দেনার দায়ে বিপাকে জিইএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের ট্রান্সফরমার প্রস্তুতকারী দেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানির (জিইএম) দেনার পরিমাণ প্রতিবছরই বাড়ছে। বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকসহ বিভিন্ন পাওনা ২১৫ কোটি টাকা হলেও নিজস্ব পুঁজি নেই। তাই ব্যাংকের টাকায় ট্রান্সফরমার উৎপাদন হয়, আর ব্যাংকের ঋণ ও কিস্তিসহ অন্যান্য দায়দেনা শোধ করতেই সব অর্থ ব্যয় হয়।কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, প্রতিষ্ঠানটি বাঁচিয়ে রাখতে হলে সরকারকে এখনই ব্যাংক ও অন্যান্য দায়দেনা পরিশোধের পর আরও ১০০ কোটি টাকা চলতি মূলধন হিসাবে জোগান দিতে হবে। জিইএম কোম্পানি সূত্রে জানা যায়, গত অর্থবছরে এখানে ৫৫ কোটি টাকার ট্রান্সফরমার উৎপাদন করা হয়। এর প্রায় সব কটিই সরবরাহ করা হয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), ডেসকো, ডিপিডিসি ও ওয়েস্ট জোন পাওয়ার ডেভেলপমেন্টে। এর আগে বিভিন্ন সময়ে বেসরকারি প্রতিষ্ঠান থেকে কেনা ট্রান্সফরমারগুলো নিম্নমানের প্রমাণিত হওয়ায় বিদ্যুৎ বিভাগ শুধু জিইএম প্ল্যান্ট থেকেই ট্রান্সফরমার কেনার সিদ্ধান্ত নেয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার হালদার প্রথম আলোকে বলেন, এখন প্রায় ২৫০ কোটি টাকা ব্যয় হবে ব্যাংকের দায়দেনা শোধ করতে। জানা যায়, নগরের পতেঙ্গা এলাকায় ১২২ একর জমির ওপর জিইএম কোম্পানি অবস্থিত। ১৯৮০ সাল থেকে উৎপাদন শুরু হয়। দেশের বিদ্যুৎ খাতকে শক্তিশালী করতে ভারী শিল্প স্থাপনের অংশ হিসেবে এই কারখানাটি চালু হয়। তবে শুরু থেকেই ব্যাংকঋণ নিয়েই জিইএম কোম্পানি উৎপাদনে যাওয়ায় চলতি মূলধনের ভিত্তি শক্ত হয়নি। সূত্র জানায়, আশির দশকের প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিএমটিএফ (বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি) ও জিইএম প্ল্যান্ট ছিল এ দেশের সবচেয়ে আধুনিক প্রতিষ্ঠান। প্রাথমিক পর্যায়ে জিইএম কোম্পানির বার্ষিক লেনদেনের পরিমাণ ধরা হয়েছিল ৪৭ কোটি টাকা। কিন্তু বাস্তবে দেখা যায়, পুঁজির অভাবে বছরে ১০ কোটি টাকাও হয় না। কারখানার শুরুতে জনবল নিয়োগ দেওয়া হয়েছিল এক হাজার। কিন্তু তা ক্রমে কমিয়ে ৪০০ জনে নামিয়ে আনা হয়েছে।ব্যাংকঋণের বোঝা: একাধিক ব্যাংক থেকে ঋণ নিয়ে কারখানাটি চালুর পর কেবল দায়দেনা বাড়তে থাকে। এর মধ্যে ১৯৯৬ সালে জনতা ব্যাংক আর টাকা দিতে অস্বীকৃতি জানায়। বরং ১৮ কোটি টাকার সিসি ঋণ পরিশোধ না করার কারণে জিইএম কোম্পানিকে শ্রেণীকৃত (ক্লাসিফাইড) ঘোষণা করে জনতা ব্যাংক। আর ২০০৩ সালে মামলা করলে জিইএম প্ল্যান্ট নিলামে ওঠে। এ অবস্থায় অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এবং ব্যাংক কর্তৃপক্ষ বৈঠক করে সিদ্ধান্ত নেয় যে জিইএম কোম্পানি ২৮ কোটি ১১ লাখ টাকা পরিশোধ করবে। প্রতি ছয় মাসে দুই কোটি টাকার কিস্তি জমা দেবে। ওই সিদ্ধান্তের শর্তানুযায়ী এককালীন এক কোটি ৮১ কোটি টাকা পরিশোধ করা হয়। ব্যাংকের কিস্তির অর্থ সংগ্রহের জন্য কোম্পানির অনেক অব্যবহূত যন্ত্রপাতিও বিক্রি করে দেওয়া হয়। তার পরও বকেয়া থেকে যায় ২৭ কোটি টাকা। অবশিষ্ট টাকা কিস্তিতে পরিশোধ করার কথা থাকলেও মাত্র ৪০ লাখ টাকা দেয় জিইএম। এরপর টানা তিনটি কিস্তির টাকা বকেয়া থেকে যায়। ফলে ২০০৯ সালের ১ আগস্ট জিইএম কোম্পানিকে পুনরায় নিলামে তুলতে চায় ব্যাংক। তখন আবারও ব্যাংক কর্তৃপক্ষ ও বিএসইসির কর্মকর্তারা বৈঠকে বসেন। তখন তিন মাস পরপর এক কোটি ৬৬ লাখ টাকার কিস্তি পরিশোধের মাধ্যমে পুরো ঋণ পরিশোধের ব্যাপারে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা হয়। কোম্পানির মহাব্যবস্থাপক (উৎপাদন ও বাণিজ্য) মো. ইলিয়াস মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা অনিয়মিত কিস্তির মাধ্যমে এ ঋণ পরিশোধ করছি। বর্তমানে জনতা ব্যাংকের পাওনা ১৯ কোটি টাকায় নেমে এসেছে। তবে রূপালীসহ একাধিক সরকারি ব্যাংকও আমাদের কাছে পাওনা রয়েছে।’উৎপাদনের চিত্র: জিইএম কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব বলেন, বর্তমানে জিইএম কোম্পানির তৈরি ট্রান্সফরমারের প্রচুর ফরমাশ আছে। কিন্তু অর্থের অভাবে কাজ করা যাচ্ছে না। কারখানা চালু রাখার জন্য দরপত্রের মাধ্যমে তামা, তার, সিলিকন স্টিল ও তেলের মতো কাঁচামাল দরপত্রের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করা হয়।