমোদন; তিনতলা ফাউন্ডেশন-বিশিষ্ট খুলনা রেলওয়ে স্টেশন ভবন নির্মাণের ঠিকাদার নিয়োগ; ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় মাঝগ্রাম-পাবনা সেকশনের শূন্য থেকে ২৫ কিলোমিটার এলাকায় প্যাকেজ ডব্লিউডি ৫-এর কনস্ট্রাকশন, ইনস্টলেশন ও অন্যান্য আনুষঙ্গিক কাজের ঠিকাদার নিয়োগ। অন্যগুলো হচ্ছে—‘ঢাকা পরিবেশবান্ধব দীর্ঘমেয়াদি পানি সরবরাহ’ প্রকল্পের সরবরাহ নেটওয়ার্কের উন্নয়নে ‘ম্যানেজমেন্ট অ্যান্ড সুপারভিশন কনসালট্যান্ট’ নিয়োগ ও একই প্রকল্পের আওতায় সরবরাহ নেটওয়ার্কের উন্নয়নে রক্ষণাবেক্ষণ, পরিচালন, বিতরণ এবং সেবা অঞ্চল ৬-এর কাজের ঠিকাদার নিয়োগ এবং কোস্টগার্ডের জন্য ইতালির নৌবাহিনী থেকে চারটি জাহাজ কেনার প্রস্তাব।
কালিয়াকৈরে ন্যাশনাল ডেটা সেন্টার স্থাপনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে ১৫ কোটি ডলারের চুক্তির প্রস্তাব বৈঠকে অনুমোদিত হয়নি। আর সরকারি পর্যায়ে চুক্তির মাধ্যমে মালয়েশিয়া সরকারের সহায়তায় ‘ডিজাইন-বিল্ড-ট্রান্সফার’ পদ্ধতিতে রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের বি ও সি ব্লকে ১০০টি অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ের পরীক্ষা-নিরীক্ষার জন্য ফেরত পাঠানো হয়েছে।