
বাংলাদেশ নিয়ে আমি আশাবাদী, কিন্তু শঙ্কারও যথেষ্ট কারণ রয়েছে। একটি দেশকে ‘ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে গড়ে উঠতে হলে দুটি বিষয় থাকা খুব জরুরি। একটি হলো আমদানি-রপ্তানি বাণিজ্যের অবাধ সুযোগ, অন্যটি বিনিয়োগের সঠিক পরিবেশ। সিঙ্গাপুরে বলতে গেলে কিছুই নাই, শুধু বন্দরকে কাজে লাগিয়ে তারা উন্নতি করেছে। বিপরীতে বাংলাদেশের বন্দর অবকাঠামোর অবস্থা করুণ, বন্দর নগরী চট্টগ্রাম পানির নিচে, রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ। বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেসসহ বিনিয়োগ অবকাঠামো-বিষয়ক সব প্রতিবেদন ও সূচকে বাংলাদেশের অবস্থান তলানির দিকে। উৎপাদনকেন্দ্র হতে হলে বিনিয়োগ পরিবেশে আস্থার সংকট দূর করতে হবে। আস্থার পরিবেশ না থাকায় বড় ধরনের বিদেশি বিনিয়োগ আসছে না। বহুজাতিক কোম্পানির ‘ফ্ল্যাগশিপ’ কোনো বিনিয়োগ প্রকল্পও এখানে নেই। ১৯৯০-এর দিকে রপ্তানিতে ভিয়েতনাম বাংলাদেশের পেছনে ছিল। এখন তাদের রপ্তানি ১৭৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ইলেকট্রনিকসসহ উচ্চপ্রযুক্তির পণ্য এখন তারা রপ্তানি করছে। আর বাংলাদেশ এখনো তৈরি পোশাকের মতো প্রাথমিক রপ্তানি পণ্য নিয়ে পড়ে আছে। সব দেশ এটি দিয়েই শুরু করে, তারপর ধীরে উচ্চপ্রযুক্তিতে যায়। সময়মতো সুযোগ কাজে লাগাতে না পারলে পরে গিয়ে আফসোস করে কোনো লাভ নেই।
নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট