দেরিতে লেনদেন শুরুর ব্যাখ্যা চেয়েছে এসইসি
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বুধবার ও আজ রোববার এক ঘণ্টা দেরিতে লেনদেন শুরু হয়। কারিগরি সমস্যার কারণে এক ঘণ্টা পর লেনদেন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে ডিএসইর পক্ষ থেকে দাবি করা হয়। তবে দেরিতে লেনদেন শুরুর কারণ জানতে চেয়ে ডিএসইকে চিঠি পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।আজ রোববার বিকেলে এসইসির উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি ডিএসইকে পাঠানো হয়েছে বলে জানা গেছে।এসইসির ওই চিঠিতে বলা হয়, ‘এসইসি লক্ষ করে যে, ডিএসইর লেনদেন ব্যবস্থা (ট্রেডিং সিস্টেম) নিয়ন্ত্রণহীনভাবে চলছে। বিশেষ করে এই নতুন সমস্যা বাজারের মূলধনের ওপর প্রভাব ফেলছে।’চিঠিতে আরও বলা হয়, ডিএসইতে রোববারসহ একাধিকবার কারিগরি ত্রুটির কারণে লেনদেন পেছানোর মত ঘটনা ঘটে। কিন্তু এ বিষয়টি লেনদেন শুরুর আগে নিয়ন্ত্রক সংস্থা এসইসিকে অবহিত করা হয়নি, যা এসইসির কাছে অপ্রত্যাশিত বলে মনে হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ধারা ৬(৩) মোতাবেক কারিগরি ত্রুটির বিষয়ে ব্যাখ্যা চেয়েছে এসইসি। এ চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে বিষয়টি এসইসিকে অবহিত করতে বলা হয়েছে।লেনদেন পেছানোর কারণ জানতে চেয়ে এসইসির পাঠানো চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম হোসেন। তিনি জানান, এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। নিয়ন্ত্রক সংস্থা হিসাবে এসইসি যে কোনো বিষয় জানতে পারে।এদিকে ডিএসইর পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। ডিএসইর জনসংযোগ বিভাগ থেকে পাঠানো ওই ব্যাখ্যায় বলা হয়, গত বুধবার নতুন একটি কোম্পানি লেনদেন শুরুর ক্ষেত্রে বিভিন্ন ব্রোকারেজ হাউসে কিছু কারিগরি সমস্যা দেখা দেয়। বিষয়টি সফট্ওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানকে জানানো হয়। আজও একই সমস্যা দেখা দেয়। ডিএসইর নিজস্ব কারিগরি দল সমস্যা সমাধান করতে সক্ষম হন। এ ছাড়া সফট্ওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান চেনজিং সলিউশনস লিমিটেডও সমস্যা সমাধান করতে সক্ষম হয়। এক্ষেত্রে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।