দেশ থেকে কেন টাকা পাচার হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ থেকে বিদেশে টাকা পাচার হওয়ার তিনটি বড় কারণের কথা বলেছেন দেশের ব্যবসায়ীরা। এগুলো হলো রাজনৈতিক অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা এবং দুর্নীতি।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) তৈরি করা এক তাৎক্ষণিক মূল্যায়ন জরিপে এমন মতই দিয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল বুধবার বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদন ২০১৫-এর সঙ্গে এটিও করে সিপিডি। এবারের জরিপে অংশ নিয়েছেন ৫৬ জন ব্যবসায়ী, যাঁদের সম্পদের পরিমাণ ১০ কোটি টাকার ওপরে।
জরিপে এবারই প্রথম অর্থ পাচারের বিষয়ে একটি প্রশ্ন যুক্ত করা হয় এবং ব্যবসায়ীদের কাছে জানতে চাওয়া হয় কেন এ দেশ থেকে টাকা পাচার হয়। তার জবাবে ব্যবসায়ীদের ২২ শতাংশ বলেছে রাজনৈতিক অস্থিতিশীলতার কথা, ১৫ শতাংশ বলেছে নিরাপত্তাহীনতার কথা এবং ১২ শতাংশ বলেছে দুর্নীতির কারণে টাকা পাচার হয়।
টাকা পাচারের আরও ১২টি কারণও চিহ্নিত করেছেন জরিপে অংশ নেওয়া ব্যবসায়ীরা। এর মধ্যে আছে, কালোটাকা লুকিয়ে রাখা, কর ফাঁকি দেওয়া, দেশে বিনিয়োগের পরিবেশ না থাকা, যথাযথ অবকাঠামো না থাকা, স্বাস্থ্যসেবা, সুশাসনের অভাব, দীর্ঘদিনের পুরোনো আইন ও বিধিমালা, মূল্যস্ফীতি, দুর্বল শেয়ারবাজার, সহিংসতা, সরকারি প্রতিষ্ঠানগুলোর দুর্বল তদারকি এবং শিল্পের প্রবৃদ্ধি কম হওয়ার কারণেই টাকা পাচার হয়।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স (জিএফআই) ‘ইলিসিট ফিন্যান্সিয়াল ফ্লোস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ: ২০০৩-১২’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত ১০ বছরে ১ হাজার ৩১৬ কোটি ডলার অবৈধভাবে বাংলাদেশের বাইরে চলে গেছে।
এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ পাচার হয় ২০০৬ সালে, ২৬৬ কোটি ৭০ লাখ ডলার। ২০০৭ সালে অবৈধ উপায়ে দেশের বাইরে চলে যায়
২৪৩ কোটি ৬০ লাখ ডলার। ২০১২ সালে অর্থ পাচার হয়েছিল ১৭৮ কোটি ডলার। আর ২০১১ সালে অবৈধ উপায়ে দেশের বাইরে চলে যায় ৫৯ কোটি ৩০ লাখ ডলার।

প্রধান ছয়টি কারণ

  • রাজনৈতিক অস্থিরতা
  • নিরাপত্তাহীনতা
  • দুর্নীতি
  • বিনিয়োগের সুযোগ কম
  • কালো টাকা
  • কর এড়ানো

এ ছাড়া দেশ থেকে অর্থ পাচারে আরও ৯টি কারণ রয়েছে