দেরি করবে না তিন অপারেটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরঙ্গ নিলাম শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ (মাঝে)। গতকাল রাজধানীর ঢাকা ক্লাবে।  ছবি: প্রথম আলো
তরঙ্গ নিলাম শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ (মাঝে)। গতকাল রাজধানীর ঢাকা ক্লাবে। ছবি: প্রথম আলো
  • নতুন সেবা নিতে গ্রাহকের সিম বদলানোর পরামর্শ। 
  • সেবার মান নিশ্চিত করতে নতুন করে বিনিয়োগ করবে অপারেটররা। 
  • ফোর-জি চালুর প্রস্তুতিতে অনেকটাই পিছিয়ে সরকারের মালিকানাধীন টেলিটক।

বেসরকারি অপারেটররা এগিয়ে থাকলেও ফোর–জি চালুর প্রস্তুতিতে অনেকটাই পিছিয়ে আছে সরকারের মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক। একাধিক সূত্রে জানা গেছে, ফোর-জি সেবা চালুর নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনো ঠিক করতে পারেনি টেলিটক।

বিটিআরসির তরঙ্গ নিলামের পরে ফোর-জি নিয়ে নিজেদের প্রস্তুতি জানাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলন করে গ্রামীণফোন। সেখানে জানানো হয়, গ্রাহককে সবচেয়ে ভালো মানের ফোর-জি সেবা দিতে ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ৫ মেগাহার্টজ নতুন তরঙ্গ কেনা হয়েছে। এতে গ্রামীণফোনের মোট তরঙ্গের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ মেগাহার্টজ, যা সব অপারেটরের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া ৯০০ ও ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডে মোট ২২ মেগাহার্টজ তরঙ্গ প্রযুক্তি নিরপেক্ষ করা হয়েছে। এর ফলে গ্রাহকেরা ইন্টারনেটে নিরবচ্ছিন্ন এইচডি (হাই ডেফিনেশন) প্রযুক্তির ভিডিও কল, অনলাইনে সরাসরি টেলিভিশন দেখা ও দ্রুতগতিতে যেকোনো ফাইল ডাউনলোড করতে পারবেন। আগ্রহী গ্রাহকদের যত দ্রুত সম্ভব পুরোনো সিম কার্ড বদলে ফোর-জি উপযোগী সিম নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ফোলি বলেন, তরঙ্গ নিলামের মাধ্যমে সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে গেল। দেশে সফলভাবে ফোর-জির বিস্তার ও এর ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করতে সরকার যৌক্তিক নীতি গ্রহণ করবে। গ্রাহককে সর্বোচ্চ মানের ফোর-জি সেবা দিতে কোনো ছাড় দেওয়া হবে না। এ জন্য নেটওয়ার্ক ও অবকাঠামো উন্নয়নে বড় ধরনের বিনিয়োগ পরিকল্পনা রয়েছে।

গ্রাহকসংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা রবি জানিয়েছে, গত বছরের ডিসেম্বর থেকেই ফোর-জি সেবা দেওয়ার জন্য অপারেটরটি প্রস্তুত। অপারেটরটির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, লাইসেন্স পাওয়ার পরপরই অন্য অপারেটরদের চেয়ে বেশি শহরে ফোর-জি চালু করবে রবি। বিভিন্ন ব্যান্ডে যে পরিমাণ তরঙ্গ এখন আছে, তা দিয়ে মানসম্মত সেবায় রবি সবচেয়ে এগিয়ে থাকবে। তাঁর মতে, ফোর-জি সেবার বিস্তারে এ প্রযুক্তি উপযোগী স্মার্টফোন একটি বড় বাধা। ফোর-জি স্মার্টফোনের ব্যবহার যত বাড়বে, এ সেবা ততই সহজলভ্য হবে।

তিনটি ব্যান্ড মিলিয়ে বর্তমানে রবির হাতে মোট তরঙ্গ রয়েছে ৩৬ দশমিক ৪ মেগাহার্টজ। গতকালের নিলামে অংশ না নিলেও তরঙ্গ ব্যবহারে প্রযুক্তি নিরপেক্ষতার জন্য সবার আগে আবেদন করেছে অপারেটরটি। এ জন্য বিটিআরসিকে ৩৭১ কোটি টাকা দিয়েছে রবি।

ফোর-জি নিয়ে নিজেদের প্রস্তুতি জানাতে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে আরেক অপারেটর বাংলালিংক। এতে বক্তব্য দেন বাংলালিংকের সিইও এরিক অস ও প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা তাইমুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকালের তরঙ্গ নিলামে নতুন কেনা ১০ দশমিক ৬ মেগাহার্টজ তরঙ্গ যোগ হলে অপারেটরটির তরঙ্গের পরিমাণ দাঁড়াবে ৩০ দশমিক ৬ মেগাহার্টজ। এতে বাংলালিংকের সেবার মান অনেকটাই উন্নত হবে। ফোর-জির জন্য সবচেয়ে উপযোগী ব্যান্ড ১ হাজার ৮০০ মেগাহার্টজে ১৫ মেগাহার্টজ তরঙ্গ দিয়ে গ্রাহকদের উচ্চমানের সেবা দেওয়া সম্ভব হবে।

বাংলালিংকের সিইও এরিক অস বলেন, ৩ কোটির বেশি গ্রাহককে সেবা দেওয়ার জন্য যে তরঙ্গ কেনা হয়েছে, তা যথেষ্ট। তরঙ্গ কেনাসহ নেটওয়ার্ক উন্নয়নে আগামী তিন বছরে ৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। এক প্রশ্নের জবাবে এরিক অস বলেন, ফোর-জি ইন্টারনেটের খরচ খুব বেশি হবে না। এর দাম এমনভাবে ঠিক করা হবে, যাতে গ্রাহকেরা খুশি থাকেন।

ফোর-জির প্রস্তুতি নিয়ে টেলিটকের আনুষ্ঠানিক বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. গোলাম কুদ্দুসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।