দেবীগঞ্জে আলুচাষিদের মধ্যে ঋণ বিতরণ
পঞ্চগড় জেলার দেবীগঞ্জে গতকাল রোববার বোম্বে এগ্রো লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ আলুচাষিদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ও সাংসদ মো. আবদুল জলিল। আলুচাষি, কোম্পানি ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের প্রগতি সরণি শাখা আলুচাষিদের এই ঋণ-সহায়তা দিচ্ছে। অনুষ্ঠানে ১৬১ জন আলুচাষির মধ্যে দুই কোটি ১১ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে দেবীগঞ্জে বোম্বে এগ্রো লিমিটেডের অফিস চত্বরে গতকাল বিকেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলুচাষি বিনয় কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহীদুল হক, বোম্বে এগ্রো লিমিটেডের পরামর্শক ও সাবেক সচিব নূরুজ্জামান ভূঁইয়া, প্রধান বিপণন কর্মকর্তা ডিডি ঘোষাল, হল্যান্ডের আলু বিজ্ঞানী ফ্রিস্ট ওয়েকেম্যান, মার্কেন্টাইল ব্যাংকের কৃষিঋণ বিভাগের প্রধান লিয়াকত রশিদ চন্দন, নীলফামারী চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ সরকার, দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু জাফর বক্তব্য দেন। বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক করিম শের আলী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।